মিশেলকে 'হিল পরা বানর' বলা মেয়রের পদত্যাগ

সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা সম্পর্কে আপত্তিকর মন্তব্য পোস্ট করার পর নিন্দার মুখে পদত্যাগ করেছেন ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ক্লে টাউনের মেয়র বেভারলি ওয়ালিং।
আজ বুধবার বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিকেলে এক বৈঠকে ক্লে টাউন কাউন্সিল মেয়র বেভারলি ওয়ালিংয়ের পদত্যাগপত্র গ্রহণ করে। ওয়ালিংয়ের মেয়াদের বাকি সময়ের জন্য দ্রুত নতুন মেয়রের নাম ঘোষণা করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা সম্পর্কে আপত্তিকর মন্তব্য পোস্ট করায় যুক্তরাষ্ট্রে দুজন কর্মকর্তাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। তাঁদের বর্ণবাদী মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ওই দুই কর্মকর্তা হচ্ছেন ওয়েস্ট ভার্জিনিয়ার একটি উন্নয়ন প্রতিষ্ঠানের পরিচালক ও একজন মেয়র।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওয়েস্ট ভার্জিনিয়ার ক্লে কাউন্টি ডেভেলপমেন্ট করপোরেশনের পরিচালক পামেলা র্যামজে টেইলর এক পোস্টে মন্তব্য করেন, ‘অবশেষে হোয়াইট হাউসে একজন সুন্দরী, মর্যাদাবান ও রুচিশীল ফার্স্ট লেডিকে দেখতে পাব। এটা দারুণ আনন্দের। সেখানে হিল পরা এক বানরকে দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি।’ ক্লে এলাকার মেয়র বেভারলি ওয়ালিং ওই পোস্টে মন্তব্য করেন, ‘আমাদের দিনটাকে আনন্দময় করে দিলেন।’
তাঁদের এই পোস্ট ও মন্তব্য প্রথমে নজরে পড়ে ডব্লিউএসএসজেড-টিভির। তারা এ নিয়ে প্রতিবেদন করে। পরে অবশ্য পোস্টটি সরিয়ে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে তা ছড়িয়ে পড়ে এবং ফেসবুকে কয়েক শ বার শেয়ার হয়। এ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপরই পদত্যাগ করলেন ওয়ালিং। টেইলরকেও এরই মধ্যে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিবিসি জানায়, ক্লে টাউনের বাসিন্দা মাত্র ৪৯১ জন। ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী, শহরটিতে আফ্রিকান বংশোদ্ভূত কোনো আমেরিকান বাস করে না। আর ক্লে কাউন্টিতে মোট নয় হাজার বাসিন্দার ৯৮ শতাংশের বেশি শ্বেতাঙ্গ।