
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবার ফার্স্ট লেডি মিশেল ওবামাকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে প্রচার চালাচ্ছেন মিশেল। সে কারণেই ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। বলেছেন, হিলারির পক্ষে বলা ছাড়া মিশেলের আর কোনো কাজ নেই।
ট্রাম্পের অভিযোগ, ফার্স্ট লেডি মিশেল ২০০৭ সালে হিলারিকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন। বলেছিলেন, হিলারির নাকি হোয়াইট হাউস চালানোর মতো শারীরিক সুস্থতা নেই।
হিলারি ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন চেয়ে প্রচার চালিয়েছিলেন। পরে বারাক ওবামাই দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে জয়ী হন। ওবামার সেই সময়ের প্রচারাভিযানের সদস্যরা বলেছেন, মিশেলের যে বক্তব্য নিয়ে ট্রাম্প অভিযোগ করেছেন, তা হিলারির উদ্দেশে ছিল না।
এবারের নির্বাচনের আগে হিলারির সঙ্গে তৃতীয় বিতর্কে ট্রাম্প হুমকি দিয়েছেন, নির্বাচনের ফলাফল তিনি মেনে নিতে না-ও পারেন।
ট্রাম্পের এ বক্তব্যকে গণতন্ত্রের জন্য হুমকি আখ্যা দিয়েছেন হিলারি। তিনি ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে এক জনসভায় বলেন, ‘নেতৃত্ব ও একনায়কতন্ত্রের তফাত আমরা জানি। আর যে কয়েকটা বিষয়ের জন্য আমরা অন্যদের চেয়ে আলাদা, সেসবের মধ্যে ক্ষমতার শান্তিপূর্ণ পরিবর্তনও একটি। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফলের প্রতি সম্মান দেখাবেন কি না বলতে রাজি হননি। এর মাধ্যমে তিনি আমাদের গণতন্ত্রকেই হুমকি দিচ্ছেন।’
আর ট্রাম্প নর্থ ক্যারোলাইনায় এক জনসভায় বলেন, ‘আমি দেখতে পাই মিশেল কতটা পছন্দ করেন হিলারিকে। কিন্তু তাঁকে উদ্দেশ করে একসময় মিশেলই কি বলেননি যে “আপনি যদি সংসার সামলাতে না পারেন, হোয়াইট হাউস বা দেশের দেখভালও করতে পারবেন না”?’ ট্রাম্প আরও বলেন, ‘কোথায় গেল সেই কথা? এখন তো আর শুনি না।’
২০০৭ সালে স্বামী বারাক ওবামার পক্ষে প্রচার কার্যক্রমে মিশেল ওই মন্তব্য করেছিলেন। মিশেলের ওই মন্তব্য হিলারি ও তাঁর স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের দাম্পত্যের দিকে ইঙ্গিতপূর্ণ ছিল কি না—সেই প্রশ্নও তুলেছেন সমালোচকদের কেউ কেউ।
প্রথম ১০০ দিনের পরিকল্পনা: প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্প প্রথম ১০০ দিন কী কী করবেন, তার একটি বিবরণ গতকাল শনিবার প্রকাশ করার কথা। ৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে সম্ভবত তিনি শেষবারের মতো নিজের পক্ষে যুক্তি তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এবারের নির্বাচনী প্রচারের লড়াইকে মার্কিন ইতিহাসের সবচেয়ে তিক্ত লড়াইগুলোর একটি বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।