মিশেলের বাগানে মেলানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াইট হাউসের কিচেন গার্ডেন থেকে সবজি তুলছেন মেলানিয়া ট্রাম্প l ছবি: রয়টার্স
হোয়াইট হাউসের কিচেন গার্ডেন থেকে সবজি তুলছেন মেলানিয়া ট্রাম্প l ছবি: রয়টার্স

মিশেল ওবামা যখন হোয়াইট হাউস ছেড়ে চলে যান, তখন সাবেক এই ফার্স্ট লেডির নিজ হাতে গড়া সবজিবাগানের ভাগ্যে কী জুটবে তা অনেককেই ভাবিয়েছিল। ২০১৬ সালের অক্টোবরে মিশেল বলেছিলেন, হোয়াইট হাউসে আসা ভবিষ্যৎ ‘ফার্স্ট ফ্যামিলি’ এই বাগান আগলে রাখবেন, এমনটি আশা করছেন তিনি।

যদিও এক সাক্ষাৎকারে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এমনও বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে পুরো বাগানটিই অদৃশ্য হয়ে যেতে পারে। তবে ওবামার সেই আশঙ্কা আপাতত নেই। মিশেলের হাতে গড়া সেই সবজিবাগানে গত শুক্রবার প্রথমবারের মতো গেলেন বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

পূর্বসূরির সবজিবাগানে গিয়ে মেলানিয়া কেবল সবজি তোলেননি, নতুন সবজিও লাগিয়েছেন। মিশেলের সঙ্গী ছিল ১১-১২ বছর বয়সী একদল ছেলেমেয়ে। বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব আমেরিকা নামের সংগঠনটির এই ছেলেমেয়েদের মেলানিয়া স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেন। শিশুদের মেলানিয়া বলেন, ‘এখানে আসার জন্য ও সবজি তুলতে সাহায্যের জন্য তোমাদের ধন্যবাদ।’

মিশেলের সবজিবাগানে মেলানিয়া আসায় এটা অন্তত পরিষ্কার যে সবজিবাগানটি গুঁড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা ট্রাম্প পরিবারের নেই। মিশেলের বাগানে সবজির পাশাপাশি ঔষধি ও ফলদ বৃক্ষও আছে। এখানকার সবজি হোয়াইট হাউসের রান্নায় ব্যবহার হয়। এ জন্য এটি ‘হোয়াইট হাউস কিচেন গার্ডেন’ নামে পরিচিত।

মিশেল ওবামা ফার্স্ট লেডি থাকাকালে শিশুদের অতিরিক্ত স্থূলতা বা মুটিয়ে যাওয়া ঠেকানোর পক্ষে জোর প্রচারণা চালিয়েছেন। এর অংশ হিসেবে হোয়াইট হাউসের দক্ষিণ দিকের খোলা জমিতে তিনি ২০০৯ সালে সবজিবাগানটি করেন। ১৯৪৩ সালে সাবেক মার্কিন ফার্স্ট লেডি অ্যালেনর রুজভেল্ট হোয়াইট হাইসের এক খণ্ড জমিতে প্রথম বাগান গড়েছিলেন।