মিস আমেরিকার মুকুট কৃষ্ণ সুন্দরীর মাথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়া ফ্রাঙ্কলিন
নিয়া ফ্রাঙ্কলিন

মিস আমেরিকা-২০১৯-এ সেরা সুন্দরীর মুকুট ছিনিয়ে নিলেন নিউইয়র্কের নিয়া ফ্রাঙ্কলিন। নিজের রূপ আর গুনে মুগ্ধ করে আমেরিকার নানা প্রান্ত থেকে আসা সুন্দরীদের পেছনে ফেলে সেরা সুন্দরীর মুকুট পরেন এই কৃষ্ণ সুন্দরী। ৯ সেপ্টেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
নিউজার্সির আটলান্টিক সিটির

ঐতিহাসিক বোর্ডওয়াক হলে ৫ সেপ্টেম্বর বসেছিল এবারের মিস আমেরিকার আসর। এবার ছিল প্রতিযোগিতার ৯২তম আসর। ৫, ৬ ও ৭ সেপ্টেম্বর বোর্ডওয়াক হলে প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডে অংশ নেন আমেরিকার সেরা ৫১ সুন্দরী। শুধু রূপ নয়, নানামাত্রিক গুনের বহর নিয়ে তাঁরা হাজির হন বিচারকদের সামনে।

প্রাথমিক পর্বের পর ৮ সেপ্টেম্বর বিকেলে প্রতিযোগীরা বোর্ডওয়াকে ‘শো ইউর সুজ’ শীর্ষক প্যারেডে অংশ নেন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার উৎসুক দেশি-বিদেশি পর্যটক এই প্যারেড উপভোগ করেন। অনেক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী এই প্যারেডের বিভিন্ন ইভেন্টে অংশ নেন।
তিন দিন ধরে চলা প্রতিযোগিতার বিভিন্ন পর্যায় পেরিয়ে চূড়ান্ত পর্বে আসা প্রতিযোগীরা লাইফস্টাইল, ফিটনেস, মেধা, সাক্ষাৎকারসহ বিভিন্ন পর্বে অংশ নিয়ে বিচারকদের সামনে নিজেদের যোগ্যতার পরিচয় তুলে ধরেন। সবকিছু বিচার করে বিচারকেরা এবারের মিস আমেরিকার মুকুট তুলে দেন মিস নিউইয়র্ক নিয়া ফ্রাঙ্কলিনের মাথায়। তাঁর মাথায় বিজয় মুকুট পরিয়ে দেন গতবারের মিস আমেরিকা কারা মুন্ড। পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন ৫০ হাজার ডলারের বৃত্তি।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ছিল সব দিক থেকেই জমকালো। এই আয়োজনের সবটুকু আলোই কেড়ে নেন সাদা গাউন পরিহিত নিয়া ফ্রাঙ্কলিন। মিস কানেকটিকাট ব্রিজেট ওয়েইকে হারিয়ে মুকুটও নিজের করে নেন তিনি। সেরা পাঁচে উঠে আসা অন্য প্রতিযোগীরা হলেন মিস লুইজিয়ানা হোলি কনওয়ে, মিস ম্যাসাচুসেটস গ্যাব্রিয়েলা টাভেরাস ও মিস ফ্লোরিডা টেইলর টাইসন। ধ্রুপদি সংগীতের শিল্পী নিয়া ফ্রাঙ্কলিন এদিন সব দিক থেকেই সবার নজর কাড়েন। ৯ সেপ্টেম্বর প্রতিযোগিতার মঞ্চে তিনি পরিবেশন করেন বিখ্যাত অপেরা ‘লা বোহেমি’-এর কিছু অংশ।
নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টসে সংগীতের ওপর মাস্টার্স করা নিয়া ফ্রাঙ্কলিন নিউইয়র্কে আসেন লিংকন সেন্টার এডুকেশনের কেনান ফেলো হিসেবে। আমেরিকার সেরা সুন্দরীর মুকুট জয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিয়া বলেন, ‘আমি জানি কঠোর পরিশ্রম বলতে কী বোঝায়। আজকের এ দিনের জন্য আমি আমার মা-বাবার প্রতি কৃতজ্ঞ। ঈশ্বরকে ধন্যবাদ। ধন্যবাদ আমার প্রতিযোগী বন্ধুদের।’
চিলড্রেনস মিরাকলস নেটওয়ার্কের শুভেচ্ছা দূত তাঁর বক্তব্যে মিস আমেরিকা হিসেবে পাওয়া সম্মান, পরিচিতি ও অর্থ দাতব্য সংস্থাটির পরিসর বৃদ্ধিতে কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানান।
এবিসি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’-এর বিচারক ক্যারি অ্যান ইনাবা ও সেলিব্রেটি বিগ ব্রাদারের রানারআপ ও টিভি ব্যক্তিত্ব রস ম্যাথিউস।
আমেরিকায় হ্যাশট্যাগ ‘মি টু’ আন্দোলন শুরু হওয়ার পর মিস আমেরিকার এটিই প্রথম আসর। এ জন্য এবারের আসরের দিকে বিশেষভাবে নজর ছিল। নারী অধিকার আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে এবারের আসরে বাদ দেওয়া হয় বিতর্কিত ‘সুইম স্যুট পর্ব’। পাশাপাশি মঞ্চেও ছিল ‘মি টু’ আন্দোলনের আবহ। মঞ্চে উপস্থিত ৫১ সুন্দরী যখন উপস্থিত, তখন আবহ সংগীত হিসেবে বেজেছে বিয়ন্সের ‘রান দ্য ওয়ার্ল্ড’, কেটি পেরির ‘রোর’ ও হুইটনি হিউস্টনের ‘আই অ্যাম এভরি উইমেন’—যা দর্শকদের প্রতিযোগীদের পোশাক ও অঙ্গসৌষ্ঠবের বদলে তাঁদের ব্যক্তিত্বের দিকেই আগ্রহী করেছে বেশি।
এবারের মিস আমেরিকা প্রতিযোগিতা অনেক দিক থেকেই বিশেষ হয়ে উঠেছিল। আগের বিতর্ককে পেছনে ফেলে নারী অধিকার ও রাজনৈতিক সচেতনতা এই বছরের প্রতিযোগিতার স্মারক হয়ে থাকবে। রাজনৈতিক সচেতনতা নিয়ে বক্তব্য দিয়ে সবার নজর কাড়েন মিস মিশিগান এমিলি সিওমা। মঞ্চে তিনি নিজেকে পরিচয় করিয়ে দেন, ‘আমেরিকার ৮৪ শতাংশ সুপেয় পানির জোগানদাতা অঙ্গরাজ্য, যার অধিবাসীদের পানের জন্য কিছুই থাকে না’—আমি সেই অঙ্গরাজ্য থেকে আসা মেয়ে এমিলি সিওমা।’