মিসিসিপিতে গর্ভপাতে নিষেধাজ্ঞা বাতিলের আবেদন খারিজ
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞা বাতিল চেয়ে করা একটি আবেদন খারিজ করে দিয়েছেন স্থানীয় আদালত। এর মধ্য দিয়ে কাল বৃহস্পতিবার থেকে অঙ্গরাজ্যটিতে প্রায় সব ধরনের গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। খবর বিবিসির।
গত মাসে মিসিসিপি অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ দেন। গর্ভপাতের জন্য রাষ্ট্রনিয়ন্ত্রিত একমাত্র ক্লিনিকটিও বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ নিষেধাজ্ঞা বাতিল চেয়ে ক্লিনিকটির পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়েছিল। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সে আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্ত অনুযায়ী, গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সম্প্রতি এ সিদ্ধান্ত পাল্টানোর উদ্যোগ নিলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। গর্ভপাতবিরোধী পক্ষ আনন্দ উল্লাস করতে থাকে। অপর দিকে গর্ভপাতের অধিকারের পক্ষে সরব থাকা মানুষেরা বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসেন।
মিসিসিপির জ্যাকসন উম্যান’স হেলথ অর্গানাইজেশন নামের ক্লিনিকটি বলছে, অঙ্গরাজ্যের সংবিধানে ব্যক্তিস্বাধীনতার যে অধিকার দেওয়া হয়েছে, তার মধ্যে গর্ভপাতের অধিকারও অন্তর্ভুক্ত।
তবে গতকাল আদালতের শুনানিতে বিচারপতি ডেবরা হালফোর্ড যুক্তিতর্কগুলো খারিজ করে দিয়েছেন। বিচারপতি তাঁর রায়ে লিখেছেন, ‘মিসিসিপির সংবিধানে পরিষ্কার করে গর্ভপাত বিষয়ে উল্লেখ করা নেই।’
ক্লিনিকটির পক্ষের আইনজীবী রব ম্যাকডাফ একটি মার্কিন সংবাদমাধ্যমকে বলেছেন, এ ব্যাপারে আপিল করা যায় কি না, তা নিয়ে ভাবছে তারা।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো স্থানীয়ভাবে গর্ভপাতের পক্ষে আইন প্রণয়ন করতে চাইছে। তবে এ উদ্যোগ নিতে গিয়ে অঙ্গরাজ্যগুলোর বেশ কটিই আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।