মিয়ানমার, ইরান, কিউবাসহ বিভিন্ন দেশে মানবাধিকার পরিস্থিতির কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। যদিও দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে ওই সমালোচনা করা হয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
বিশ্বব্যাপী ২০১৪ সালের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনটি গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটির উল্লেখযোগ্য আরেকটি দিক হলো, এতে প্রতিবছর কেবল দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি উল্লেখ করা হলেও এবার জঙ্গিগোষ্ঠীগুলোর ‘বর্বর’ কর্মকাণ্ডেরও সমালোচনা করা হয়েছে।
দীর্ঘদিন ধরে সামরিক শাসনের জাঁতাকলে পিষ্ট মিয়ানমারে ২০১১ সালে গণতান্ত্রিক সংস্কার শুরুর পর থেকেই দেশটির সঙ্গে বৈরিতা দূর করতে সচেষ্ট যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রেক্ষাপটে প্রতিবেদনে মিয়ানমারে ‘উল্লেখযোগ্য মানবাধিকার সমস্যা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও অন্য বিশ্বশক্তিগুলো বর্তমানে ইরানের সঙ্গে একটি চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে। পাশ্চাত্যের সঙ্গে তেহরানের সম্পর্কে দীর্ঘদিন টানাপোড়েন চললেও এখন বরফ গলতে শুরু করেছে। তারপরও প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দপ্তর মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ইরানের সমালোচনা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব দণ্ড কার্যকরের ক্ষেত্রে প্রায়ই সাংবিধানিক সুরক্ষা মানছে না তেহরান।
কিউবার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হাভানা গত জানুয়ারিতে ভ্রমণের ওপর কড়াকড়ির বেশির ভাগই তুলে নিলেও সরকার সুনির্দিষ্ট কিছু বিরোধী নেতার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে বা দেশে ফেরার পর তাঁরা হয়রানির শিকার হয়েছেন। গত ডিসেম্বরে আকস্মিকভাবেই দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটানোর ঘোষণা দেয় কিউবা ও যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনটির ভারত অংশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের প্রথম বছরে ধর্মভিত্তিক চরমপন্থাই ভারতীয় সমাজের জন্য ‘একটি উদ্বেগ হিসেবে রয়ে গেছে’।
চীনের পাল্টা প্রতিবেদন: প্রতিবছর যেদিন মার্কিন পররাষ্ট্র দপ্তর বৈশ্বিক মানবাধিকারবিষয়ক প্রতিবেদন প্রকাশ করে, তার পরদিনই পাল্টা প্রতিবেদন প্রকাশ করে থাকে বেইজিং। এবারও তার ব্যতিক্রম হয়নি। গতকাল শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে তারা যুক্তরাষ্ট্রের ‘ভয়ংকর মানবাধিকার রেকর্ডে’র সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্রে পুলিশের বর্বর আচরণ ও বিশ্বব্যাপী মার্কিন গোয়েন্দাদের নজরদারিরও কড়া নিন্দা জানানো হয়েছে এতে।