মিয়ানমারকে চাপ দিতে আমেরিকার ভূমিকা প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিনারে স্থানীয় কংগ্রেসম্যান, জনপ্রতিনিধি, মানবাধিকারকর্মী, ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা
সেমিনারে স্থানীয় কংগ্রেসম্যান, জনপ্রতিনিধি, মানবাধিকারকর্মী, ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা

ফিলাডেলফিয়া শহরে গত ২৯ জুন ‘বিশ্ব শরণার্থী দিবস: রোহিঙ্গাসহ বিশ্বের দীর্ঘস্থায়ী শরণার্থীদের সমকালীন হুমকিসমূহ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় কংগ্রেসম্যান, জনপ্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক, লেখক, মনোবিজ্ঞানী, মানবাধিকারকর্মী, সমাজকর্মী, অভিনেত্রী, মডেল, মিডিয়া ব্যক্তিত্ব ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ ফিলাডেলফিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশ নেন।

ফিলাডেলফিয়ার প্রবাসী তরুণ ব্যবসায়ী, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মো. লুৎফর রহমান হিমুর প্রতিষ্ঠান ব্রিটস্ গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি ছিলেন নিউজার্সি অঙ্গরাজ্যের মন্ত্রী নিলা টেইলর, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সিনিয়র পাবলিক ইনফরমেশন অফিসার ডানা সিলেইম্যান, বিশিষ্ট মনোবিজ্ঞানী ড. ওচিমা পিটম্যানা, মানবাধিকারকর্মী জোসেফ হ্যারিস, ফিলাডেলফিয়ার ৬০নং ওয়ার্ডের কমিটিম্যান গ্রেক থম্পসন, ফ্যাশন ডিজাইনার ও আর্টস অর্গানাইজার ভ্যানি তাওসাইন্যান্ট, সংগীত শিল্পী টিন ইন্টারন্যাশনাল বিউটি ও মিস ভারত সুজান কচ, আন্তর্জাতিক অ্যাওয়ার্ড বিজয়ী ফটোগ্রাফার ও ডকুমেন্টারি ফিল্ম নির্মাতা উলিসি টাওসাইনটিস, অভিনেত্রী, মডেল ও মানবাধিকার কর্মী ইভি ডমিনিকুই, শিশুতোষ বইয়ের লেখক ও সংগীত প্রযোজক আলবার্ট রিড, সাউথ সুদানের সাবেক শরণার্থী, মানবাধিকার কর্মী নায়ামাল টুডিয়াল প্রমুখ।

সেমিনারে রাষ্ট্রদূত মাসুদ রোহিঙ্গা সমস্যা সমাধানের মূল চ্যালেঞ্জ বিশেষ করে সংকট সমাধানের মিয়ানমারের অসহযোগিতা ও আন্তর্জাতিক আইন ও নীতির প্রতি অবজ্ঞা-প্রদর্শন এবং কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়িত না হওয়ার বিষয়গুলো তুলে ধরেন। তিনি রোহিঙ্গাদের আশ্রয়দানের ফলে বাংলাদেশে আর্থসামাজিক, পরিবেশগত ও সামাজিক বিন্যাসের ক্ষয়ক্ষতি তুলে ধরে বলেন, মিয়ানমার কর্তৃপক্ষকে এর দায়বদ্ধতার মুখোমুখি করা, মূল কারণ খুঁজে বের করে সমাধান করা, রাখাইন প্রদেশে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ ও মিয়ানমারের অভ্যন্তরে সেফ জোন গড়ে তোলা ইত্যাদি ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখতে হবে।

রাষ্ট্রদূত উপস্থিত যুক্তরাষ্ট্রের মূলধারার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘আজ আপনারা রোহিঙ্গা সংকটের সমাধানে যে একাত্মতা দেখালেন তা সত্যিই বিরল। তিনি মার্কিন প্রশাসনকে আরও মানবিক ও রাজনৈতিক সহায়তা, মিয়ানমারের দায়বদ্ধতা নিরূপণে চাপ প্রয়োগ, আরও নিষেধাজ্ঞা আরোপ ও রোহিঙ্গা গণহত্যাকে ‘জেনোসাইড’ হিসেবে আখ্যাদান ইত্যাদি বিষয়ে আরও ভূমিকা রাখতে কংগ্রেসম্যানদের প্রতি আহ্বান জানান।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইটসিআর) সিনিয়র পাবলিক ইনফরমেশন অফিসার ডানা সিলেইম্যান বিশ্বের শরণার্থী সমস্যার বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক চ্যালেঞ্জ তুলে ধরেন। ইউএনএইচসিআর শরণার্থীদের জন্য যে সব কর্মসূচি বাস্তবায়ন করছে, তাও উল্লেখ করেন তিনি। শরণার্থী যেকোনো দেশ বিশেষ করে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশের জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করে।

সংগীতশিল্পী, মডেল, মিস টিন ইন্টারন্যাশনাল বিউটি ও মিস ভারত নিউইয়র্ক সুজান কচ রোহিঙ্গা সংকটের আদ্যোপান্ত তুলে ধরেন। এই কিশোরীর সাবলীল ও হৃদয়স্পর্শী বর্ণনা সবারই দৃষ্টি কাড়ে।

ব্রিটস্ গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. লুৎফর রহমান এই অনুষ্ঠানে স্বতঃস্ফুর্তভাবে যোগ দেওয়ায় আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান। সেমিনারের মডারেটর ছিলেন ফিলাডেলফিয়ার মিডিয়া ব্যক্তিত্ব ও উপস্থাপক স্টিভেন বি প্যাক। সভায় আরও উপস্থিত ছিলেন ফিলাডেলফিয়া আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের মিনিস্টার ড. মনোয়ার হোসেন ও কাউন্সিলর তৌফিকুর রহমান প্রমুখ।