মিয়ানমারের ওপর থেকে আরও মার্কিন নিষেধাজ্ঞা উঠল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের ওপর থেকে আরও বেশ কয়েকটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের সামরিক শাসনে থাকা মিয়ানমারে সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক সংস্কার শুরু হয়েছে, নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে তার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
গত মঙ্গলবার মিয়ানমারের ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, কাঠ এবং খনি কোম্পানির বিরুদ্ধে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু মিয়ানমারের শক্তিশালী সেনাবাহিনীর বাণিজ্য ও বিনিয়োগের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এখনো বলবৎ রইল। মিয়ানমারের সেনাবাহিনী দেশটির ব্যবসায় খাতের একটি বড় অংশের পরিচালনার সঙ্গে যুক্ত।
যুক্তরাষ্ট্র বলেছে, নতুন করে আরেক দফা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উদ্দেশ্য মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করা। সেই সঙ্গে আর্থিক লেনদেন বৃদ্ধিও এর অন্যতম লক্ষ্য।
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি ওবামা প্রশাসন মিয়ানমারে চলমান গণতান্ত্রিক সংস্কার চালু রাখার বিষয়ে চাপ অব্যাহত রেখেছে।
এখনো মিয়ানমারের এক শর বেশি ব্যক্তি ও কোম্পানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আছে। এর ফলে এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে মার্কিন কোনো প্রতিষ্ঠান কোনো লেনদেন করতে পারে না।
দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পর এ বছর মিয়ানমারে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। গত নভেম্বরে অং সান সু চির দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়।