মিয়ামিতে ভবন ধসে নিহত বেড়ে ৪, নিখোঁজ ১৫৯
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ধসে পড়া ১২ তলা ভবনের ধ্বংসস্তূপে বেঁচে থাকা ব্যক্তিদের মরিয়া অনুসন্ধান করছেন উদ্ধারকর্মীরা। কাউন্টি মেয়রের বরাত দিয়ে এএফপি জানায়, আজ শুক্রবার পর্যন্ত সেখানে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ ১৫৯ জন। আর সন্ধান মিলেছে ১২০ জনের।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির পার্শ্ববর্তী সার্ফসাইড এলাকায় গত বৃহস্পতিবার ১২ তলা একটি ভবন ধসে পড়ে। নিখোঁজ ব্যক্তিদের খবর পেতে অপেক্ষায় রয়েছে অনেক পরিবার। উদ্ধারকর্মীরা দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে মানুষের বেঁচে থাকার স্পন্দন টের পাচ্ছেন তাঁরা।
এদিকে বিবিসির খবরে বলা হয়, ঠিক কতজন এখনো আটকা রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলেছে, ওই ভবন নির্মাণ করা হয়েছিল ১৯৮০ সালে। এতে ১৩০টি ইউনিট ছিল। এই ধসের কারণে অর্ধেক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ধসের সময় ঠিক কতজন ভবনে উপস্থিত ছিল, তা জানা যায়নি।
কর্তৃপক্ষ বলেছে, ওই ভবনের কিছু অংশ সংস্কারের নির্দেশনা দেওয়া হয়েছিল। এই ভবনের পাশেই আরেকটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ঠিক কী কারণে ভবনটি ধসে গেছে, তা এখনো জানা যায়নি। ওই ধসের ঘটনার পর মিয়ামি-ডেড কাউন্টির ডেপুটি কমিশনার সেলি হেইম্যান বলেন, ওই ভবনে বসবাস করে, এমন ৫১ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি প্রাথমিক অবস্থায়।
এই ভবনে অনেকেই স্থায়ীভাবে বসবাস করত। আবার এমন অনেকেই রয়েছে, যারা শীতের সময় এসে সেখানে থাকত। সেখানকার পরিস্থিতি তুলে ধরে সেলি হেইম্যান সিএনএনকে বলেন, ‘আমরা এখনো অপেক্ষা করছি।’
সার্ফসাইডের অগ্নিনির্বাপণ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার কাজে প্রশিক্ষিত কুকুর ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। তারা ভবনটির নিচে ভূগর্ভস্থ একটি কার পার্কিংয়ের জায়গা থেকে টানেল তৈরির চেষ্টা করে আহত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছে।
জরুরি অবস্থা ঘোষণা
প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনায় ফ্লোরিডার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর অর্থ, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এখন ওই অঙ্গরাজ্যের জরুরি সংস্থাকে ত্রাণ কার্যক্রমে সাহায্য করবে। এ ঘটনায় জো বাইডেন বলেছেন, ‘আমি ফ্লোরিডার জনগণকে বলতে চাই, তাদের যা সাহায্য প্রয়োজন, সরকার তা দেবে।’
মিয়ামির পুলিশ কর্মকর্তা ফ্রেডি রামিরেজ বলেছেন, অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীরা অনুসন্ধানকারী দলের সঙ্গে কাজ করছেন। তাঁরা রাতেও কাজ চালিয়ে যাবেন। তাঁরা কাজ বন্ধ করবেন না। ক্রমাগত বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ার কারণে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে গেছে।
কর্তৃপক্ষ নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়দের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে। ইতিমধ্যে উদ্ধারকর্মীরা মানুষের বেঁচে থাকার বিষয়টি টের পেয়েছেন। কিন্তু ধ্বংসস্তূপের ভেতরে কারও আওয়াজ পাচ্ছেন না। তবে কর্তৃপক্ষ বলছে, এ পরিস্থিতিতে উদ্ধারকাজ চালানো বিপজ্জনক।
উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের প্রধান রাইডে জাডাল্লাহ বলেন, উদ্ধারকাজ চালানোর সময় ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ২০ মিনিটের মধ্যেই সেটি নিভে যায়। উদ্ধারকাজে ক্যামেরা ও প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হয়েছে। তবে প্রক্রিয়াটি ধীরগতিতে চলছে।
সার্ফসাইডের মেয়র চার্লস বুরকেট এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভবনের পেছন দিকের অংশ পুরোপুরি ধসে গেছে।
ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এখনো সেখানে আগুন জ্বলছে। উদ্ধারকাজ চলছে।