মিয়ামিতে ভবনধস, আরও একজনের মৃতদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির সার্ফসাইডের ভবনধসের ঘটনায় আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৫ জনের মৃতদেহ উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকর্মীরা।
ধসে যাওয়া ওই ভবনের ১৫৬ জন বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছেন বলে জানান মিয়ামি-ডাড শহরের মেয়র ড্যানিয়েলা লেভিন। তিনি আরও বলেছেন, ‘কোনো জীবন রক্ষা করতে অনুসন্ধান এবং উদ্ধারকাজ চালু রাখাই আমাদের অগ্রাধিকারে তালিকার শীর্ষে রয়েছে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতির ভবনটির অধিকাংশ বাসিন্দা যখন ঘুমাচ্ছিলেন, তখন ওই ধসের ঘটনা ঘটে। তবে এ ধসের কারণ এখনো অজানা। তবে ওই ভবনের ব্যাপারে আগেই সতর্ক করেছিলেন প্রকৌশলীরা। এই ভবনের মূল নকশায় ত্রুটি ছিল। এর পরিপ্রেক্ষিতে প্রকৌশলীরা সতর্ক করে বলেছিলেন, এই ত্রুটির কারণে ভবনের বড় ধরনের ক্ষতি হতে পারে।
যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, প্রায় তিন বছর আগে ওই ভবনের অবকাঠামোসংক্রান্ত একটি সমীক্ষা চালানো হয়েছিল। এতে বলা হয়, ভবনের পার্কিংয়ে ফাটল রয়েছে। এ ছাড়া ভবনের পুলের নিচের স্ল্যাবেও ত্রুটি রয়েছে। আর ভবনের ছাদ সংস্কারের অনুমতি দেওয়া হয়েছিল সম্প্রতি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টুইট করে বলেছেন, ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসকে প্রয়োজন মাফিক সাহায্যের প্রস্তাব করেছেন।
উদ্ধারকর্মীরা বিভিন্ন ধরনের যন্ত্র, ড্রোন ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। গত শনিবার অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজে ব্যাঘাত ঘটে।
মেয়র লেভিন বলেন, গত শনিবার ধ্বংসস্তূপে ভেতর থেকে একজনের মৃতদেহ উদ্ধার করেন জরুরি উদ্ধারকর্মীরা। নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ ব্যক্তিদের অধিকাংশই ইসরায়েল ও লাতিন আমেরিকার। প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের দেশের ছয়জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে দেশটির ফার্স্ট লেডির বোনও রয়েছে।