মুক্ত গণমাধ্যমের পক্ষে জোরালো অবস্থানের কথা জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে তিনি বলেছেন, মুক্ত গণমাধ্যমের পক্ষে তাঁর এ অবস্থান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা হিসেবে ভাবলে ভুল হবে। বুধবার ক্যালিফোর্নিয়ায় নিজের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন জর্জ ডব্লিউ বুশ।
ক্যালিফোর্নিয়ায় রোনাল্ড রিগ্যান প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে ডব্লিউ বুশের লেখা পোট্রেটস অব কারেজ: এ কমান্ডার ইন চিফস ট্রিবিউট টু আমেরিকাস ওয়ারিয়রস শিরোনামের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়। বইটিতে সাবেক প্রেসিডেন্ট দেশের সামরিক বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দিয়েছেন অনেক সদস্যের বীরত্বের বর্ণনা।
গত সোমবারও এনবিসি টেলিভিশনের এক অনুষ্ঠানে মুক্ত গণমাধ্যমের পক্ষে জোরালো মত দেন বুশ। এর কয়েক দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও মার্কিন গণমাধ্যমের তীব্র নিন্দা করেছিলেন। বুশের সেদিনের মন্তব্যকে ট্রাম্পের সমালোচনা হিসেবে দেখা হচ্ছিল। তবে বুধবার বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে নিজের অবস্থান স্পষ্ট করেন জর্জ ডব্লিউ বুশ। বলেন, ‘মেয়াদ শেষ হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলাম প্রেসিডেন্ট ওবামার সমালোচনা করব না। ট্রাম্পের বেলাতেও আমার একই সিদ্ধান্ত।’
তবে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের অপরিহার্যতার কথা আবারও স্মরণ করিয়ে দেন বুশ। একই সঙ্গে গণমাধ্যমকে অবশ্যই নির্ভুল হতে হবে বলেও সতর্ক করে দেন।
ওবামার বই প্রকাশের চুক্তি
এদিকে নিউইয়র্ক টাইমস জানায়, সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বই প্রকাশের লড়াইয়ে জিতেছে যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যানডম হাউস। তারাই পাচ্ছে ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেলের বই প্রকাশের অধিকার। ওবামার আগের দুটি আলোচিত বই ড্রিমস ফ্রম মাই ফাদার এবং অডাসিটি অব হোপ প্রকাশ করেছিল এই প্রকাশনা সংস্থাই। ওবামা দম্পতির এ বই প্রকাশ চুক্তির আর্থিক বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে অর্থের অঙ্কটা আট সংখ্যার, অর্থাৎ কোটি ডলারের।