মুক্ত সাংবাদিকতার পাশে দাঁড়াতে ম্যাককেইনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন ম্যাককেইন
জন ম্যাককেইন

সারা বিশ্বের সংবাদপত্র আর সাংবাদিকদের জন্য সংকটময় সময়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবীণ মার্কিন রাজনীতিবিদ সিনেটর জন ম্যাককেইন। সংবাদপত্র নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তার সমালোচনা করে মুক্ত সংবাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ঘোষণা করেছেন আমেরিকার রাজনীতিতে অনেকের শ্রদ্ধেয় এই নেতা। রিপাবলিকান দলের প্রবীণ সিনেটর জন ম্যাককেইন সম্প্রতি ক্যানসার রোগে আক্রান্ত হয়েছেন। তারপরও নানা বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তিনি উচ্চকণ্ঠ হয়েছেন। তাঁর কারণেই এক দফা ভেস্তে গেছে ওবামা কেয়ার বাতিলের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগ।
১৬ জানুয়ারি ওয়াশিংটন পোস্টের মতামত কলামে লেখা বক্তব্যে সিনেটর জন ম্যাককেইন বলেছেন, সংবাদপত্র নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য সারা বিশ্বে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অন্যান্য দেশের নেতারা সংবাদপত্র নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অনুসরণ করছেন। গণতন্ত্রের অন্যতম স্তম্ভ সংবাদপত্রের টুটি চেপে ধরার জন্য দেশে দেশে চেষ্টা চলছে। জন ম্যাককেইন অভিযোগ করেছেন, সাংবাদিকদের নিয়ে ট্রাম্প প্রশাসনের আচরণ অস্থির এবং সুবিধাভোগী। প্রেসিডেন্ট ট্রাম্পের অনুকরণে বিদেশের বিভিন্ন দেশের নেতারা ‘ফেক নিউজ’ বলে সংবাদপত্র এবং সাংবাদিকদের দমনের চেষ্টা করছেন বলে জন ম্যাককেইন অভিযোগ করেছেন।
প্রবীণ এবং প্রভাবশালী মার্কিন আইন প্রণেতা জন ম্যাককেইন মার্কিন কংগ্রেসকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সংবাদপত্রের এবং সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বিভিন্ন দেশের নীতি পর্যালোচনা করে মুক্ত সংবাদপত্রের জন্য মার্কিন সাহায্য প্রদানের আহ্বান জানান জন ম্যাককেইন।
অ্যারিজোনা থেকে নির্বাচিত সিনেটর জেফ ফ্লেইক সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ পত্রের শত্রু হিসেবে চিহ্নিত করে বক্তব্য রাখার একদিন আগে জন ম্যাককেইনের মতামত প্রকাশিত হয়েছে।