মুক্তধারার আড্ডায় কবি কামাল চৌধুরী ও ছড়াকার ফারুক হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তধারায় প্রাণবন্ত সাহিত্য আড্ডার একটি বিশেষ মুহূর্ত
মুক্তধারায় প্রাণবন্ত সাহিত্য আড্ডার একটি বিশেষ মুহূর্ত

জ্যাকসন হাইটসে ২০ সেপ্টেম্বর বুধবার স্থানীয় মুক্তধারায় অনুষ্ঠিত হলো একটি প্রাণবন্ত সাহিত্য আড্ডা। আড্ডায় ছিলেন কবি কামাল চৌধুরী (বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী) এবং সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিশু সাহিত্যিক ফারুক হোসেন।
মনোরম আড্ডাতে প্রথমে অনেকগুলো ছড়া পাঠ করে শোনান ফারুক হোসেন। ছড়া ও কবিতার সাহিত্যধর্মী পার্থক্য বিশ্লেষণে ছড়াকার ছাড়াও নিউইয়র্কের সাহিত্যবোদ্ধারা মূল্যবান মতামত রাখেন। এ প্রসঙ্গে দেশের খ্যাতনামা কবি ও ছড়াকারদের তুলনামূলক মতামতের ওপর সারগর্ভ আলোচনা হয়।
পরে আড্ডাতে যোগ দেন কবি কামাল চৌধুরী। প্রিয় কবিকে পেয়ে প্রবাসে থাকা সাহিত্যসেবীরা আনন্দে আপ্লুত হন। কবির মুখে কবিতা নিয়ে, সামগ্রিক সাহিত্য নিয়ে তিনি বক্তব্য দেন। বিশেষ করে আমেরিকা ও বাংলাদেশের তুলনামূলক সাহিত্যের আলোচনায় তিনি বলেন, ‘আমেরিকার কবিতার ভাষা পঞ্চাশটি। আর বাংলাদেশের মাত্র একটি। তিনি প্রবাসের কবি সাহিত্যিকদের সামগ্রিক প্রয়াসকে সাধুবাদ জানান। তিনি আগামী বছর অনুষ্ঠেয় মুক্তধারার বই মেলায় আসবার সদিচ্ছা
ব্যক্ত করেন।
কবি কামাল চৌধুরী বাংলা একাডেমির অনুবাদ চর্চার প্রসার বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বারবার বলেন। সঙ্গে সঙ্গে এর কার্যক্রম আরম্ভ জোরদার করতে সচেষ্ট হবেন বলে আশ্বাস দেন।
আড্ডায় দেশের দুই প্রখ্যাত কবি ও শিশু সাহিত্যিকদের অভ্যর্থনা জানান মুক্তধারার কর্ণধার বিশ্বজিত সাহা।
সদ্য সমাপ্ত জালালাবাদ সিলেট বিশ্ব সম্মেলন উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ আয়োজকদের পক্ষ থেকে গীতিকার লেখক ইশতিয়াক রুপু প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের হাতে তুলে দেন।
আড্ডাতে অংশ নেন কবি ফেরদৌস হাসান, ফেরদৌস সাজেদীন, মাহবুব হাসান, নাসরীন চৌধুরী, তমিজ উদ্দিন লোদী, সামস আল মমীন, ফকির ইলিয়াস, কাজী জহিরুল ইসলাম, আহমাদ মাযহার, মনিজা রহমান, ইশতিয়াক রুপু, লূৎফা শাহানা, আকবর হায়দার কিরণ, চকোর মালিথা, দর্পণ কবির, হ‌ুমায়ূন কবির ঢালী, স্বপ্ন কুমারসহ আরও অনেকে।
আড্ডা শেষের আগে কবি কামাল চৌধুরী তাঁর ‘মহুয়া’ কবিতাটি আবৃত্তি করেন। পরে তিনি শোনেন নিউইয়র্কের এ প্রজন্মের কবি স্বপ্ন কুমারের লেখা একটি কবিতা। শেষে কামাল চৌধুরী মুক্তধারার কর্ণধার বিশ্বজিত সাহাকে স্বরচিত কয়েকটি কবিতার বই উপহার দেন।