মুক্তধারার ২৮তম নিউইয়র্ক বইমেলার আহ্বায়ক কমিটির সভা

মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আবারও আয়োজিত হচ্ছে নিউইয়র্ক বইমেলা। এবার বসছে মেলার ২৮তম আসর। তিন দিনব্যাপী এই মেলা শুরু হবে আগামী ২২ জুন। এ উপলক্ষে ৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে মেলার আয়োজক কমিটির সভা।
নিউইয়র্ক বইমেলা কমিটির আহ্বায়ক ড. নূরন নবীর সভাপতিত্বে নিউজার্সির ক্র্যানবেরি কংলেট ড্রাইভ সাউথে তাঁর নিজ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। ৮ এপ্রিল বেলা ৩টায় অনুষ্ঠিত এই সভায় বইমেলা আয়োজনের সর্বশেষ পরিস্থিতির প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ ছাড়া মুক্তধারা সাহিত্য পুরস্কার-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ, হোস্ট
কমিটি গঠন ও তহবিল সংগ্রহ বিষয়েও সভায় আলোচনা হয়।
সভায় বইমেলা আয়োজনের সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন তুলে ধরেন বিশ্বজিৎ সাহা। এ সময় তিনি বাংলাদেশেরে জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি জানান, এবারে সবচেয়ে বেশিসংখ্যক প্রকাশনা সংস্থা নিউইয়র্ক বইমেলায় অংশ নেবে। ইতিমধ্যেই প্রকাশকদের বড় অংশ তাদের বই পাঠিয়ে দিয়েছে। মেলার বেশ আগেই তাদের বই নিউইয়র্ক পৌঁছে যাবে। এবারে মেলার আগেই বইয়ের তালিকা প্রকাশ করা হবে, যাতে আগ্রহীরা আগে থেকেই বই কেনার সিদ্ধান্ত নিতে পারেন। বাংলাদেশ থেকে অনেক লেখক মেলায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
সভায় জানানো হয়, গত দুই বছর ধরে মুক্তধারা ফাউন্ডেশন মুক্তধারা সাহিত্য পুরস্কার নামে পুরস্কার দিয়ে আসছে। এই পুরস্কার আগামী পাঁচ বছর (২০১৮-২২) নিউজার্সির জিএফবি গ্রুপের অর্থায়নে দেওয়া হবে। এ সংক্রান্ত চুক্তিতে মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষে ড. নূরন নবী ও জেএফবি গ্রুপের পক্ষে গোলাম ফারুক ভূঁইয়া স্বাক্ষর করেন।
আগত অতিথিদের তদারকি, তাঁদের থাকবার ব্যবস্থা ইত্যাদি নিয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় সভায়। বইমেলার তিন দিনের অনুষ্ঠানসূচি নিয়েও প্রয়োজনীয় আলোচনা হয়েছে। এবারের বইমেলায় নিউইয়র্কের পাশের রাজ্য নিউজার্সির বিশিষ্ট শিল্পীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকবে বলে সভায় জানানো হয়।
সবশেষে বইমেলা পরিচালনা তহবিলের অর্থ সংগ্রহ বিষয়েও আলোচনা করা হয়। এই পরিপ্রেক্ষিতে তহবিল কমিটির সচিবের দায়িত্ব দেওয়া হয় শুভ রায়কে। এবারের বইমেলায় শিশু-কিশোর মেলা আয়োজনে অর্থ ঘাটতির বিষয়টি উত্থাপন হলে, তা পূরণের ঘোষণা দেন কানেকটিকাট অঙ্গরাজ্য থেকে আসা মেলা কমিটির সদস্য নসরত শাহ। সভা শুরুর আগে মধ্যাহ্ন ভোজ ও সভা শেষে হালকা খাবার পরিবেশন করা হয় ড. নূরন নবী ও ড. জিনাত নবীর সৌজন্যে।
সভায় নিউজার্সি থেকে যোগ দিয়েছেন ড. নূরুন নবী, ড. জিনাত নবী, নাজনীন হোসেইন, অজন্তা সিদ্দিকী, ডা. ফারুক আজম, গোলাম ফারুক ভূঁইয়া, রহিমা করিম, অনিন্দিতা কাজী, ড. রেজাউল করিম, ড. কামরুল হাসান, সাব্বির আহমেদ, ড. দলিলুর রহমান ও সুমি রহমান। নিউইয়র্ক থেকে যোগ দিয়েছেন ফেরদৌস সাজেদীন, হাসান ফেরদৌস, আহমাদ মাযহার, জীবন চৌধুরী, রানু ফেরদৌস, আদনান সৈয়দ, ওবায়দুল্লা মামুন, নাসরিন চৌধুরী, শিরীন বকুল, আবু রায়হান, দিঠি হাসনাৎ, তানভীর রাব্বানী, শুভ রায় ও বিশ্বজিৎ সাহা। কানেকটিকাট অঙ্গরাজ্য থেকে আসেন নসরত শাহ।