মুক্তি পাচ্ছেন সাবওয়ে হামলার পরিকল্পনাকারী

নিউইয়র্কের সাবওয়েতে হামলার পরিকল্পনাকারী নাজিবুল্লাহ জাজিকে মুক্তি দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা দ্বারা অনুপ্রাণিত হয়ে ২০১০ সালে নিউইয়র্ক নগরীর সাবওয়েতে হামলার পরিকল্পনা করা এই ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে (৩৩ বছর) দণ্ডিত হন। দীর্ঘদিন কারাভোগের পর এবার তাঁকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।
কারাবাসের সময় আল-কায়েদার সব ধরনের গুরুত্বপূর্ণ তথ্য মার্কিন সরকারকে সরবরাহ করে তদন্তে সহযোগিতা করায় তাঁকে সাজার মেয়াদ ফুরানোর আগেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
ব্রুকলিনের সরকারি কৌঁসুলি জানান, নাজিবুল্লাহ জাজির দেওয়া তথ্য তদন্তের জন্য ভীষণ সহায়ক ছিল। নিউইয়র্ক নগরীর সাবওয়ে ব্যবস্থাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন জাজি। পরে ফেডারেল তদন্তকারীদের সাহায্য করেন তিনি। প্রায় এক দশক কারাগারে থাকার পর এই সহযোগিতার পুরস্কার হিসেবে তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে ২ মে ব্রুকলিনের ফেডারেল বিচারক নাজিবুল্লাহ জাজির কারাদণ্ডের ৩৩ বছরের কারাদণ্ড কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দেন। এখন তিনি ১০ বছর পার করতে চলেছেন। জাজি আদালতকে বলেন, ‘আমি দুঃখিত। আমি ক্ষমা চাইছি। ভয়ানক যে ভুল করেছি, তা সংশোধনের জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি। আমি এখন আগের সেই ব্যক্তি নই।’
বিচারক রেমন্ড ডাইরি বলেন, ‘তার মনের ভাব বোঝার মতো সরকারের আলাদা কোনো শক্তি নেই। আপনি আমার সংশয়কে বুঝতে পারবেন।’ বিচারক বলেন, ‘তবে জাজিকে যে সুযোগ দেওয়া হয়েছে, তা তিনি অর্জন করেছেন। ফেডারেল নির্দেশিকা অনুযায়ী তাঁর সারা জীবন কারাগারে থাকার কথা হলেও তদন্তকারীদের সহায়তা করার মাধ্যমে তিনি তাঁর শাস্তির মেয়াদ কমিয়ে এনেছেন।’
গত ফেব্রুয়ারিতে আদালতে জমা দেওয়া নথিতে বলা হয়, জাজি সরকারকে ‘অসাধারণ’ সহায়তা করেছিলেন। তাঁর সহায়তায় জাজির ঘনিষ্ঠ দুই বন্ধু ধরা পড়েছিল। পরে জাজির দেওয়া সাক্ষ্যই ওই দুই ব্যক্তির বিচারকাজকে সহজ করে দেয়।
ওই নথি অনুযায়ী, কারাগারে থাকার সময় জাজি শতাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং অনেক দোষী ব্যক্তিকে বিচারের আওতায় আনতে সরাসরি অবদান রেখেছেন। জাজি ২০১০ সালের ফেব্রুয়ারি মাস থেকে সরকারকে পূর্ণ সহযোগিতা করে আসছেন। এই সহযোগিতার পুরস্কার হিসেবেই সরকার জাজিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।