
[১৯৭১ সালে যুদ্ধে যাওয়ার জন্য কিশোর, যুবক, বৃদ্ধ সবার চোখেমুখ তখন আগুনে তাতিয়ে থাকত। তাদের মুখের ভাষা তখন একটাই, ‘যুদ্ধে যাব’। অনেকেই মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে গিয়েছিলেন, আবার অনেকেই বয়স কম হওয়ার কারণে যুদ্ধে যেতে পারেননি। লেখক, সাংবাদিক ও নাট্যকার আহমেদ মুসাও এর ব্যতিক্রম নন। মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ নেওয়ার জন্য আমাকে অযোগ্য বিবেচনা করা হলো। বারবার লাইনে দাঁড়াই, কাজ হয় না। আমার ডান-বাম থেকে সবাইকে নেয়, আমাকে নেয় না। কারণ একটাই, বয়স যে কম তা শুধু নয়, অসম্ভব রোগা আমি। ওদের ধারণা, আমি বন্দুকই আগলাতে পারব না। কিন্তু আমি জানতাম পারব। তাই হাল না ছেড়ে বারবার দাঁড়াতাম লাইনে।’ কিন্তু আহমেদ মুসার রক্তে ছিল যুদ্ধের যাওয়ার দৃঢ়তা। চলুন সেই গল্পটি শুনি আহমেদ মুসার মুখ থেকেই]
গল্প-৭
বিজয়ের আলোয় সুখ-দুঃখ ও গৌরবের গল্প
মনে পড়ে, ১৯৭০ সালে আমি যখন ভোটারও হইনি, নৌকায় ভোট দিয়েছিলাম তিনটি। সারা দেশটাই তখন নৌকাময়। আমার মতো অতি উৎসাহীদের কর্মকাণ্ড ছাড়াই নৌকার বিজয় একই রকম হতো সন্দেহ নেই। কিন্তু কে শোনে কার কথা!
ইয়াহিয়া খান যখন ৩ মার্চ জাতীয় সংসদের অধিবেশন স্থগিত ঘোষণা করলেন, বাঙালিরা হয়ে উঠলেন মারমুখী। বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতি তখন ঐক্যবদ্ধ। মাওলানা ভাসানী, অধ্যাপক মোজাফ্ফর, মনি সিং প্রমুখ স্বাধীনতার মৌলিক প্রশ্নে একমত। ব্যক্তি নেতৃত্বের একগুঁয়েমিতে তাঁরা জাতিকে বিভক্ত করেননি। ঝুঁকি নেননি। ওয়াক ওভার দিয়েছেন বঙ্গবন্ধুকে, দিয়েছেন সহায়তা-পরামর্শ। এ এক অনন্য মহানুভবতা।
৩ মার্চের পর এক রাতে কারফিউ ভাঙার জন্য কাশেম ভাইয়ের ছোট ভাই ওয়াদুদসহ আমরা কয়েকজন মিছিল করে মহল্লা থেকে স্লোগান দিতে দিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যাচ্ছিলাম। সাকুরার কাছে যাওয়ার পরপরই ইন্টারকন্টিনেন্টালে অবস্থান নেওয়া পাকিস্তানি সৈন্যরা ফাঁকা গুলি শুরু করে। তখনো আমাদের নির্বিচারে হত্যার লাইসেন্স তারা পায়নি বলে বেঁচে গেলাম সেই যাত্রা। দৌড়ে চলে আসি বাসায়। এ ঘটনার পর মার্চের মাঝামাঝি আমার মা, ভাবি ও ছোট ভাই ইউসুফসহ আমাকে জোর করে গ্রামের বাড়ি আড়াইহাজারের ইজারকান্দিতে পাঠিয়ে দেওয়া হলো।
ঢাকায় রয়ে গেলেন বড় ভাই মহিউদ্দিন আহমেদ ও বাবা মমতাজ উদ্দিন আহমেদ। গ্রামের বাড়ি গিয়ে মন টিকছিল না। মনে হচ্ছিল এত বড় আন্দোলন ও আয়োজন থেকে দূরে থাকব? আমি কি এতই ভীরু? এরপর একেবারে মালির ঘাড়ে গিয়ে পড়লাম। ২৫ মার্চ সন্ধ্যায় উপস্থিত হলাম ঢাকার বাসায়। আমাকে দেখে সবাই উৎকণ্ঠিত। অনেক পথ হাঁটার কারণে ক্লান্ত ছিলাম বলে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ পরে ঘুম থেকে উঠে জানলাম, খোলা জিপে শেখ কামাল ও আওরঙ্গ আমাদের মহল্লায় এসে কাশেম ভাইকে কিছু নির্দেশ দিয়ে দ্রুত চলে গেছেন। আমাদের গলিতে ব্যারিকেড দেওয়া শুরু করলাম।
আমাদের দোকানের মাত্র কয়েক গজ দূরে দি পিপল ও গণবাংলা পত্রিকার অফিস। টিক্কা খান বেজায় খাপ্পা ছিল পত্রিকা দুটির ওপর, বিশেষ করে টিক্কার ব্যঙ্গাত্মক কার্টুন ছাপা হওয়ায়। আমাদের ছোটাছুটির মধ্যেই শুরু হয়ে গেল ধরপাকড়। রাত ১২টার পর বিভীষিকা নেমে এল ঢাকায়। আমরা লুকোলাম হোটেল গ্রিনে। লুকোনো অবস্থায়ই দেখলাম দি পিপল ও গণবাংলায় আগুন দিচ্ছে পাকিস্তানি মিলিশিয়ারা। সঙ্গে নিপ্পন মোটরস জ্বলল। পাশের কাঁটাবন বস্তিতে দেখলাম আগুনের শিখা। হোটেল গ্রিন থেকে পূর্ব পাশের সাকুরা পর্যন্ত বামপাশের প্রতিটি দোকান পুড়িয়ে দিল তারা। হোটেল গ্রিন আর তার সামনে আমাদের দোকানসহ অনেক দোকান ভাগ্যক্রমে বেঁচে গেল। কারণ এই জায়গার মালিক ইয়াহিয়া খানের দূর সম্পর্কের বোন নওয়াব আয়েশা বেগম। বিহারিরা এখানে থাকে বলে মহল্লাটাও বেঁচে গেল। প্রায় দুই দিন অবরুদ্ধ থাকার পর শুক্রবার জুমার নামাজের আগে কারফিউ তোলার পর আমরা তিনজন তিন দিকে বেরিয়ে পড়লাম, যাতে মারা পড়লেও একসঙ্গে সবাই না মরি। আমি চলে গেলাম বন্ধু আনিসের সঙ্গে কলাকোপার আগলী-গালিমপুরে। আনিস নিপ্পন মোটরসে কাজ করত। বাবা গেলেন কাকরাইল মসজিদের তাবলিগ জামাতের সঙ্গে। বড় ভাই গেলেন আরেক কাফেলায়।
গ্রিন হোটেল থেকে বের হয়ে প্রথম দেখলাম আমার এক বন্ধুর লাশ, আমাদের এলাকার খাগকান্দার সিদ্দিক ভাই। সাকুরার পাশে তার দোকানে জ্বলন্ত অঙ্গার হয়ে বসে আছেন। খুব ঘনিষ্ঠ ছিলাম। আমরা প্রায়ই একসঙ্গে দোকানের মাল কিনতে মৌলভীবাজার যেতাম, এক লঞ্চে বাড়ি ফিরতাম। এই দোকানের মালিক ছিলেন এমদাদুল হক ভূঁইয়া, যিনি ১৯৯৬ সালে আড়াইহাজারে আওয়ামী লীগ দলীয় সাংসদ হয়েছিলেন। তার আগে ছিলেন জাতীয় পার্টির উপজেলা চেয়ারম্যান। তিনি পাকিস্তান আমলে কসকো নামক এক পাকিস্তানি কোম্পানিতে চাকরি করতেন। মাঝে মাঝে কথা হতো তখন।
শাহবাগ হয়ে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভেতর দিয়ে ডানে-বামে অসংখ্য লাশ ও আহত মানুষ পেছনে ফেলে ভীত মানুষের কাফেলার সঙ্গে সারা দিন হেঁটে সন্ধ্যায় পৌঁছলাম গালিমপুর। গ্রামের রাস্তার দুপাশে দেখলাম খাদ্য ও পানি নিয়ে দাঁড়িয়ে আছে শত শত মানুষ। শিশুদের জন্য নিয়ে এসেছে দুধ। বাঙালির নৈতিকতায় সেদিন এসেছিল প্লাবন, যা আমরা ধরে রাখতে পারলে ইতিহাস হতো অন্যরকম।
গালিমপুর থেকে পরের সপ্তায় দুই দিন হেঁটে বাড়িতে পৌঁছে দেখি আব্বা আর বড় ভাই আগেই পৌঁছে গেছেন। স্বস্তির নিশ্বাস ছাড়লাম।
আমাদের এলাকাটি মেঘনা নদী পরিবেষ্টিত দুর্গম চর। চৌদ্দটি গ্রাম নিয়ে কালাপাহাড়িয়া ইউনিয়ন। কেউ কেউ বলেন চৌদ্দমৌজা। চার পাশের মেঘনা দিয়ে আর্মি আসা-যাওয়া করলেও চরের ভেতর কখনো ঢোকেনি। পাকিস্তানের সমর্থক ও মালেক মন্ত্রিসভার এসএম সোলায়মানের কিছু অনুগামী থাকলেও তারা তেমন মাথাচাড়া দেয়নি। দু-চারটি বিচ্ছিন্ন ঘটনা অবশ্য ঘটেছিল। একবার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে গোপনে এসএম সোলায়মানের কেএসপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে হাতে লেখা পোস্টার সাঁটা হয়েছিল, গ্রামের বাজারের ভবনের দেয়ালে। এ নিয়ে বেশ কিছুদিন উত্তেজনা বিরাজ করে। কেউ কেউ সেনাবাহিনী ডেকে আনার হুমকিও দিয়েছিল। মনে পড়ে, এ নিয়ে শেষে একটি গ্রাম্য সালিসও হয়েছিল কালাপাহাড়িয়া গ্রামের আমবাগে। কিন্তু শেষ পর্যন্ত তেমন কোনো অশান্তি হয়নি।
আমাদের এলাকা থেকে মুক্তিযুদ্ধে একটি বড় দল গিয়েছিল। আড়াইহাজারে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন আবদুস সামাদ। শামসুল হক ছিলেন নাম করা মুক্তিযোদ্ধা যিনি ১৯৮৯ সালে বিএনপি থেকে সাংসদ হয়েছিলেন। আমাদের ইউনিয়নের মূল নীতিনির্ধারক ছিলেন আমার বাবার দুই মামা, কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়সহ স্থানীয় মেডিকেল ও আরও অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আবদুর রশিদ ও মিয়া মোহাম্মদ এরশাদউল্লা। এলাকার মানুষের কাছে খুবই শ্রদ্ধাভাজন এই দুজন ছিলেন যথাক্রমে সমাজকল্যাণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপক। তাদের পরামর্শক্রমেই দুজন রাজাকার বাহিনীতে গিয়ে অস্ত্র হাতিয়ে মুক্তিযুদ্ধে চলে যান। তখন স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকেও রাজাকারদের প্রতি অস্ত্রসহ মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছিল। এ ছাড়া এলাকার শান্তি কমিটি যাতে সত্যিকারের পাকিস্তানপন্থীদের হাতে চলে না যায় ও এলাকায় পাকিস্তানি সৈন্যদের যাতে ডেকে আনতে না পারে, সে জন্য আবদুর রশিদ ও মিয়া মোহাম্মদ এরশাদউল্লাহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাপ করে আওয়ামী লীগেরই একজনকে শান্তি কমিটির চেয়ারম্যান করেন। ফলে আমাদের অঞ্চল পাকিস্তানিদের আক্রমণ থেকে বেঁচে যায়। আমাদের ইউনিয়নে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন কদমিরচর গ্রামের ফজলুল হক। ইনি বেশ কয়েকবার ইউপি চেয়ারম্যান হয়েছিলেন। একাত্তরে তিনিও দুজনেরই বাছাই করা কমান্ডার ছিলেন।
আমরা ঢাকার দোকান ফেলে বাড়িতে গিয়েছিলাম প্রায় খালি হাতে। গ্রামে গিয়ে আমাদের একটি জমি বন্ধক রেখে বাজারে দোকান কিনলাম। মূলত বড় ভাই দেখাশোনা করতেন দোকান। এর আয় দিয়েই কোন রকম সংসার চলতো। সে জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও তার মুক্তিযুদ্ধে যাওয়া হয়নি।
এপ্রিলের মাঝামাঝি বাবা বললেন, ঢাকা গিয়ে দোকান থেকে অন্তত কিছু মালপত্র নিয়ে আসবেন। তাঁর বয়স ও পরহেজগার অবয়ব দেখে সৈন্যরা তাকে কিছু করবে না বলে জানালেন। আমি তাঁর সঙ্গে যাওয়ার বায়না ধরলাম। তখন ঢাকা কিশোর-যুবকদের জন্য ভয়ানক ঝুঁকিপূর্ণ। অনেককে মিলিটারি ধরে নিয়ে মেরে ফেলার সংবাদ গ্রামে থেকেই পেতাম। কারণ আমাদের এলাকার কিছু সরকারি–বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী কাজে যোগ দিয়েছিলেন। বাবা প্রথমে ইতস্তত করলেও সঙ্গে নিতে রাজি হন। তার ধারণামতে, আমার বয়স ও শারীরিক কাঠামো মিলিটারির দৃষ্টি আকর্ষণ করার মতো ছিল না। কিন্তু হোটেল গ্রিনে পৌঁছার পর আমাকে আনায় সবাই বাবাকে দুষতে লাগলেন। গ্রিন হোটেলে আমার এক খালুও কাজ করতেন। দীন ইসলাম নামের একজন আত্মীয়ও ছিলেন। সবাই আমাকে তক্ষুণি গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে বললেন। আমি ছাত্রলীগ করা ছেলে হিসেবে বিহারিদের কাছে চিহ্নিত ছিলাম বলে এই দুশ্চিন্তা। বাবা শেষে আমাকে কিছু দামি কিন্তু হালকা মাল নিয়ে ফিরে যাওয়ার পরামর্শ দিয়ে চাবি দিলেন আমার হাতে।
গ্রিন হোটেল থেকে বের হয়ে দেখি মার্চের গোড়ার দিকে আমার হাতে লেখা ‘চিকা’র ওপর সাদা রঙ্গের প্রলেপ। হাসান আসকারীর বাড়ি পুড়িয়ে দেওয়ার পর তার মাঠে পড়ে থাকা ম্যানহোলের কয়েক হাজার পাইপ খাড়া করে ঘেরাও সৃষ্টি করা হয়েছিল। মার্চের দ্বিতীয় সপ্তাহে আমি কয়েকজনকে নিয়ে এসব পাইপের ওপর স্লোগান লিখেছিলাম। একেকটা পাইপে একটা করে অক্ষর। যেসব স্লোগান লিখেছিলাম সেসবের মধ্যে ছিল, ‘জয় বাংলা, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব লও লও লও সালাম’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’ ইত্যাদি। লেখার ওপর প্রলেপ দেখে খারাপ লাগলেও আশ্বস্ত হলাম এই ভেবে যে, এগুলো যে আমার হাতের লেখা সেটা আর প্রমাণ করা যাবে না। অবশ্য লেখার সময় কিছু অবাঙালি যুবকও আমাদের সুনজরে থাকতে উৎসাহ দিয়েছিল। এখনতো অবস্থা পাল্টে গেছে। চিন্তিত অবস্থায় দোকানের সামনে এসে দাঁড়ালাম।
আমাকে দোকানের সামনে দেখে প্রতিবেশী বিহারি সেলিম মিস্ত্রি এগিয়ে এসে যা বলল, তার সারমর্ম হচ্ছে, এবার ভালো একটা গোসল দিয়ে দোকান খুলে বস, তোমার কোনো ভয় নেই, আমরা আছি ইত্যাদি। এই লোকের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল। একসঙ্গে ভলিবল খেলতাম। তারপরও গোসলের কথা বলল ঈঙ্গিতপূর্ণভাবে। অর্থাৎ, আগে আন্দোলন-সংগ্রাম যা করেছ, ভুলে গিয়ে পরিশুদ্ধ হও। আরেক প্রতিবেশী বিহারি গোলাম হোসেন টিটকারি দিয়ে বলল, ‘কোথায় গেল তোমাদের সাড়ে সাত কোটি!’ মনটা খারাপ হয়ে গেল। আরও কিছু বিহারি ছেলেমেয়েকে আসতে দেখে দোকান খোলা নিরাপদ মনে করলাম না। গ্রিন হোটেলে ফিরে বাবার হাতে চাবি দিয়ে সব বললাম। বাবা বললেন, তুই এখানেই অপেক্ষা কর। আমি কিছু মাল নিয়ে আসি।
বাবা দোকান খুলতে গিয়ে দেখেন কাশেম ভাইয়ের দোকানের সামনে নওয়াব আয়েশা বেগম দাঁড়িয়ে কয়েকজন বিহারিকে চিৎকার করে বলছে, ‘ইয়ে কাফের কাশেম কা দোকান। লুট লো সব...।’ পাশে দাঁড়িয়ে আছে কয়েকজন সৈন্য। আমরা হোটেল থেকেই তার চিৎকার শুনছিলাম। বাবাও আমাদের দোকান না খুলে আবার ফেরত এলেন। এবার আর কাউকে কিছু বলতে হলো না। আমি গ্রিনের পেছন দিয়ে মহল্লার শেষ কোনা ধরে শুকুর মোহাম্মদের বাড়িতে ঢোকার চিন্তা করলাম। দেয়াল টপকানোর প্রস্তুতি নিতে গিয়ে দেখি, বিহারি আহমদ আলীর স্ত্রী আমাকে ডাকছেন। বিহারিদের মধ্যে এই পরিবারটিকে সজ্জন হিসেবে দেখেছি। তাই খুব একটা ঘাবড়ালাম না। তিনি এসে আমার হাত ধরে তার বাসায় নিয়ে এলেন। একসময় আমরা এই বাসায় ভাড়া থাকতাম। আমার মা তাকে খুব পছন্দ করতেন। আমি কোনো ভুল করলে মা নিজে না বকে তার কাছে বলতেন। তিনি আমাকে তিরস্কার করে সাবধান করতেন। ঘরে ঢোকার পর তিনিও উর্দুতে অনুযোগ করলেন, ‘আমি কেন আসলাম।’ তিনি দ্রুত ভাত বেড়ে দিলেন। আমি খেতে থাকি।
আহমদ আলীর স্ত্রী বললেন, আর্মি শহর কবজা করেছে। এরপর গ্রামে ছড়িয়ে পড়বে। সাবধানে থেকো। তার অভয় পেয়ে বের হয়ে আমি মহল্লার এবার গলি ধরে চলে এলাম লোক প্রশাসন ভবনের কাছে। সেখানে থামের আড়ালে দাঁড়িয়ে জিরিয়ে নিলাম কতক্ষণ। তারপর ডানে-বামে দেখে বামে শাহবাগ হোটেল পেরিয়ে চলে এলাম তৎকালীন রেডিও পাকিস্তান অফিসের সামনে, বাস স্টপে। রাস্তায় একজনমাত্র পরিচিতের সঙ্গে দেখা হলো। পাঞ্জাবি ক্ষৌরকার আল্লাদাত্তা খানের ছেলে। নামটা ভুলে গেছি। অতিশয় গরিব বলে মাঝে মাঝে ওকে এটা-সেটা দিতাম। সে কুশল জিজ্ঞেস করে তার পথে চলে গেল। সে হয়তো ভেবেছিল মহল্লাতেই আছি। বাস থামতেই দ্রুত উঠে পড়লাম।
বাসে বসে মনে মনে ভাবতে চেষ্টা করলাম, ঠিক এই সময়টাতেই কাশেম ভাইয়ের দোকান লুট করতে নওয়াব আয়েশা বেগম কেন আর্মি ডেকে আনলেন? ব্যাপারটি কাকতালীয়ও হতে পারে। আমাদের জন্য আর্মি ডেকে আনলে বাবা ও আমাকে নিশ্চয় তুলে দিতেন আর্মির হাতে। লুট করাতেন আমাদের দোকানও। হয়তো বাবাকে দেখার পর তার কাশেম ভাইয়ের কথা স্মরণ হয়েছে। হতে পারে আমাদের ভয় দিতে তিনি এটা করেছেন। এমনও হতে পারে, আমার বাবা শ্মশ্রুমণ্ডিত পরহেজগার হওয়ায় তিনি খানিকটা সমীহ করতেন বলেই হয়তো সেদিন তাকে মিলিটারির হাতে তুলে দেননি। ভয়ের মধ্যেও আমার সবচেয়ে কৌতূহল লাগছিল এই নারীর আচরণ। প্রায় সারা দিন মাতাল অবস্থায় থাকা এই নারীর হাতে জ্বলে দামি সিগারেট। খিস্তি করেন অহরহ। এই নারী যখন কাশেম ভাইকে ‘কাফের’ বলে গালি দেন, তখন তাদের ইসলামের মানে কতই না ঠুনকো ঠেকে। তখন আওয়ামী লীগ ও ন্যাপসহ আন্দোলনরত সবাই তাদের কাছে কাফের। বিশেষ করে নওয়াব হাসান আসকারি ও খাজা শাহাবুদ্দিনের বাড়িতে আগুন দেওয়ার কারণে মাওলানা ভাসানীর অনুসারীদের প্রতি তাদের বিদ্বেষ আরও বেড়ে যায়। মহল্লার বিহারিরা ছড়া কাটতে শুরু করে, ‘সর্দি-কাশি-হাঁপানি, মাওলানা ভাসানী।’
নওয়াব আয়েশা বেগম শুধু নয়, খাজা তোফায়েল, খাজা হাবিবুল্লা প্রমুখ দূর থেকে দেখলেই আমরা দামি সিগারেট সব লুকিয়ে ফেলতাম। কারণ, সেসব দেখলে তারা বিনে পয়সায় থাবা মেরে নিয়ে যেতেন। জায়গা ও বাড়িভাড়া ছাড়া তাদের আর কোনো রোজগার ছিল না। কিন্তু খাই ছিল অনেক বেশি। তবে নওয়াব আয়েশা বেগমকে আমার ছিটগ্রস্ত মনে হয়েছে। তার নাতি মানে মুন্নীর বাচ্চা থালা ভাঙার শব্দে একবার আনন্দ পেয়েছিল দেখে নওয়াব বেগম প্রায়ই অনেক নতুন থালা কিনে নাতিকে ভাঙতে দিতেন, সেই শব্দে তিনিও বিমল আনন্দ পেতেন। ঘরের জনাপাঁচেক মানুষের জন্য কাজের লোক ছিল ডজনখানেক। কাউকেই বেতন দেওয়া হতো না। ওটা–সেটা দিয়ে নানাভাবে পুষিয়ে নিতেন। কাউকে কাউকে থাকার জন্য কিছু জায়গা দেখিয়ে দেওয়া হতো। ওরা আবার ছাপড়া তুলে সেগুলো গরিব মানুষের কাছে ভাড়া দিতেন। রোজার মাসে শুধু ইফতারের জিনিসপত্র কেনার জন্য থাকত সাত্তার নামের এক আধা-বাঙালি। নওয়াব আয়েশা বেগম রোজায় গরিবদের ইফতার খাওয়াতেন, যদিও তার মদ্যপানে দিনেও বিরতি হতো না। আমি অবাক হয়ে দেখতাম, এই নারীই আবার ইফতারের জন্য সবচেয়ে ভালো মসুর ডাল ও খাঁটি সরিষার তেল আনাতেন দূরের রহমত ওয়েল মিলের গেট থেকে। যা হোক, আয়েশার কাছে আমাদের কৃতজ্ঞতার বড় কারণ, তিনি ইয়াহিয়া খানের আত্মীয় হওয়ায় ২৫ মার্চ আমরা কয়েক শ মানুষ বেঁচে গিয়েছিলাম। আগুনের হাত থেকে রক্ষা পেয়েছিল আমাদের দোকানটিও। বাবা পরে এক সময়ে দোকানের কিছু মাল আনতে পেরেছিলেন। কিছু মাল হাওয়া হয়ে যায়।
আজ আমার ওজন শরীরের সঙ্গে মানানসইয়ের চেয়ে বেশি। কিন্তু একাত্তরে ছিলাম লিকলিকে, মাত্র পঁচানব্বই পাউন্ড। ক্লাস টেনে উঠেছি মাত্র। বাড়িতে কয়েক দিন থাকার পর গ্রামের বন্ধু সিরাজকে নিয়ে পালিয়ে গেলাম আগরতলা। লুঙ্গির নিচে একটি ছোট চাদর ঢুকিয়ে বাড়ি থেকে নৌকায় গেলাম চন্দনপুর। মার কাছ থেকে বিদায় নিলাম চন্দনপুর বাজারে যাওয়ার কথা বলে। সেখান থেকে লঞ্চে রামকৃষ্ণপুর। সেখান থেকে চারঘাটে রাত কাটিয়ে গেলাম এক গ্রামে। নাম সম্ভবত মনিয়ন্দ। রাতে পার হলাম সিঅ্যান্ডবি ব্রিজ। রাজাকাররা শরণার্থীদের কাছ থেকে মাথাপিছু দুই টাকা করে নিল। যারা মুক্তিযুদ্ধ করতে যাচ্ছে তাদের ফ্রি। রেললাইন পার হয়ে অনেকক্ষণ হেঁটে ও ট্রাকে করে পৌঁছলাম আগরতলা।
প্রথমে গেলাম কংগ্রেস ভবনে। তার আগে পরিচিত একজনকে ধরে আওয়ামী লীগের এক নেতার কাছ থেকে সনদ নিলাম। (পরে বর্ণনা শুনে ও ঘটনা পরম্পরায় জানতে পেরেছিলাম, ইনি ছিলেন ডা. বদরুদ্দোজা চৌধুরীর বাবা কফিল উদ্দিন চৌধুরী)। একদিন পর আমাদের পাঠানো হলো হাপানিয়া বেজ ক্যাম্পে। এখান থেকে প্রশিক্ষণের জন্য মুক্তিযোদ্ধা বাছাই করা হয়। কিন্তু দুর্ভাগ্য, আমাকে মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ নেওয়ার অযোগ্য বিবেচনা করা হলো। বারবার লাইনে দাঁড়াই, কাজ হয় না। আমার ডান-বাম থেকে সবাইকে নেয়, আমাকে নেয় না। কারণ একটাই, বয়স যে কম তা শুধু নয়, অসম্ভব রোগা আমি। ওদের ধারণা, আমি বন্দুকই আগলাতে পারব না। কিন্তু আমি জানতাম পারব। তাই হাল না ছেড়ে বারবার দাঁড়াতাম লাইনে। একবার সিরাজকে রিক্রুট করল, কিন্তু আমাকে করল না। সিরাজ আবার আমাকে ছাড়া যাবে না। আমার জন্য বেচারার যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া হলো না।
এক সময় কঠিন পেটের পীড়া ও আমাশয় হয়ে গেল, হওয়ারই কথা। বেজ ক্যাম্পে ভাত দিত এক বেলা। সন্ধ্যার পর। প্রায় পচে যাওয়া আতপ চালের মধ্যে পোকাও থাকত যা সন্ধ্যার অন্ধকারে দেখা না যাওয়ায় ভালোই হতো। সঙ্গে কথিত ডাল, প্রায় পানিই বলা যায় একে। তবে শুনতাম, যারা প্রশিক্ষণ নিতে যেত, সেখানে আরও উন্নত খাবার ছিল। এসব নিয়ে কারওই কোনো অনুযোগ ছিল না, আমাদেরও না। ভারত সাধ্যমতো যথেষ্ট করেছিল। কিন্তু অসুখ তো কিছুই বিবেচনা করে না। অনেকেই অসুস্থ হয়ে পড়ত। অবস্থা সংকটজনক দেখে আগস্টে ফিরে এলাম বাড়িতে।
আবার সুস্থ হয়ে নভেম্বরে এলাকার আরও ৩০ জন একসঙ্গে রওনা হলাম ত্রিপুরায়। এদের মধ্যে ছিলেন ঝাউকান্দির আবুল কাশেম, কালাপাহাড়িয়ার শফিকুল ইসলাম সিদ্দিক, স্থানীয় অভিনেতা আবদুর রহমান, স্নেহভাজন সাংবাদিক শেখ ফরিদের বাবা আবদুল লতিফ ও প্রথম সঙ্গে যাওয়া সিরাজুল ইসলাম প্রমুখ। এবার আর পালিয়ে নয়। মা, বাবা ও বড় ভাই নৌকায় তুলে দিলেন। গতবার পালিয়ে যাওয়ার সময়ও আসলে মা টের পেয়েছিলেন। পরে বলেছেন, মা বঙ্গবন্ধুর মুক্তির জন্য রোজা রেখেছিলেন কয়েকটা। বাবাও নামাজ পড়ে দোয়া করতেন দ্রুত স্বাধীনতার জন্য। বিহারিদের সঙ্গে তাঁরও ছিল অনেক তিক্ত অভিজ্ঞতা।
কিন্তু সেবার আর সীমান্ত পার হওয়া গেল না। সীমান্তে তখন পাকিস্তানিদের সঙ্গে আলবদর, আলশামস সদস্যরাও পাহারা দিচ্ছিল। মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের যাওয়া-আসা কঠিন হয়ে পড়ল। কারণ, আলবদর-আলশামস স্থানীয় বলে জানত কোন কোন পয়েন্ট বন্ধ করতে হবে। কী ভয়ংকর ও নিপুণ তাদের বিশ্বাসঘাতকতা। কয়েক দিন নৌকায় কাটিয়ে আবার ফিরে এলাম। অপেক্ষা করতে থাকলাম সীমান্তের অবস্থা শিথিল হওয়ার। কিন্তু তা আর হয়নি। সর্বাত্মক যুদ্ধ লেগে গেল। স্বাধীন হয়ে গেল আমার দেশ। আক্ষেপ রয়ে গেল আমার। আমার স্বজনেরা, আমাদের বীরেরা লড়াই করে, জীবন দিয়ে স্বাধীনতা দিয়ে গেল আমাদের। আমাকে দিয়ে গেল বাড়তি কিছু, স্বাধীনতার সঙ্গে সঙ্গে প্রথম শ্রেণির নাগরিকত্বও।
পাকিস্তানিরা আত্মসমর্পণের সপ্তাহ খানিক পর ঢাকা গেলাম। আমার বড়ভাই কমলাপুর রেলওয়ে স্টেশনের রিফ্রেসমেন্ট রুমে ম্যানেজার হিসাবে তার আগের কাজে যোগ দিয়েছেন ১৮ তারিখ থেকেই।
মহল্লায় যেসব বাঙালি ভাড়া থাকত, সবাই গিয়ে যার যার বাসায় উঠল। অবাঙালিরা পালিয়ে বিহারি ক্যাম্পে চলে গেছে। সম্পন্ন ব্যক্তিরা বা লুট করে নতুন ধনী হওয়া ব্যক্তিরা আগেই চলে গেছে পাকিস্তান। আমরা যে বাসায় ভাড়া থাকতাম, সেটি দখলে নেওয়ার ব্যাপারে বড় ভাই মহিউদ্দিন আহমদ আমার পরামর্শ চাইলেন। আমার মনে পড়ে, সেদিন বলেছিলাম, কোনো কিছু দখল করা ঠিক হবে না। বঙ্গবন্ধু বলেছেন, দেশে সমাজতন্ত্র কায়েম হবে। কারও অভাব থাকবে না। আমার ভাই আমার কথা মেনে নিয়ে বাসা ছেড়ে দিলেন। কয়েক দিন পর রেলওয়ে ক্যাটারিংয়ে জড়িতরা গঠন করলেন সমবায়। বড়ভাই একজন পরিচালক হিসেবে চলে গেলেন লাকসাম রেলওয়ে রিফ্রেশমেন্ট রুমে। আমি আমার স্কুল থেকে রেজিস্ট্রেশন পাল্টে ১৯৭২ সালের সেপ্টেম্বরে এসএসসি পরীক্ষা দিলাম নিজের এলাকা কালাপাহাড়িয়া ইউনিয়ন হাই স্কুল থেকে। পাশ করে এই স্কুলেই জুনিয়র শিক্ষকের চাকরি নিলাম। কারণ, আমাদের আর্থিক অবস্থা তখন খারাপ। এর আগে অল্প কয়েক দিন শিক্ষকতা করেছি উলুকান্দি প্রাইমারি স্কুলে। দোকান দেখাশোনায়ও সাহায্য করতে থাকি বাবাকে।
সশস্ত্র যুদ্ধে যেতে না পারার আক্ষেপ রয়েই গেল। সান্ত্বনা এই, চেষ্টার ত্রুটি ছিল না। পরবর্তী জীবনে মুক্তিযুদ্ধের মহান স্বপ্ন-চেতনার পক্ষে যা কিছু ঘটেছে সে-সবের মিছিলে থাকার চেষ্টা করেছি, করে যাচ্ছিও। আমি মনে করি, আমাদের স্বাধীনার যুদ্ধ শেষ হলেও মুক্তির সংগ্রাম বিরামহীন চলছে। বাংলাদেশকে দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করতে এই সংগ্রাম চলবে।