মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আর কোনো বিভেদ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আর কোনো বিভেদ-বিভক্তি নয়। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার নেতা মানেন না তারা বাঙালি হতে পারেন না।
সিদ্দিকুর রহমান বলেন, আমার বিরুদ্ধে যড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কমিটি। তাই প্রধানমন্ত্রী যত দিন চাইবেন তত দিন আমিই সভাপতি। আমার বিরুদ্ধে মিথ্যা বক্তব্য আর ষড়যন্ত্র করে সিদ্দিকুর রহমানকে দমানো যাবে না। তিনি বলেন, সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে এলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বেই তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। তাই সবাইকে আওয়ামী লীগের কাছেই আসতে হবে।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ১৬ এপ্রিল সন্ধ্যায় ফাউন্ডেশনের পক্ষ থেকে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান এসব কথা বলেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি দরুদ মিয়া রনেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সাবেক উপদেষ্টা ড. ধনঞ্জয় সাহা, যুগ্ম সম্পাদক আইরীন পারভীন ও কোষাধ্যক্ষ আবুল মনসুর খান। প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী রতন।
এ ছাড়া সভায় আয়োজকদের অনুরোধে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের।
সভায় বক্তব্য রাখেন ডা. টমান দুলু রায়, কৃষিবিদ আবদুস সবুর, কৃষিবিদ সৈয়দ মিজানুর রহমান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম আলমগীর, সিটি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য শাহানারা রহমান ও যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহসভাপতি খান শওকত।
সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক শাহাদৎ হোসেন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি মো. সাজ্জাদ প্রামানিক বাচ্চু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সহসভাপতি নূরুল আবসার সেন্টু ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ মোহাম্মদ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক রাসেল প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ছয়ফুর ইসলাম সিদ্দিকী। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পর একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদসহ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। যৌথভাবে সভা সঞ্চালনা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সহসভাপতি সাইকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাজ ফাহমি।
সভায় ড. সিদ্দিকুর রহমান বলেন, বঙ্গবন্ধু, মুজিবনগর সরকার আর বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বাংলাদেশের রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুকে নেতা মেনেই রাজনীতি করতে হবে। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্র অনুমোদিত দরুদ মিয়া রনেলের নেতৃত্বে গঠিত যুক্তরাষ্ট্র শাখাকে বৈধ ফাউন্ডেশন হিসেবে উল্লেখ করে এই সংগঠনের সফলতা কামনা এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ডা. মাসুদুল হাসান বলেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকে সম্মান করে না, তাঁর ছবির মর্যাদা দেয় না তাদের সঙ্গে আমি সংগঠন করতে পারি না। বঙ্গবন্ধুকে সম্মান না জানানোর জন্যই আমরা এবিবিএ (আমেরিকা-বাংলাদেশ বিজনেস অ্যালায়েন্স) ছেড়ে বিএবিএ (বাংলাদেশি-আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশন) প্রতিষ্ঠা করেছি।
আবু তাহের বলেন, ইতিহাসের সত্য সবাইকে মেনে নিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি। এ নিয়ে কারও কোনো দ্বিমত, বিভ্রান্তি বা বিতর্ক থাকা উচিত নয়। সঠিক ইতিহাস নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
সভাপতির বক্তব্যে দরুদ মিয়া রনেল বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। এ জন্য ড. সিদ্দিকুর রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। অতীতে আমাকে ভুল বুঝিয়ে দলের সভাপতির বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। আমি আর ব্যবহার হব না।’ তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মাধ্যমে দলের জন্য কাজ করার অঙ্গীকার করেন।
ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের মধ্য দিয়ে দরুদ মিয়া রনেল নেতৃত্বাধীন বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের নতুন কমিটি তাদের কর্মকাণ্ড শুরু করেছে।