মুক্তিযোদ্ধা মুক্তাদির ও কিছু কথা

দেশপ্রেম কারও গায়ে লেখা থাকে না। দেশদ্রোহী হয়েও কেউ জন্মগ্রহণ করে না। সবার মাঝেই সুপ্ত দেশপ্রেম থাকে, তাই বলে প্রতিদিন মানুষের দেশপ্রেমের প্রকাশ ঘটে না। জাতির সংকটকালে একজনের নিঃস্বার্থ কর্মে প্রকাশ পায় তার দেশপ্রেম। আমাদের দেশপ্রেমও তেমনি একদিনে গড়ে ওঠেনি। দীর্ঘ ২৪ বছর পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিদ্বেষ, শাসন-শোষণ ও অত্যাচার–নির্যাতনের বিরুদ্ধে লড়াই সংগ্রামে শান দিয়ে তবেই আমাদের দেশপ্রেম জাগ্রত হয়েছে। একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে তার পরিপূর্ণ প্রকাশ ঘটেছে। হাজার হাজার ছাত্র-যুবক জীবন বাজি রেখে স্বাধীনতা অর্জনে আত্মনিয়োগ করেছে।
সিলেটের ম আ মুক্তাদির ছিলেন তেমনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তাদির তখন ১৮/১৯ বছরের তরুণ। সিলেট শহরের শহরতলির কদমতলী গ্রামে তাঁর জন্ম। প্রাথমিক লেখাপড়া স্থানীয় গ্রামের প্রাইমারি স্কুলে। এসএসসি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত রাজা জি সি হাইস্কুল থেকে। এইচএসসি মদন মোহন কলেজ এবং বিএ পাস করেন সিলেট সরকারি কলেজ থেকে। মুক্তাদির যখন স্কুলের কিশোর ছাত্র, পৃথিবীব্যাপী তখন শোষণহীন সমাজব্যবস্থা সমাজতন্ত্রের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা। অন্যদিকে ভিয়েতনামসহ এশিয়া আফ্রিকার দেশে দেশে চলছে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিক শাসন শোষণের কবল থেকে মুক্তির লড়াই। দুনিয়ার এক-তৃতীয়াংশ দেশে উড়ছে সমাজতন্ত্রের পতাকা। সমাজ পরিবর্তনের উত্তাল জোয়ারে উদ্বেলিত বিশ্বের যুব সমাজ।
কিশোর মুক্তাদির সেই উদ্বেলিত জোয়ারের প্রভাবের বাইরে ছিলেন না। বড় ভাই আবদুল মকিত ছিলেন বাম প্রগতিশীল রাজনীতির অনুসারী। প্রতিবেশী আরও অনেকে একই ধারার অনুসারী ছিলেন। পারিপার্শ্বিক অবস্থা ও পরিবেশ পৃথিবীর পিছয়ে পড়া দেশের ন্যায় অশিক্ষা ও দারিদ্র্যের করুণ ছাপ। অন্যদিকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর ঔপনিবেশিক শাসন-শোষণে আমরা ছিলাম শৃঙ্খলিত। স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পরিবর্তনশীল পরিস্থিতি কিশোর মুক্তাদিরের অনুসন্ধিৎসু মনকে অনুরণিত করেছে। অন্যদিকে পারিপার্শ্বিক দৈন্য তাঁকে পীড়িত ও ভাবিত করেছে। এসব ভাবনা-চিন্তা থেকে বড় ভাই ও প্রতিবেশী অনেকের পদাঙ্ক অনুসরণ করে মুক্তাদির স্কুল ও কলেজজীবনেই প্রতিবাদী হয়ে ওঠেন।
বায়ান্নর ভাষা আন্দোলন থেকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বাঙালির আন্দোলন-সংগ্রাম ক্রমবর্ধমান অব্যাহত গতিতে এগিয়ে গেছে। ৬৮/৬৯-এ সে লড়াই তীব্র আকার ধারণ করে। কিশোর ছাত্র মুক্তাদির সে আন্দোলনে সক্রিয় মাঠকর্মী। সেই আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় সত্তরের সাধারণ নির্বাচন। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে পাকিস্তানি শাসকগোষ্ঠী। আমরা বাঙালিরাও তাবেদারি আপসের বিরুদ্ধে অনড়। প্রতিশোধস্পৃহায় একাত্তরের ২৫ মার্চ নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র হানাদার বাহিনী। আমরা বাঙালিরাও তখন বাধ্য হই তাদের বিরুদ্ধে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে।
হাজার যুবকের সঙ্গে কিশোর মুক্তাদিরও সেদিন ভারতে প্রশিক্ষণ নিয়ে অংশ নেন মুক্তিযুদ্ধে। মেজর সি আর দত্তের নেতৃত্বে যুদ্ধ করেছেন ৪ নম্বর সেক্টরে। নিজের জীবন ও পরিবার–পরিজনের নিরাপত্তার কথা চিন্তা না করে পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে বাংলাদেশকে মুক্ত করতে লড়াই করেছেন। কখনো চিন্তা করেননি কিংবা জানতেন না, তাঁদের দেশপ্রেমের কোনো স্বীকৃতি কিংবা ব্যক্তিগত প্রত্যাশার প্রয়োজন রয়েছে। যুদ্ধ যখন হয় তখন একটা প্রতিপক্ষ থাকেই। বাংলাদেশের মানুষের শত্রুপক্ষ ছিল পাকিস্তানি সরকার, তাদের সেনাবাহিনী ও তাদের এ দেশীয় দোসরেরা। তাদের বিরুদ্ধে লড়াই করার মধ্যেই প্রকাশ পেয়েছিল মুক্তাদির তথা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ দেশপ্রেম।
যুদ্ধে পরিচয় সম্পর্ক হয়েছে বিশিষ্ট ছাত্র ও যুবনেতা আক্তার হোসেনসহ অনেকের সঙ্গে। যার ও যাদের সাহচর্য ও সান্নিধ্যে পরবর্তীতে মুক্তাদির রাজনীতির পাঠ নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ছাত্র-যুবক মুক্তিযোদ্ধাদের চিন্তা ও মননে অভাবনীয় রাজনৈতিক সচেতনতা গড়ে ওঠে। দেশাত্মবোধ এবং বাঙালি সংস্কৃতিবোধের অভাবনীয় বিকাশ ঘটে। আন্তর্জাতিক পরাশক্তির চারিত্রিক অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা জন্মে।
স্বাভাবিকভাবে তরুণ মুক্তিযোদ্ধা মুক্তাদিরের চিন্তা-চেতনাও নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের তিক্ত অভিজ্ঞতায় দেশ গঠনে উদ্বুদ্ধ হয়েছেন। সবার ন্যায় মুক্তাদিরেরও লক্ষ্য ও উদ্দেশ্য ছিল এক ও অভিন্ন। মোটা ভাত খেয়ে আর কাপড় পরে সুখে–শান্তিতে জীবন ধারণ করবে দেশের মানুষ। সাম্য-মৈত্রী ও সমতার ভিত্তিতে সুখী-সমৃদ্ধ শোষণহীন একটি ধর্মনিরপেক্ষ সমাজ প্রতিষ্ঠা পাবে। দীর্ঘদিনের বঞ্চিত ছাত্রদের প্রাণের দাবি একটি একমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে। এসবের লক্ষ্যে দেশ পরিচালিত হবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত রাষ্ট্রের গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষ এই চার মূলনীতি অনুসরণে।
কিন্তু দেশ গঠনের শুরুতেই সব স্বপ্ন ও পরিকল্পনা হোঁচট খায়। মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে দেশ পরিচালনার মূল পরিকল্পনাকারী তাজউদ্দীন আহমদকে সরিয়ে দেওয়া হয় সরকারের সব দায়িত্ব থেকে। দ্বিধা বিভক্তি দেখা দেয় ছাত্র-যুবক ও মুক্তিযোদ্ধাদের মধ্যে। বিভক্ত হয়ে যায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ। বঙ্গবন্ধু একটি অংশের পক্ষ অবলম্বন করে নেন। ছাত্রলীগের নিউক্লিয়াস হিসেবে পরিচিত গ্রুপটি চলে যায় বিপক্ষে।
এমনি একপর্যায়ে গঠিত হয় নতুন রাজনৈতিক দল বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক দল জাসদ। ছাত্রলীগের নিউক্লিয়াস গ্রুপটি যুক্ত হয় জাসদের সঙ্গে। তরুণ মুক্তাদির দেশ গঠনের স্বপ্নে হোঁচট খেয়ে স্বপ্ন পূরণের প্রত্যাশা নিয়ে শুরুতেই যুক্ত হন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সঙ্গে। বলিষ্ঠ নেতৃত্বে হয়ে ওঠেন শিক্ষাঙ্গনে ছাত্র আন্দোলনের নেতা আর রাস্তায় রাজনীতির মাঠকর্মী। আন্দোলন আর সংগ্রাম হয়ে ওঠে জীবনের পায়ে চলার পাথেয়। স্কুল–কলেজে গড়ে তোলেন জাসদ ছাত্রলীগের সংগঠন। অপ্রতিরোধ্য গতি পায় সিলেটের ছাত্র সংগঠন ও মাঠ পর্যায়ের আন্দোলন। সমাজ ও জনমনে স্থান করে নেন। নেতৃত্বে থেকেছেন কলেজ শাখা, জেলা পর্যায় ও কেন্দ্রীয় নেতৃত্বে। রাজনীতি ও স্থানীয় প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে নেতৃত্ব দিয়েছেন।
একপর্যায়ে জাসদে বিভক্তি দেখা দিলে যোগ দিয়েছেন বাসদের সঙ্গে। জীবনের শেষ দিন পর্যন্ত বাসদের রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন। রাজনীতি ও সংগঠন করতে গিয়ে বিভিন্ন সময় সরকার ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর পক্ষ থেকে নেমে এসেছে নানা অত্যাচার–নির্যাতন। কিন্তু স্বার্থ ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর ভয়ভীতি ও হুমকির কাছে কখনো আত্মসমর্পণ করেননি। কখনো প্রকাশ্যে, কখনো আত্মগোপনে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু একপর্যায়ে বাধ্য হয়ে গোপনে পাড়ি দিতে হয় লন্ডনে। লন্ডনে থেকেও দেশের প্রতিটি আন্দোলনে সক্রিয় থেকেছেন। নেতৃত্ব দিয়েছে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা স্বাধীনতাবিরোধী আন্দোলনে। পাশাপাশি প্রবাসী বাঙালিদের নানা সমস্যা নিয়ে সোচ্চার থেকেছেন। কিন্তু দুর্ভাগ্য ১৯৯৭ সালের ১৪ সেপ্টেম্বর নেমে আসে তার জীবনের সবচেয়ে নিষ্ঠুর ও চরম বিপর্যয়। মাত্র ৪৪ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার অকাল মৃত্যু হয়।
ছাত্রজীবন থেকেই মুক্তাদিরের লক্ষ্য ছিল সমাজতন্ত্রের পথে দেশের দুঃখী ও অনাহারক্লিষ্ট মানুষের মুখে হাসি ফোটানো। আমৃত্যু মুক্তিযুদ্ধের স্বপ্ন ও বিশ্বের নিপীড়িত মানুষের ভাগ্যোন্নয়নের স্বপ্ন লালন করে গেছেন। শুধু ছাত্র রাজনীতি ও রাজনীতিতেই তার ভূমিকা সীমাবদ্ধ রাখেননি। আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে তুলেছেন এক ঝাঁক অনুসারী, সহকর্মী ও নেতা-কর্মী। তাদের অনেকেই আজ ছড়িয়ে–ছিটিয়ে আছেন দেশে–বিদেশে। স্মৃতিতে মননে স্মরণে রেখেছেন তাদের প্রিয় নেতা ও সহকর্মী মুক্তাদির ভাইকে। জন্ম ও মৃত্যু দিবসে তাকে স্মরণ করতে একটুও ভুল করেন না। তার স্মৃতি রক্ষায় ও আগামী প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে গড়ে তুলেছেন মুক্তাদির স্মৃতি ট্রাস্ট।
দুঃখের বিষয়, জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া এবং মুক্তিযুদ্ধোত্তর দেশ গঠনে নেতৃত্বদানকারী অসংখ্য মুক্তাদির আজ সরকার ও সমাজের অবহেলায় লোকান্তরিত হওয়ার পথে। দুঃখের বিষয় হলেও সত্যি, মুক্তিযোদ্ধাদের নামে গঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এসব ক্ষেত্রে কোনো ভূমিকা আমরা লক্ষ্য করি না। বস্তুত এটি একটি স্বার্থবাদী ট্রাস্টে পরিণত হয়েছে। সরকার দলীয়দের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে। তাদের দুর্নীতি ও স্বার্থপরতায় বহু অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বানিয়েছে। প্রায়ই পত্রপত্রিকায় লক্ষ্য দেখা যায়, অনাহার ও অর্থকষ্টে প্রকৃত মুক্তিযোদ্ধাকে রাস্তাঘাটে ভিক্ষাবৃত্তি করতে। তাদের ভাগ্যে সরকারের কোনো সাহায্য জোটেনি। অথচ ট্রাস্টের দায়িত্ব মুক্তিযোদ্ধাদের অভাব-অনটন ও স্বার্থ দেখভাল করা। যেসব মুক্তিযোদ্ধা সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান ও ভূমিকা রেখেছেন তাদের প্রকৃত মূল্যায়ন করা। মুক্তাদিরের ন্যায় অবহেলিত অসংখ্য মুক্তিযোদ্ধাদের তুলে এনে নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ সমাজের অনুকরণীয় হিসেবে তাদের স্মৃতি ধরে রাখা।
আশা করি সরকার ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এসব ব্যাপারে নিরপেক্ষ নজর দিতে সচেষ্ট হবে। পরিশেষে মুক্তাদিরের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। বন্ধু ও সহকর্মীদের অকৃত্রিম ভালোবাসায় গড়ে ওঠা মুক্তাদির স্মৃতি ট্রাস্ট অম্লান ও অমর হোক।