মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্রের মহান বিজয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসের আলোচনা সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের নেতৃবৃন্দের সঙ্গে অতিথিরা।
বিজয় দিবসের আলোচনা সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের নেতৃবৃন্দের সঙ্গে অতিথিরা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড ইনক্-এর উদ্যোগে মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি ভেন্যুতে সম্প্রতি এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম আজিমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সৈয়দা ফয়জুন্নেসা। বিশেষ অতিথি ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।
সভার শুরুতে সম্মিলিত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানী, সব সেক্টর কমান্ডার, মুজিববাহিনীর চার সেক্টর কমান্ডার, ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শুরুতেই মঞ্চে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সঙ্গে নিয়ে সভাপতি এবং এর পর উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ সমবেতভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন শরীফ উদ্দিন, আবুল কাসেম সরকার, এ কে এম আশরাফুল ইসলাম মৃধা, এস এম রফিকুল ইসলাম, মো. হানিফ, কাজী শফিকুল হক, মলীন চন্দ্র সাহা, মো. নুরুল ইসলাম, মো. মফিদুল ইসলাম, মো. নুরুল আমিন, সাইদুর রহমান, শাব্বীর রহমান, মো. নুরুল আফসার, জাফর আলী খান, মুহাম্মদ আজিজ, সামছুল হক প্রমুখ। তাঁরা যুদ্ধকালীন স্মৃতি নিয়ে আলোচনা করেন।
সভায় অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, ‘ভবিষ্যতে প্রবাসে কোনো মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁকে দেশে পাঠানোর ক্ষেত্রে সরকারি অনুদানের বাইরে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।’
প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্‌যাপন সফল করতে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন।
সভার স্পনসর ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী। পরিশেষে উপস্থিত সবাইকে আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।