ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশন
মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান

সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানোর মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠান। বাংলাদেশের ৪৭ তম বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ব্রঙ্কসের বাংলাবাজারখ্যাত ওলমস্টেড অ্যাভিনিউর এশিয়া ড্রাইভিং স্কুল পার্টি সেন্টারে ১৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় আয়োজন করা হয় মুক্তিযোদ্ধা সম্মাননা ও বিজয় উৎসবের।
বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর উৎসবমুখর পরিবেশে ক্রেস্ট প্রদান ও গলায় লাল-সবুজের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় বাংলাদেশের ১০ বীর মুক্তিযোদ্ধাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল-এর প্রেসিডেন্ট প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। সংগঠনটির সভাপতি মোহাম্মদ এ ইসলাম মামুনের সভাপতিত্বে এবং ডা. নাহিদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা প্রবাসী মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দীকি ও সাবেক সহসাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মানবাধিকার উন্নয়ন সংস্থা হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মো. সোলায়মান আলী এবং বাংলাদেশ কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মনজুর হোসেন চৌধুরী জগলুল।
স্বাগত বক্তব্য রাখেন বিবিএর সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট রেক্সোনা মজুমদার, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, অয়েল কেয়ারের আনোয়ার হোসেন, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খবির উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মমতাজ উদ্দিন এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন শুভঙ্কর গাঙ্গুলি। অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। মুক্তিযুদ্ধের সংগীত পরিবেশন করেন আনোয়ার হোসেন। অনুষ্ঠানে ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন কমিউনিটির নেতারা ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
পরে ১০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন, আবদুল হালিম মুনশি, আবু কায়সার চিশতী, মুনশি বশীর উদ্দিন, মনির হোসেন, আবু মোহাম্মদ সাকিব রহমান, আজিজুল ইসলাম, আবদুল জলিল, এম এ কাশেম, হেদায়েত উল্লাহ খান ও ফজলুর রহমান চৌধুরী। এ ছাড়া ম্যারাথনার রাশেদ মজুমদার, সিক্স হান্ড্রেড বুক রিডার খাদিজা ভূঁইয়া এবং নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ পুলিশ প্রিসেনক্টেকেও সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা নিউইয়র্কে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান। তাঁরা ম্যানহাটনে পোর্ট অথোরিটি বাস টার্মিনালে বাংলাদেশি আকায়েদ উল্লাহর বোমা হামলা ঘটনার নিন্দা জানান।
সংগঠনের সভাপতি মোহাম্মদ এ ইসলাম মামুন অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী।