মুখ খুলতে নারাজ হোয়াইট হাউস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে হোয়াইট হাউসের অস্বস্তিকে আরও বাড়িয়ে তুলেছেন তাঁর জামাতা জ্যারেড কুশনার। এ অস্বস্তির মাত্রা এতটাই বেশি যে রাশিয়ার সঙ্গে গোপন যোগাযোগের চেষ্টা নিয়ে কুশনারের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কোনো কথা বলতে নারাজ এ প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা।
মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণের আগে তাঁর জামাতা কুশনার যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের মাধ্যমে মস্কোর সঙ্গে ‘গোপন যোগাযোগ’ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। এ খবরের সত্যতা কতটুকু সে ব্যাপারে কোনো প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেছেন ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টারা।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার বলেন, বিভিন্ন সরকারের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে গোপন মাধ্যম থাকা স্বাভাবিক ঘটনা। আর অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কোন বলেন, ‘জ্যারেডকে নিয়ে আমরা কোনো মন্তব্য করব না।’
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে রাশিয়ার অবৈধ হস্তক্ষেপ এবং ট্রাম্প ও তাঁর নির্বাচনী প্রচার শিবিরের সঙ্গে রুশ কর্মকর্তাদের গোপন আঁতাতের অভিযোগ নিয়ে তদন্ত করছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। তদন্তের অংশ হিসেবে কুশনারকেও নজরদারিতে রেখেছে তারা। খবরে বলা হয়, তদন্তকারীরা মনে করছেন, এ বিষয়ে কুশনারের কাছে প্রাসঙ্গিক তথ্য রয়েছে।
এ তদন্ত চলার মধ্যেই গত শুক্রবার ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস পত্রিকা বলেছে, মস্কোর সঙ্গে যোগাযোগের সময় যেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি এড়ানো যায়, কুশনার সেটাই চেয়েছিলেন।
কুশনারের বিরুদ্ধে গণমাধ্যমের নির্দিষ্ট কোনো প্রতিবেদনের ব্যাপারে জেনারেল ম্যাকমাস্টার কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও তিনি বলেন, যদি কোনো সরকারি কর্মকর্তা মস্কোর সঙ্গে গোপন যোগাযোগ প্রতিষ্ঠা করেও থাকেন, তবে সে জন্য তাঁকে দোষারোপ করা উচিত নয়।