মুখ খুলবেন সেই পর্নো তারকা

মুখ খুলবেন পর্নো তারকা স্টেফানি গ্রেগরি ক্লিফোর্ড। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় এক যুগ আগে এই পর্নো তারকার সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে। এত দিন এ বিষয়ে কিছু না বললেও এবার স্টেফানি নিজের গল্প সবাইকে বলবেন বলে গত বুধবার জানিয়েছেন স্টেফানির ব্যবস্থাপক গিনা রদ্রিগেজ।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল গত মাসে এক প্রতিবেদনে দাবি করে, ২০০৬ সালে স্টেফানির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন ট্রাম্প। তখন তাঁর একমাত্র পরিচয়, তিনি যুক্তরাষ্ট্রের একজন ধনাঢ্য ব্যবসায়ী। ওই ঘটনার চার মাস আগে বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাঁর ছেলে ব্যারনের জন্ম দেন। স্টেফানির মুখ বন্ধ রাখতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে ট্রাম্প তাঁকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দিয়েছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের আইনজীবী মাইকেল কোহেন অবশ্য গত মঙ্গলবার নিউইয়র্ক টাইমস-এর কাছে দাবি করেছেন, স্টেফানিকে দেওয়া ওই অর্থ ট্রাম্প বা ট্রাম্প অর্গানাইজেশনের নয়। এমনকি তা ট্রাম্পের নির্বাচনী প্রচারণা-সংশ্লিষ্টও নয়। ওই অর্থ তাঁর নিজের (কোহেন)। সম্পূর্ণ আইনসংগতভাবেই অর্থ সরবরাহ করা হয়েছে বলেও দাবি করেন এই আইনজীবী।
এরপর বুধবার স্টেফানির ব্যবস্থাপক গিনা রদ্রিগেজ বলেন, ট্রাম্পের আইনজীবীর ওই মন্তব্যের পর মুখ বন্ধ রাখার যে চুক্তি ছিল, তা ভেঙে গেছে। কাজেই এখন এক যুগ আগের সেই সম্পর্ক নিয়ে কথা বলায় আর কোনো বাধা দেখছেন না স্টেফানি।
মাইকেল কোহেনের মন্তব্যের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অবশ্য স্টেফানির সঙ্গে ট্রাম্পের ওই সম্পর্কের অভিযোগকে ‘সাম্প্রতিকতম ভিত্তিহীন অভিযোগ’ মন্তব্য করে উড়িয়ে দিয়েছেন।