মুখ ফসকে বলা বাইডেনের নয়টি শব্দ

বাইডেনের কথাগুলো কি মুখ ফসকে বলা, না ভেবেচিন্তে বলা? এর আগে তিনি পুতিনকে ‘কসাই’ ও ‘যুদ্ধাপরাধী’ নামে অভিহিত করেছেন। ফলে বাইডেন যদি পুতিনকে ক্ষমতা থেকে সরে যাওয়ার কথা বলে থাকেন, তাতে বিস্ময়ের কিছু নেই।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের এক শরণার্থী শিশুকে কোলে নেন। ২৬ মার্চ পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে
ছবি: এএফপি

গত সপ্তাহে পোল্যান্ডে ইউক্রেনীয় উদ্বাস্তুদের সঙ্গে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অনেক কথাই বলেছিলেন। কিন্তু সেসব কিছু ছাপিয়ে মুদ্রিত ভাষণের বাইরে তাঁর বলা নয়টি শব্দই সবার নজরে পড়ল। তিনি বলেছিলেন, ‘ঈশ্বরের দোহাই, এই লোকটিকে ক্ষমতা থেকে সরে যেতে হবে।’ ‘এই লোকটি’ মানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

হোয়াইট হাউস থেকে পরে সেই কথার নানা যুযুৎসু করে বোঝানোর চেষ্টা হলো, বাইডেন পুতিনকে ক্ষমতা থেকে বহিষ্কারের কোনো সিদ্ধান্তের কথা বলেননি। ইউক্রেনে রুশ হামলার ফলে যে মানবিক দুর্যোগের সৃষ্টি হয়েছে, তিনি শুধু সে ব্যাপারে নিজের তীব্র ক্ষোভের কথাই বলতে চেয়েছেন। বাইডেন নিজে তাঁর বলা কথার জন্য দুঃখ প্রকাশে অস্বীকার করে পরে জানান, তিনি শুধু তাঁর নৈতিক প্রত্যাখ্যানের কথাই বলেছেন। সে জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।

আরও পড়ুন

ইউরোপের অধিকাংশ নেতা বাইডেনের বলা কথা থেকে নিজেদের দূরে রেখেছেন। যেমন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, কূটনৈতিক সমাধান অর্জন করতে হলে পুতিনের সঙ্গেই বসতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও বারবার পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের কথা বলেছেন। ফলে ‘ক্ষমতার পরিবর্তনের’ কথা বলা হলে তেমন সুযোগ রুদ্ধ হয়ে যায়। তবে ভিন্ন কথা বলেছে ইতালি। দেশটি বলেছে, বাইডেন শুধু কথা দিয়ে আঘাত করেছেন। তিনি তো আর পুতিনের মতো বোমা ফেলে নারী ও শিশু নির্বিচার হত্যা করছেন না। ফলে যা বলেছেন, ঠিকই বলেছেন।

আরও পড়ুন

‘রিজিম চেঞ্জ’

মার্কিন পররাষ্ট্রনীতিতে ‘রিজিম চেঞ্জ’ বা ক্ষমতার হাতবদল বহু পরীক্ষিত একটি কৌশল। কখনো পেছন থেকে কলকাঠি নেড়ে কোনো দেশের সামরিক বাহিনী ব্যবহার করে, কখনো পছন্দের নয় এমন নেতাকে সরাসরি সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ক্ষমতা থেকে টেনে নামিয়েছে (যেমন: ইরানে মোসাদ্দেক সরকার, ১৯৫৩; দক্ষিণ ভিয়েতনামে দিয়েম সরকার, ১৯৬৩; চিলিতে আলেন্দে সরকার ১৯৭৩; ইরাকে সাদ্দাম সরকার, ২০০৩)। এই উদাহরণগুলো বাইডেনের খুব ভালো করেই জানা, মুখে না বললেও তিনি যে মনে মনে রিজিম চেঞ্জের কথা ভাবছিলেন, এ কথা বলা তাই একদম অন্যায় নয়। নিউইয়র্ক টাইমস প্রথম পাতায় এক দীর্ঘ নিবন্ধে প্রশ্ন রেখেছে, বাইডেনের কথাগুলো কি মুখ ফসকে বলা, না ভেবেচিন্তে বলা? এর আগে তিনি পুতিনকে ‘কসাই’ ও ‘যুদ্ধাপরাধী’ নামে অভিহিত করেছেন। ফলে বাইডেন যদি পুতিনকে ক্ষমতা থেকে সরে যাওয়ার কথা বলে থাকেন, তাতে বিস্ময়ের কিছু নেই। এটা সম্ভবত কোনো ‘ফ্রয়েডিয়ান স্লিপ’ নয়।

আরও পড়ুন

আমাদের চোখের সামনে যেভাবে একটি দেশ ক্রমেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, তাতে পুতিনকে যদি ক্ষমতা থেকে সরানো সম্ভব হয়, সেটি এই সংকট থেকে মুক্তির সবচেয়ে সহজতম পথ হবে। ইউক্রেনে পুতিনের আদত লক্ষ্য ছিল সেখানে জেলেনস্কি সরকারের পতন ও নিজের পছন্দসই একটি তাঁবেদার সরকার গঠন। অন্য কথায়, তিনি নিজেও রিজিম চেইঞ্জের পরিকল্পনাই করেছিলেন। এমনকি নতুন সরকারপ্রধান হিসেবে ইউক্রেনের সাবেক রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকভিচের নাম পর্যন্ত তিনি বেছে রেখেছিলেন। তিনি এ–ও ভেবেছিলেন, ইউক্রেনের রুশ ভাষাভাষী মানুষ রুশ সৈন্যদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাবে। বাস্তবে ঘটেছে উল্টো, ইউক্রেনের মানুষ জান বাজি রেখে লড়াই করে রুশ সৈন্যের অগ্রগতি ঠেকিয়ে দিয়েছে। বাধ্য হয়ে পুতিনকে নতুন রণকৌশল বেছে নিতে হয়েছে। কিয়েভ দখলের বদলে আপাতত দেশের পূর্বাঞ্চলে রুশ আধিপত্য সুনিশ্চিত করার সিদ্ধান্ত তিনি নিয়েছেন।

কেন এই যুদ্ধ

এই যুদ্ধের আদৌ কোনো প্রয়োজন ছিল না। পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের তরফ থেকে কোনো আশু অথবা অদূর ভবিষ্যতে আক্রমণের কোনো আশঙ্কাও ছিল না। এ কথা ঠিক, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ আক্রমণের হাত থেকে বাঁচার লক্ষ্যে তাঁর দেশের জন্য ন্যাটোর সদস্যপদ কামনা করেছিলেন। নিজ নির্বাচনী প্রচারণার সময় সে চেষ্টার আগাম প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু ন্যাটোর সদস্যদের মধ্যেই ইউক্রেনের সদস্যপদ প্রশ্নে কোনো ঐকমত্য ছিল না, যা না থাকলে এই সদস্যপদ অসম্ভব। তবে রাশিয়ার আশপাশে ন্যাটো ঘাঁটি গেড়ে বসার যে অভিযোগ, তা পশ্চিমের বিরুদ্ধে পুতিন করতেই পারেন, কিন্তু তিনি সে অপরাধে যুক্তরাষ্ট্র বা ফ্রান্সকে আক্রমণ না করে ঘরের পাশের অতি দুর্বল ইউক্রেনের ওপর কামড় বসালেন। ‘না না, আমরা আক্রমণ করব না’, এ কথা বারবার বলার পরও যে পুতিন ইউক্রেন আক্রমণ করে বসলেন, তাতে তিনি নিজেই প্রমাণ করে দিলেন, রুশ ভালুকের থাবা থেকে বাঁচতে ইউক্রেন কেন ন্যাটোর সদস্যপদ প্রার্থনা করেছিল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ফাইল ছবি: এএফপি

পুতিন ইতিমধ্যে ইউক্রেনের দক্ষিণ-পূর্বে দনবাস এলাকায় নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সব আয়োজন পূর্ণ করেছেন। দুই দিন বা দুই মাস পর যদি গোলাগুলি থামেও, দনবাসের ওপর নিয়ন্ত্রণ তিনি ছাড়বেন না। ক্রিমিয়া থেকে সরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। ফলে জর্জিয়া, মলদোভা বা আজারবাইজানের মতো বিচ্ছিন্নতাবাদী অঞ্চল তৈরি করে সেখানে আরেক ‘হিমায়িত সংকট’ সৃষ্টি করবেন।

ইতিহাস থেকে শিক্ষা

মানতেই হবে, পুতিন নিজে এই যুদ্ধ বেছে নিয়েছেন, ঠিক যেভাবে তিনি ২০০৮ সালে জর্জিয়ায় ও ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে সমর অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলেন। ইউক্রেনকে তিনি কোনো স্বাধীন দেশ হিসেবে মানতে নারাজ, সে দেশের নির্বাচিত সরকারকে মানতেও তাঁর আপত্তি, যদিও দেশের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন জেলেনস্কি। ২২ বছর ধরে যে লোকটি (পুতিন) ক্ষমতায়, কখনো প্রেসিডেন্ট, কখনো প্রধানমন্ত্রী, তিনি নিজেকে সব নিয়মনীতির ঊর্ধ্বে ভাবতেই পারেন। ২০২১ সালে শাসনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে আরও দুই দফা, অর্থাৎ ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতা ধরে রাখার ব্যবস্থা করেছেন তিনি। জীবদ্দশায় তাঁকে ক্ষমতা থেকে সরাবে কে?

ইতিহাস থেকে এই প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। ১৮৫৩-৫৬ সালের ক্রিমিয়ার যুদ্ধে পাঁচ লাখ সৈন্য হারিয়ে পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছিল রাশিয়া। সেই পরাজয়ের ফলেই রাশিয়ার জারতন্ত্র দুর্বল হয়ে পড়ে এবং অর্ধশতক পর সে ব্যবস্থার পতন হয়। ক্রিমিয়ার যুদ্ধও শুরু হয়েছিল রাশিয়ার আগ্রাসী রণকৌশল থেকে। তুর্কি সুলতানকে দুর্বল ভেবে জার প্রথম নিকোলাস তুরস্ক আক্রমণ করে বসেন, তাতে বাদ সাধে ইংল্যান্ড ও ফ্রান্স।

১৯০৫ সালের রুশ-জাপান যুদ্ধেও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। তখন ক্ষমতায় জার দ্বিতীয় নিকোলাস, রাশিয়ার সমুদ্র–বাণিজ্যের প্রয়োজনে তাঁর নজর পড়ল চীন ও কোরিয়ার ওপর। সে ইচ্ছায় বাদ সাধলেন জাপানের রাজা, তিনিও চান এই অঞ্চলের ওপর নিজের আধিপত্য বিস্তার। প্রায় বছর দেড়েক যুদ্ধ চলার পর নিজের প্রায় সব কটি যুদ্ধজাহাজ ও লাখ দেড়েক সৈন্য খুইয়ে পরাজয় মানতে বাধ্য হলেন রুশ জার। এই ঘটনার মাত্র ১০ বছর পরই অক্টোবর বিপ্লবে নিকোলাস শুধু নিজের রাজত্ব নয়, সপরিবার জানও খোয়ালেন।

এমন পণ্ডিতের অভাব নেই, যাঁরা মনে করে পুতিন, যিনি রাশিয়ার হৃতগৌরব পুনরুদ্ধারে আগ্রহী, তাঁর জন্য দ্বিতীয় নিকোলাসের পরিণতি অপেক্ষা করছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড রথক্রফট তাঁদের একজন। রথক্রফটের বিবেচনায়, নিজের ভুল অঙ্ক ও আগ্রাসী রণকৌশলের জন্য পুতিন নিজেই নিজের কবর খুঁড়েছেন।

সে কথার প্রতিবাদ করেছেন কেউ কেউ। পুতিনকে ক্ষমতা থেকে সরানো মোটেই সহজ হবে না। জনপ্রিয় ওয়েবসাইট ভক্সের লেখক জ্যাক বুশাম্প মনে করেন, ২২ বছরে পুতিন খুব পরিকল্পিতভাবে সব ক্ষমতা নিজের মুষ্টিবদ্ধ করেছেন। তাঁর চারপাশে আছেন তল্পিবাহক ধনকুবেররা। রাশিয়াকে ‘ক্লেপ্টোক্রেসি’ বলা হয় তার কারণ, এই ধনকুবেররা পুতিনের ছত্রচ্ছায়ায় দেশের সম্পদ চেটেপুটে খাচ্ছেন। যাতে কোথাও কোনো প্রতিবাদ না ওঠে, সে জন্য পুতিন দেশের তথ্যব্যবস্থার ওপর পূর্ণ সরকারি নিয়ন্ত্রণ আরোপ করেছেন। সেখানে মুখে রা-টি করার চেষ্টা করলে হয় জেল, নয়তো বিষ প্রয়োগে হত্যা (ক্রেমলিন সমালোচক আলেক্সি নাভালনির কথা ভাবুন)। এমনকি যুদ্ধকে যুদ্ধ বললেও ১৫ বছরের জেল। ক্ষমতার প্রতিটি বোতামেই পুতিনের আঙুল ঠেকানো। সেনাবাহিনী থেকে আমলাতন্ত্র, তাঁকে ঘিরে সর্বত্র এমন লোকজন যাঁরা নিজেদের খোরপোশ ও বিলাসব্যসনের জন্য পুরোপুরি পুতিনের ওপর নির্ভরশীল। বেলারুশের ভাষ্যকার পাভেল সালকিনের মতে, অবস্থাটা এমন যে পুতিন চাইলেও ক্ষমতা থেকে সরে যেতে পারবেন না।

তাহলে উপায়

ইউক্রেনীয়রা যত সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করুন না কেন, রাশিয়াকে হারানো তাঁদের পক্ষে অসম্ভব। বিপদ দেখলে পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন, এমন হুমকি আগেই দিয়ে রেখেছেন। ফলে যুদ্ধ বন্ধ করতে কূটনৈতিক পথেই এগোতে হবে। অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন, তাঁর মুখরক্ষা হয় এমন কোনো পথ না পেলে পুতিন যুদ্ধের ময়দান থেকে সরে দাঁড়াবেন না। অন্য কথায়, একটি কূটনৈতিক সমাধান অর্জন করতে হলে তিনি ‘জিতেছেন’ এমন একটা ধূম্রজাল তাঁর জন্য সৃষ্টি করতে হবে।

এর বাইরে আরও একটি পথ রয়েছে। রুশ বিপ্লবের কথা স্মরণ করা যায়। দেশের মানুষ জারের সৈন্য বাহিনী উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছে, লড়াই করে নিজেদের মুক্তি ছিনিয়ে নিয়েছে। আজকের রাশিয়ায় তেমন ঘটনা কঠিন, কিন্তু অসম্ভব নয়। পুতিন নিজেও ক্ষমতায় এসেছিলেন এক জনপ্রিয় গণবিক্ষোভের পর। ১৯৯১ সালে এক ব্যর্থ অভ্যুত্থানের পর নাগরিক বিক্ষোভের মুখে ক্ষমতায় আসেন বরিস ইয়েলৎসিন। প্রায় অপরিচিত পুতিনকে তিনিই খুঁজে এনে ক্ষমতায় বসিয়েছিলেন।

আবারও কি সেই গণবিক্ষোভের ঘটনা ঘটতে পারে রাশিয়ায়? একদম অসম্ভব নয়। এই যুদ্ধ রাশিয়ার মানুষ চায়নি। যেসব নবীন সৈনিককে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে, ইউক্রেনীয়দের হাতে বন্দী হওয়ার পর তাঁরা জানিয়েছেন, এই দেশের ভাই-বন্ধুদের হত্যা করতে হবে, এমন কথা তাঁদের বলা হয়নি। এমন কথা তাঁরা ভাবতেও পারেন না। ইউরোপীয় গোয়েন্দা বিভাগের হিসাবে, ইতিমধ্যে ১৫ হাজারের মতো রুশ সৈন্য নিহত হয়েছেন, আহতের সংখ্যা ২৫ হাজার। একে একে এসব নিহত সৈনিকের লাশ ঘরে ফিরবে। যুদ্ধে হাত-পা খুইয়ে আসা প্রতিবেশী যুবকের দেখা মিলবে। তখন প্রতিবাদ উঠবেই। ইতিমধ্যে প্রবল নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার প্রায় প্রতিটি বৃহৎ শহরে যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ২০ হাজারের মতো মানুষ গ্রেপ্তার হয়েছে। এর সঙ্গে যুক্ত করুন অব্যাহত অর্থনৈতিক অবরোধ, যার ফলে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের।

এদের হাতেই কি ঘটবে আরেক অক্টোবর বিপ্লব?