মুখোমুখি হচ্ছে ট্রাম্প সমর্থক ও বিক্ষোভকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনসিলভানিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ l ফাইল ছবি রয়টার্স
পেনসিলভানিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ l ফাইল ছবি রয়টার্স

আগামী শুক্রবার, ২০ জানুয়ারি, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। ট্রাম্প ঘোষণা করেছেন, তাঁর অভিষেকে এত বিপুলসংখ্যক অতিথির সমাগম হবে যে আগের সব রেকর্ড ম্লান হয়ে যাবে।

ওয়াশিংটন ডিসির নিরাপত্তা বিভাগ বলছে, কথাটা অতিরঞ্জিত। তাদের হিসাব অনুযায়ী বড়জোর সাড়ে সাত লাখ লোক ট্রাম্পের অভিষেক উপলক্ষে রাজধানীতে আসছে। এমনকি যে বিপুলসংখ্যক বিক্ষোভকারী সেদিন ও তার আগে-পরে রাজধানীতে জড়ো হবে, তাদের সংখ্যা যুক্ত করলেও ওবামার ২০০৯ সালের অভিষেকের সংখ্যা অতিক্রম করা সম্ভব হবে না। ওবামার সেই প্রথম অভিষেকে ১৮ লাখ লোক অংশ নিয়েছিল।

ট্রাম্পের অপ্রত্যাশিত বিজয় রক্ষণশীল ও শ্বেতকায় ভোটারদের একটি বড় অংশকে উৎফুল্ল করলেও দেশের অধিকাংশ মানুষ হতাশ ও উদ্বিগ্ন। ট্রাম্পের অভিষেকের আগে-পরে বিপুলসংখ্যক বিক্ষোভ আয়োজন থেকেই সে মনোভাব টের পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের অধিকাংশ প্রেসিডেন্টই শপথ গ্রহণের পর কয়েক মাস ‘মধুচন্দ্রিমা’ উপভোগ করে থাকেন। ট্রাম্প তেমন সুযোগ পাচ্ছেন বলে মনে হয় না। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের নেওয়া সর্বশেষ জনমত জরিপ বলছে, এই মুহূর্তে দেশের মাত্র ৩৭ শতাংশ মানুষ ট্রাম্পকে সমর্থন করে। পিউ রিসার্চের নেওয়া আরেক জনমত জরিপ অনুসারে, সাম্প্রতিক সময়ের অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট এত নিম্ন সমর্থন নিয়ে শপথ গ্রহণে আসেননি। পিউয়ের হিসাবমতে, এখন ট্রাম্পের প্রতি সমর্থনের হার ৪১ শতাংশ। 

আট বছর আগে বারাক ওবামার অভিষেক সারা দেশে এককথায় অভূতপূর্ব বিপুল উল্লাসের জন্ম দিয়েছিল। লাখো সাধারণ মানুষ ছাড়াও দেশের সেরা শিল্পী, গায়ক ও অভিনেতা ছুটে এসেছিলেন সমর্থন জানাতে। এবার ঘটেছে উল্টো। উল্লেখযোগ্য প্রায় কোনো তারকা শিল্পীই ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আসছেন না। যাঁরা এর আগে আসতে সম্মতি জানিয়েছিলেন, নিন্দার ভয়ে তাঁরাও একে একে কেটে পড়েছেন। অবস্থা এতটাই করুণ যে ট্রাম্পের দপ্তর থেকে সগর্বে জানানো হয়েছে সেনাবাহিনীর একটি ব্যান্ড এতে অংশ নেবে।

এমনকি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশসহ রিপাবলিকান নেতৃত্বেরও একাংশ অভিষেকে থাকছেন না। ওয়াশিংটনে বিপুলসংখ্যক বিক্ষোভকারীর উপস্থিতিই হবে ট্রাম্পের অভিষেক সপ্তাহের সবচেয়ে বড় ঘটনা। রাজধানীর নিরাপত্তা কর্তৃপক্ষ এ পর্যন্ত ৩০টি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের অনুমতি দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ফেসবুকের মাধ্যমে সংগঠিত নারী সমাবেশ ২১ জানুয়ারির ‘উইমেন্স মার্চ’। এ ছাড়া থাকবে উদ্বাস্তু ও অভিবাসীদের প্রতিবাদ মিছিল, নাগরিক অধিকারকর্মীদের সমাবেশ, স্বাস্থ্য বিমার দাবিতে জমায়েত এবং লেখকদের প্রতিবাদ সমাবেশ। অভিষেকের দিন যুদ্ধ ও বর্ণবাদবিরোধী একটি জোট ‘গণবিক্ষোভের’ অনুমতি পেয়েছে।

ব্রেনান বললেন

ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর বিদায়ী প্রধান জন ব্রেনান বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তাঁকে কথাবার্তার ক্ষেত্রে আরও অনেক সতর্ক হতে হবে। ফক্স নিউজ সানডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হুটহাট যা মুখে আসে তা বলে ফেলা জাতীয় স্বার্থের জন্য অনুকূল নয়।

জন ব্রেনান আরও বলেন, রাশিয়ার ইচ্ছা বা সক্ষমতা সম্পর্কে ট্রাম্প যথেষ্ট অবগত নন। তিনি বলেন, ট্রাম্পকে বুঝতে হবে, বিগত বছরগুলোর কার্যকলাপ থেকে রাশিয়াকে দায়মুক্তি দেওয়াটা এমন একটা পথে হাঁটা হবে, যে পথে তাঁকে চলতে হবে খুবই সতর্কভাবে।