বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের নিউইয়র্ক ফুটবল টুর্নামেন্টে যুব সংঘ (বি) ও সোনার বাংলা ফাইনালে উঠেছে।
আগামী ১ সেপ্টেম্বর দল দুটি ফাইনালে একে অপরের মুখোমুখি হবে। এদিকে নিউইয়র্কে ফুটবল লীগের খেলায় পয়েন্ট তালিকার শীর্ষে থেকে যুব সংঘ (বি) অপরাজিত লীগ চ্যাম্পিয়ন এবং ব্রঙ্কস ইউনাইটেড লীগে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। লীগে যুব সংঘ (বি) ২১ আর ব্রঙ্কস ইউনাইটেড ১৫ পয়েন্ট অর্জন করে। টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে লীগ ও টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সিটির এল্মহার্স্টের নিউটাউন অ্যাথলেটিক মাঠে ১ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটায় টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে। গত ২৫ আগস্ট একই মাঠে টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হয়। এতে সোনার বাংলা ২-১ গোলে ব্রঙ্কস ইউনাইটেডকে এবং যুব সংঘ (বি) ২-০ গোলে ব্রাদার্স অ্যালায়েন্সকে পরাজিত করে ফাইনালে ওঠে।
দিনের প্রথম সেমিফাইনালে সোনার বাংলা ও ব্রঙ্কস ইউনাইটেড অংশ নেয়। আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলার প্রথমার্ধ গোল শূন্য ড্র ছিল। খেলার দ্বিতীয়ার্ধের ৪১ মিনিটের সময় সোনার বাংলার অনিক প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর ব্রাদার্স অ্যালায়েন্সের রাজু খেলার ৪৫ মিনিটের সময় গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। শেষ পর্যন্ত খেলার নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। পরবর্তীতে খেলার অতিরিক্ত সময়ে সোনার বাংলার অনিক গোল করে দলের জয় নিশ্চিত করেন।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে যুব সংঘ (বি) ও ব্রাদার্স অ্যালায়েন্সের মধ্যকার খেলায় যুব সংঘ সহজেই ২-০ গোলে জয় পায়। খেলায় উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করে। খেলার প্রথমার্ধে যুব সংঘের পক্ষে বাবলু ৩৩ মিনিটের সময় প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। খেলার দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটের সময় বাবলু আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।
স্পোর্টস কাউন্সিলে সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশিদ রানার নেতৃত্বে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা মনজুর আহেমেদ চৌধুরী, সহসভাপতি ওয়াহিদ কাজী এলিন, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, আবদুল কাদির লিপু, আবদুল বাসিত খান বুলবুল, সৈয়দ এনায়েত আলী, তোফায়েল আহমেদ চৌধুরী, আবু তাহের আসাদ, ইয়াকুত রহমান প্রমুখ মাঠে উপস্থিত ছিলেন।
এদিকে নিউইয়র্ক ফুটবল লীগ ও টুর্নামেন্টের ফাইনাল খেলাসহ অন্যান্য বিষয়ে স্পোর্টস কাউন্সিলের কার্যকরী পরিষদ ২৬ আগস্ট রাতে জ্যাকসন হাইটসে এক সভায় মিলিত হয়। সভাপতি মহিউদ্দিন দেওয়ান সভায় সভাপতিত্ব করেন।