
বাংলাদেশসহ বিশ্বের দশটি দেশের খাবার নিয়ে ১০ এপ্রিল আমেরিকার কানসাস অঙ্গরাজ্যের উচিটা স্টেট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ‘আন্তর্দেশীয় খাদ্য উৎসব-২০১৮’। বসন্ত দিনের এই উৎসবে দশ দেশের নানান মুখরোচক খাবারের মৌ-মৌ গন্ধে ও বিভিন্ন দেশের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এতে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা হাজির হন তেহারি (তুনা), কালোজাম, মাংসের চপ ও ফ্রি ম্যাঙ্গো লাচ্ছি নিয়ে, যা সবার নজর কাড়ে।
বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা এসব দেশীয় আমেজের খাবার তৈরি করেছেন। যে একবার বাংলাদেশি স্টলের সামনে উঁকি মেরেছেন, তিনিই পকেট থেকে টিকিট বের করে তেহারি তুলে নিয়েছেন প্যাকেটে। প্রতি প্যাকেট পাঁচ ডলারে বিক্রি হয়েছে। বিভিন্ন দেশের স্টুডেন্টরা বাংলাদেশি খাবার নিতে ভোলেননি। বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনাবিল বলেন, এ খাবার উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরাই ছিল আমাদের উদ্দেশ্য। দেশীয় খাবার খেতে ছুটে এসেছেন উচিটা স্টেট বিশ্ববিদ্যালয়ের
প্রাক্তন ছাত্র প্রকৌশলী রুপন দেব, সৌমব্রত, আব্দুল গফুরসহ অনেকে। দেশ ছেড়ে বিদেশের মাটিতে পড়ালেখার পাশাপাশি এতটুকু বিনোদনে ক্যাম্পাসজুড়ে নতুন-পুরোনো ছাত্রদের মিলনমেলা বসে।
সকাল ১১টায় হার্ভার্ড হলের সামনের সবুজ আঙিনায় স্টলগুলোতে থরে থরে সাজানো হয় খাবার। এসব লোভনীয় খাবার কেনার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে টিকিট নেয়। টিকিট নিয়ে যে যার মতো করে খাবার নিতে পছন্দের স্টলে ভিড় জমান। বাংলাদেশ, জাপান, ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, সৌদি আরব, নেপাল, ফিলিস্তিন, মালয়েশিয়ার শিক্ষার্থীরা এতে অংশ নেন। প্রতিটি দেশের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এসব দেশীয় খাদ্য তৈরি করে স্টল সাজিয়ে বসেন। জাপানের ইয়াকিসোবা ডিস, ভারতীয় দম বিরিয়ানি, খিচুড়ি, পাকিস্তানের চিকেন টিকা, নিকারাগুয়ার জুয়লফ রাইস, শ্রীলঙ্কার কোটো ডিশ, সৌদি আরবের অ্যারাবিক গ্যারেপ লিপস, মালয়েশিয়ার আইসক্রিম ও মিনিকারী পাফ, নেপালের মোম-ছোলিয়া ডিশ, ফিলিস্তিনের আল-আব্বাস চিকেন কম্বো সবার নজর কাড়ে।