মুরগির লাল ঝোল
শরিফা বেগম, বয়স আনুমানিক পঞ্চাশের কাছাকাছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লাশঘরের বারান্দার মেঝের ওপর বসে আছেন। হাতে একমাত্র সন্তান মজনু মিয়ার এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
শরিফা বেগম একজন চা বিক্রেতা। আগে ভিক্ষা করতেন। প্রায় দশ বছর আগে একজন আপা তাঁকে দশ হাজার টাকা দিয়ে একটা চায়ের টংঘর তৈরি করে দিয়েছিলেন। সেই থেকে একটু একটু করে শরিফা ভাগ্য পরিবর্তনের লড়াই করছেন। দোকান ভালোই চলছে। ছেলে পড়াশোনার ফাঁকে ফাঁকে মাকে সহযোগিতা করে। আগে চা-বিস্কুট আর কলা বেচতেন, এখন অন্যান্য খাবার যোগ হয়েছে। বাড়িভাড়া, ছেলের পড়াশোনা ইত্যাদি সমস্ত খরচের পরেও কিছু জমাতে পারছেন। মজনু মিয়া বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্র। আর কটা দিন পরেই পরীক্ষা। অভাগী মায়ের নীলমণি! শরিফা বেগমের বিয়ের দু বছরের মাথায় তার স্বামী হজরত আলীর মাথায় গন্ডগোল দেখা দিল। অনেক ফকির-কবিরাজ দেখিয়েও কোনো লাভ হলো না। এক সময় লোকটা নিরুদ্দেশ হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া গেল না। তখন মজনু মিয়ার বয়স বছরখানেক হবে। স্বামী নিরুদ্দেশ হওয়ার পর শরিফা বেগম শ্বশুরবাড়িতে বেশি দিন টিকতে পারলেন না। নিরুপায় হয়ে বাবার বাড়ি চলে এলেন। শরিফার হতদরিদ্র বাবার পক্ষে ঠিকমতো দু বেলা খাবার জোগাড় করা প্রায় অসম্ভব।
শরিফা ঠিক করলেন ছেলেকে মা-বাবার কাছে রেখে ঢাকা শহরে কাজের খোঁজে যাবেন। এক সময় ঢাকায় এলেন তাঁর এক দূর সম্পর্কের ননদের সঙ্গে। প্রথমেই একটা গার্মেন্টসে কাজে লাগলেন। সেখানে শরিফার মন টিকল না। একটুও জিরানোরও ফুরসত নেই। কেবল দুপুরের খাবারের জন্য এক ঘণ্টা ছুটি। বাদবাকি সময় বিরামহীনভাবে কাজ করতে হয়। ওভারটাইম শেষে রাতে ঘরে ফিরে নিজের কাজকর্ম সেরে ঘুমাতে ঘুমাতে রাত বারোটা-একটা হয়ে যায়। আবার পরের দিন কাক ডাকা ভোরে উঠে কাজে যাওয়ার প্রস্তুতি। মানুষ যে কত কষ্ট করে গার্মেন্টসে কাজ করে, সেটা তার কোনো দিনও জানা হতো না যদি তিনি এই কাজে না আসতেন। এমনিতে তো মনে হচ্ছে কত সুন্দর একটা কাজ। কিন্তু এর ভেতরের বিষয়টা ততটা সুন্দর নয়। এর চেয়ে বাসাবাড়িতে কাজ করা হাজার গুণে ভালো। এক সময় গার্মেন্টসের কাজ বাদ দিয়ে ধানমন্ডির এক বাসায় কাজ নিলেন শরিফা। কিছুদিন কাজ করার পর গৃহকর্তার কুনজরে পড়লেন। গৃহকর্তা তাকে নানান কিসিমের প্রলোভন দেখাতে লাগলেন। কিন্তু শরিফা কিছুতেই রাজি হচ্ছে না দেখে, তার ওপর মোবাইল চুরির অপবাদ দিয়ে বের করে দিলেন। শরিফা তার ননদের বস্তিতে গিয়ে উঠলেন। সেই বস্তির এক বয়স্ক খালা তাকে ভিক্ষা করার প্রস্তাব দিলেন। বললেন, ‘আমার সঙ্গে থাক, দেখ কেমন লাগে। আয় ভালো, প্রতিদিন ৭০০-৮০০ টাকা রোজগার হয়। বিভিন্ন জায়গায় চাঁদা দিয়ে নিজের ৪০০-৫০০ টাকা থাকে। যে দিন ইচ্ছা করবে না, সে দিন যাবি না, স্বাধীন ব্যবসা!’ খালা নিজেও বহু বছর এই পেশায় আছেন। সারা বছর একটা পায়ে ব্যান্ডেজ করে রাখেন, কোনো কারণ ছাড়াই। পাবলিকের যাতে মন গলে সেই উদ্দেশ্যে। খালার উদ্দেশ্য সফল হয়েছে।
শরিফা সেই খালার সঙ্গে প্রথম দিন মণিপুরি পাড়ার সামনের বড় রাস্তাটায় ভিক্ষা করতে গেলেন। এই লাইনে তিনি নতুন, ভিক্ষা চাইতেও লজ্জা করছে। কোনো রকম ২৫০ টাকার মতো রোজগার হলো। বিভিন্ন জায়গায় চাঁদা দেওয়ার পর ১২০ টাকা টিকল। এভাবে কয়েক দিনের মধ্যে বেশ পটু হয়ে গেলেন। একদিন এক বেগম সাহেবের গাড়ির সামনে এসে ভিক্ষা চাইছিলেন। বেগম সাহেব তাকে বললেন, ‘তুমি সুস্থ মানুষ, বয়সও কম। ভিক্ষা করছ কেন?’ বললেন, ‘অন্য কাজ পেলে এটা ছেড়ে দিব খালাম্মা।’ এই কথাটা সম্ভবত গাড়িতে বসা বেগম সাহেবের মনে লেগেছিল। উনি বললেন, ‘তুমি আমার সঙ্গে চল। আমার বাসা ধানমন্ডিতে।’ শরিফা কিছুক্ষণ ইতস্তত করে গাড়িতে উঠে গেল। বেগম সাহেবের বাসায় তাকে সুন্দর একটা জায়গায় বসতে দিলেন। শরিফা চারপাশটা দেখছিল, বড়লোকের বাড়ি ঝকঝকে তকতকে। পরিপাটি করে সব গুছিয়ে রাখা। বেগম সাহেব আরও একটা চেয়ার টেনে তার পাশে বসলেন। শরিফার পরিবারের কথা জানলেন। তিনি বুদ্ধি দিলেন, তাঁর টাকায় আগারগাঁও বস্তিতে, যেখানে শরিফা থাকেন সেখানে একটা চা বিক্রির টংঘর তৈরি করে দেবেন। তবে শর্ত হলো সততার সঙ্গে ব্যবসা করতে হবে, আর ছেলেকে পড়াশোনা করাতে হবে। শরিফা বেগম যেন হাতে চাঁদ পেলেন। সঙ্গে সঙ্গে বেগম সাহেবর পায়ে ধরে সালাম করলেন।
বেগম সাহেব পরদিনই লোক পাঠিয়ে যাবতীয় ব্যবস্থা করে ফেললেন। দুদিনের মাথায় শরিফা হয়ে গেলেন একটা নীল রঙের টং দোকানের মালিক। শুরু হলো তার নতুন জীবন। বেশির ভাগ ক্রেতা হলো রিকশার ড্রাইভার, দিনমজুর আর গার্মেন্টসের শ্রমিক। মজনু মিয়া, আর মা-বাবাকে শরিফা গ্রামের বাড়ি থেকে নিয়ে এলেন। বাবা বৃদ্ধ, শরীরে এক ফোঁটাও শক্তি নেই। তারপরও মেয়ে যুবতী তার ওপর স্বামী নেই; এসব চিন্তা করে গুটিসুটি মেরে দোকানের এক কোণে বসে থাকেন।
মজনু শহরের স্কুলে ভর্তি হলো। লেখাপড়া ভালোই করছে। বাপ-দাদাদের চৌদ্দগুষ্টির কেউ স্কুলের বারান্দায়ও যায়নি। অথচ এই ছেলে কী করে এত মেধাবী হলো! এটা শরিফা মাঝে মাঝে অবাক হয়ে ভাবে। রাতে ঘুমাতে গেলে ছেলের মাথায় বিলি কেটে দেন। হাত পায়ের আঙুল দেখে মনে মনে দীর্ঘশ্বাস ফেলেন শরিফা, ছেলে বাপের সব কেড়ে নিয়েছে। ভালোই চলছিল সব। কয়েক বছর পর এক শীতের রাতে হাঁপানির টান উঠে শরিফার বাবা মারা গেলেন। তাকে পাহারা দেবার আর কেউ রইল না। শরিফা বেগম মন খারাপ করে প্রতিদিন দোকান করে যাচ্ছেন। ছেলে এসএসসি পরীক্ষা দিল, রেজাল্ট করল খুব ভালো। স্কুলের স্যাররা মজনু মিয়ার অনেক প্রশংসা করলেন। ভালো কলেজে ভর্তি হলো সে। আইএ পাশ করল। বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টাতেও সফল হলো।
মজনু প্রায় দিন ক্লাস শেষে মাকে সহযোগিতা করত। শরিফা বেগম মাঝে মাঝে চিন্তা করেন, গরিবের ঘরে এমন ছেলে কি আল্লাহ্ ভুল করে দিলেন? বস্তির যে পরিবেশ, জুয়া আর মাদকের আখড়া। রাত-দিন ঝগড়াঝাঁটি লেগেই থাকে। কিছুদিন পরপর পুলিশের তল্লাশি চলে। মনে মনে শুকরিয়া আদায় করলেন এই ভেবে যে, ছেলেটাকে এসবের কিছুই পায়নি। কেমন-কেমন করে মজনুও বড় হয়ে গেল। মজনু সব সময় মাকে নিয়ে গর্ব করে। ভার্সিটিতে অনেকে তার পরিবারের কথা শোনার পর একটু দূরত্ব রেখে চলত। আবার ঠিক একই কারণে অনেকে তাকে ভালোবাসত। মজনু দুটো টিউশনি করে নিজের খরচ চালিয়ে নিত। সারা দিন শেষে, রাতে মা-ছেলেতে কত কথা হতো! মজনুর খুব ইচ্ছা, সেও একদিন শিক্ষক হবে। ছেলের স্বপ্নের কথাগুলো শুনে শরিফা আনন্দে কেঁদে দিতেন। মজনু মাকে বলেছিল আর মাত্র দুইটা বছর। তার পর তোমার ছুটি। তুমি থাকবে বেগম সাহেবদের মতো বাড়িতে। তোমার জন্য কাজের লোক রেখে দেব। আর নানিকে চাকাওয়ালা চেয়ার কিনে দেব। বুড়ির এখন হাঁটতে কষ্ট হয়, একেবারে কুঁজো হয়ে গেছে। এসব শুনে নানির ফোকলা দাঁতের হাসি আর ধরে না।
মজনু বেশি ঝাল দিয়ে দেশি মুরগির লাল টকটকে ঝোল আর ঘন ডাল খুব পছন্দ করে। আজ ছেলের জন্য বেশি ঝাল দিয়ে দেশি মুরগি আর ঘন ডাল রান্না করেছেন। প্রায় সান্ধ্য হয়ে গেল। এখনো ছেলে বাড়ি ফিরল না। কাজকর্ম দোকানদারি ঠিকই করছেন। কিন্তু ভেতরে কেমন একটা অশান্তি হচ্ছে। ছেলে তো কোনো কারণে দেরি হলে ফোন দিয়ে জানায়। আজ একবারও ফোন করল না। শরিফা না হলেও আট-দশবার ফোন করেছেন, ছেলে ধরছে না। চিন্তাটা সে কারণেই। আজ ছেলের ওপর তার মন খারাপ। এখন বাজে রাত ৯টা। কেমন ছেলে সে, একবারও মায়ের কথা ভাবল না! শরিফা তাড়াতাড়ি দোকান বন্ধ করে কেবল ঘরে গেছে। ঠিক তক্ষুনি দেখলেন থানা থেকে পুলিশ এসেছে। আশ-পাশের ঘর থেকে লোকজন এসে ভিড় করেছে। কেউ বুঝতে পারছে না, বিষয়টা আসলে কী? মজনু তো ভালো ছেলে, পুলিশ আসবার মতো কী হলো!
পুলিশ শরিফাকে জিজ্ঞাসা করল, আপনার ছেলের নাম কী? শরিফা অনুনয়-বিনয় করে বললেন, স্যার আমার ছেলে খুব ভালো। সে ইউনিভার্সিটিতে পড়ে। আমার মজনু কোনো অপরাধ করতে পারে না। শরিফার সঙ্গে সঙ্গে সবাই বলে উঠল, জ্বি স্যার মজনুর মতো ছেলে লাখে একটা। পুলিশ কর্মকর্তা তখন মজনুর দুর্ঘটনার খবর জানালেন। সে আজ দুপুরে ফার্মগেটে দুর্ঘটনার শিকার হয়েছে। মজনু রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে মজনুকে ধাক্কা দেয়। এইটুকু শুনে শরিফা জ্ঞান হারিয়ে ফেললেন। বাকিটা সবাই শুনল। বাসটার ধাক্কায় মজনু রাস্তায় পড়ে যায়, কিন্তু তখনো মারা যায়নি। বাসের ড্রাইভারের বয়স কম ছিল। সে ভয়ে বাসটা নিয়ে পালাতে গিয়ে মজনু মিয়ার ওপর দিয়ে চলে যায়। তখনই সে মারা যায়। তার বুক পকেটে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ছিল। কিন্তু রক্তে ভিজে তার নামটাও ঠিকমতো পড়া যাচ্ছে না। চেহারাটাও বিকৃত হয়ে গেছে। পরিচয়পত্রের সূত্র ধরে তারা এখানে এসেছেন। হয়তো সেই ছেলেটি মজনু মিয়া।
শরিফার জ্ঞান ফেরার পর, প্রতিবেশীরা তাকে নিয়ে হাসপাতালে গেল। শরিফা বেগম বিশ্বাস করেন না মজনুর কিছু হয়েছে। আল্লাহ্ এমন শাস্তি তাকে কেন দেবেন! পুলিশ মজনুর একটা ছবি সঙ্গে আনতে বললেন। শরিফা সেই ছবি হাতে নিয়ে এখন লাশকাটা ঘরের সামনে বসে আছে। ভিতরে যেতে বলা হচ্ছে। শরিফা যাচ্ছেন না। শরিফার বিশ্বাস তার ছেলে ঘরে ফিরে এসেছে। এতক্ষণে নিশ্চয়ই মুরগির ঝোল দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছে। শরিফা বারবার হাতের মোবাইল ফোনটার দিকে তাকাচ্ছেন। এখনই হয়তো মজনু ফোন দিয়ে বলবে, ‘মা তুমি কই গেলা? আমি কিন্তু খেতে বসে গেছি। তরকারিটা খুব স্বাদ হইছে মা।’