মুলারকে সরিয়ে দেওয়ার 'চিন্তা' ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক এফবিআই-প্রধান রবার্ট মুলারকে বিশেষ পরামর্শকের পদ থেকে সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন। ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু হিসেবে পরিচিত নিউজম্যাক্স মিডিয়ার প্রধান নির্বাহী ক্রিস্টোফার রাডি গত সোমবার এ কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ে রাশিয়ার হস্তক্ষেপ ছিল কি না, সে বিষয়ে তদন্তকাজ তত্ত্বাবধানের জন্য মুলার বিশেষ পরামর্শক হিসেবে কাজ করছেন। রিপাবলিকান দলের রক্ষণশীল নেতাদের পক্ষ থেকেও মুলারের ওপর চাপ বাড়ছে। প্রতিনিধি পরিষদের স্পিকার সম্প্রতি তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মুলারের অবস্থান নিয়ে ‘আবার ভেবে দেখতে’ ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর সমর্থক হিসেবে পরিচিত জ্যেষ্ঠ নেতা নিউট গিংরিচ। হোয়াইট হাউস অবশ্য বলেছে, রাডি বা গিংরিচের সঙ্গে সোমবার প্রেসিডেন্টের দেখা হয়নি।
মুলার ইতিমধ্যে তাঁর তদন্ত দলের সদস্য বাছাইয়ের কাজ শুরু করেছেন। তাঁদের অনেকেই ফৌজদারি আইন বিশেষজ্ঞ। এ পরিস্থিতিতে মুলারকে অপসারণ করলে ট্রাম্প নতুন করে সমালোচনার মুখে পড়তে পারেন। এফবিআইয়ের পরিচালক পদ থেকে জেমস কোমিকে বরখাস্ত করে তিনি এমনিতেই ব্যাপক চাপের মধ্যে আছেন। তিনি তদন্তকাজে প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকতে পারেন বলেও অভিযোগ উঠেছে।
মার্কিন নির্বাচনের ফলাফলের ওপর রুশ যোগসাজশের অভিযোগ ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তিনি কোমিকে বরখাস্ত করার পর এ নিয়ে সমালোচনার রেশ না কাটতেই মুলারকে বিশেষ পরামর্শক পদে নিয়োগ দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টাইন। ট্রাম্পবিরোধী ডেমোক্র্যাটরাও এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। কিন্তু ট্রাম্প প্রশাসন মুলারের ভূমিকাকে ভালোভাবে দেখছে না বলেই ইঙ্গিত মিলেছে।
সিনেট কমিটির জিজ্ঞাসাবাদে সেশন্স
মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্সের গতকাল মঙ্গলবারই সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটির সামনে হাজির হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার কথা। রাশিয়ার সঙ্গে তাঁর সম্ভাব্য যোগাযোগ এবং কোমিকে এফবিআই-প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ায় সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার কথা ওই জিজ্ঞাসাবাদে।
জনসমক্ষে সেশন্সের এটিই হবে প্রথম সাক্ষ্যদান। সিনেটের একই কমিটির সামনে কোমি গত সপ্তাহে সাক্ষ্য দিতে গিয়ে চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন। সেশন্সের কাজকর্ম নিয়ে ট্রাম্প সম্প্রতি হতাশা জানিয়েছেন। এ সবকিছুর পরিপ্রেক্ষিতে সেশন্সের এই সাক্ষ্যদান বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিবিসি লিখেছে, তিনি পাঁচটি প্রশ্নের মুখোমুখি হতে পারেন। এর মধ্যে আছে তিনি রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে কোনো গোপন বৈঠক করেছিলেন কি না, কোমির সঙ্গে ট্রাম্পের একান্ত সাক্ষাতের সুযোগ করে দিতে চেয়েছিলেন কি না এবং হোয়াইট হাউসে রেকর্ডিংয়ের কোনো গোপন ব্যবস্থা প্রেসিডেন্টের আছে কি না।