মুলারকে সাক্ষ্য দেবেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য আঁতাত খতিয়ে দেখতে নিযুক্ত বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের অফিসে শপথ নিয়ে সাক্ষ্য দিতে তিনি রাজি আছেন। ট্রাম্প বলেছেন, মুলারের সঙ্গে কথা বলতে তিনি মুখিয়ে আছেন। শিগগিরই তা হবে।

 সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে রওনা হওয়ার আগে গত বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

আগের দিনই খবর বেরোয়, ট্রাম্পের প্রচার শিবির ও রাশিয়ার সম্ভাব্য আঁতাতের তদন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে উপনীত হয়েছে। ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স এবং আঁতাত নিয়ে প্রাথমিক পর্যায়ে তদন্ত করা এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমিকে মুলারের তদন্ত দল জিজ্ঞাসাবাদ করেছে। এখন ট্রাম্পকেই জিজ্ঞাসাবাদ করতে চান মুলার। এ ছাড়া সিএনএনের খবরে এমনও বলা হয়েছে যে মুলারের তদন্তের ওপরই নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাগ্য।

এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানালেন, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মুলারকে সাক্ষাৎকার দিতে পারেন তিনি।

এর মধ্য দিয়ে দূর হলো তদন্তের স্বার্থে প্রেসিডেন্টকে বিশেষ কৌঁসুলি মুলার জিজ্ঞাসাবাদ করবেন কি না, তা নিয়ে কয়েক মাস ধরে চলা জল্পনাকল্পনা। যদিও এর আগে গত বছরই ট্রাম্প বলেছিলেন যে শপথ নিয়ে সাক্ষ্য দেবেন তিনি।

মুলারের তদন্ত দল মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ, ডেমোক্র্যাট দলের ই-মেইল হ্যাকিং এবং ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার আঁতাত——এসব নিয়েই তদন্ত করছে। এফবিআইয়ের পরিচালক থাকাকালে মুলারের সাবেক সহকারী মাইকেল জেলডিন বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ট্রাম্প বাধা দিয়েছিলেন কি না মুলারের তদন্তে সে বিষয়টিও স্পষ্ট হতে পারে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প তাঁর প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার আঁতাতের তদন্তে বাধাদানের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন, রাশিয়ার সঙ্গে কোনো আঁতাত হয়নি। তাই তদন্তকাজে বাধাদানের কোনো ঘটনাও ঘটেনি।

প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশেষ কৌঁসুলি মুলারের জিজ্ঞাসাবাদের ধরন নিয়ে এখন আলোচনা চলছে। এ জন্য প্রেসিডেন্টের আইনজীবীরা আলোচনা করছেন রবার্ট মুলারের তদন্ত দলের সঙ্গে। সূত্র মারফত জানা গেছে, সাক্ষাৎকারটি সামনাসামনি হতে পারে, লিখিত আকারে হতে পারে কিংবা এই দুই ধরনেই হতে পারে। মুলার নিরপেক্ষতা রাখবেন কি না জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা তা দেখব।...আমি অন্তত আশা করছি।’