মুলারকে সুরক্ষা দিতে সিনেটে বিল অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট মুলার
রবার্ট মুলার

মার্কিন সিনেটের বিচার বিভাগীয় কমিটি ২৬ এপ্রিল একটি সুরক্ষা বিল অনুমোদন করেছে। রাশিয়া তদন্তের বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারকে যাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরখাস্ত করতে না পারেন, সেটা নিশ্চিত করতেই করা হয়েছে ওই বিল। এতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের সদস্যরা অভাবনীয় ঐকমত্যের ভিত্তিতে অনুমোদন করেন। 

বিলটি উত্থাপন করেন চারজন সিনেটর। এঁদের মধ্যে ডেলওয়ারের ক্রিস কুনস ও নিউজার্সির কোরি বুকার ডেমোক্র্যাট সদস্য। অন্য দুজন থম টিলিস ও লিন্ডসে গ্রাহাম রিপাবলিকান সদস্য। বিলটি আইনে পরিণত হলে মুলারের মতো তদন্তে নিয়োজিত যেকোনো বিশেষ কৌঁসুলিকে প্রেসিডেন্ট অন্যায্যভাবে বরখাস্ত করলে সেই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করার বৈধতা থাকবে।

তবে বিলটি আইনে পরিণত হবে কিনা, সে সম্পর্কে সন্দেহ থেকেই যাচ্ছে। ইতিমধ্যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককোনেল এই বিল কংগ্রেসে উত্থাপন করতে অস্বীকৃতি জানিয়েছেন। হাউসের রিপাবলিকান সদস্যরা এই বিলের ব্যাপারে কোনো উৎসাহ দেখাচ্ছেন না। আর সবচেয়ে বড় কথা হলো, প্রেসিডেন্ট ট্রাম্প এই বিলে স্বাক্ষর করবেন এমনটি রূপকথার গল্পেও ভাবা কষ্টসাধ্য হয়ে পড়বে।

সিনেটের বিচার বিভাগীয় কমিটিতে ১৪-৭ ভোটে বিলটি অনুমোদন করা হয়। এর মধ্যে চারজন রিপাবলিকান সদস্যও বিলটির পক্ষে ভোট দেন। বিলটি আইনে পরিণত হবে কিনা সেটি পরের কথা। বিলটির সিনেট কমিটিতে জয়লাভেই ট্রাম্প মোক্ষম বার্তাটি পেয়ে গেছেন। আর সেটি হলো-মুলারকে বরখাস্ত করা হলে সিনেট ছেড়ে কথা বলবে না। এই বিল অনুমোদনে সিনেটের জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে দীর্ঘ দেনদরবার হয়। যেসব রিপাবলিকান সদস্য বিলটির পক্ষে ভোট দেন, তাঁরা হলেন-বিচার বিভাগীয় সিনেট কমিটির চেয়ারম্যান আইওয়ার চাক গ্র্যাসলি, নর্থ ক্যারোলাইনার থম টিলিস, সাউথ ক্যারোলাইনার লিন্ডসে গ্রাহাম ও অ্যারিজোনার জেফ ফ্লেক। এঁরা এখন ট্রাম্পের চোখ রাঙানি কীভাবে সামলাবেন সেটি দেখার অপেক্ষা।