মুশরাত সুস্থ হতে ৬ মাস লাগতে পারে

নিউইয়র্কের কর্নেল হাসপাতালে চিকিৎসাধীন ১৯ বছর বয়সী মুশরাত হকের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার বাবা মোজাম্মেল হক। এখনো মুশরাত কথা বলতে না পারলেও নিজের অভিব্যক্তি প্রকাশ করতে পারছে। হাত নেড়ে ও ইশারায় সে কথা বলছে বলে জানিয়েছেন মোজাম্মেল হক। মুশরাতের পুরোপুরি সুস্থ হতে আরেও ৫-৬ মাস লেগে যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
গত ২৬ মার্চ হিলসাইড অ্যাভিনিউতে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মুশরাত হক। গাড়ির চাপায় পিষ্ট মুশরাত অলৌকিকভাবে বেঁচে গেলেও হাসপাতালের আইসিইউতে কোমায় কেটেছে পরের কয়েকটি দিন।
এদিকে ৩০ মার্চ মুশরাতের বাবা মোজাম্মেল হককে দেশে ফিরে যাওয়ার জন্য ইমিগ্রেশন পুলিশ (আইস) সদর দপ্তরে শুনানিতে যাওয়ার কথা ছিল। সেদিন মেয়ের অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আদালতে যাননি। পরে আদালত তাঁর মেয়ের অবস্থা বিবেচনা করে মোজাম্মেলকে আরও সময় দেওয়া যায় কিনা, তা জানতে মোজাম্মেলকে আদালতে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে মেয়ের অবস্থা বর্ণনা করলে ইমিগ্রেশন পুলিশ তাঁর ডিপোর্টেশনের মেয়াদ এক বছরের জন্য বাড়িয়ে দেয়।
সর্বশেষ ১১ এপ্রিল এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় মুশরাত হকের বাবা মোজাম্মেল হকের। তিনি জানান, কর্নেলে প্রাথমিক চিকিৎসা শেষ হলে তাকে রিহ্যাবে যেতে হবে। সেখান থেকে আবার ফিরে আসলে সার্জারি হবে। এটা একটা দীর্ঘ মেয়াদি চিকিৎসা। তবে মেয়েটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছে এবং পুরোপুরি সুস্থ হবে বলে আশা করছি।