মুসলমান শরণার্থীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নির্বাহী আদেশে সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলমান শরণার্থীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
গত সোমবার সংস্থাটি তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে অভিযোগ করেছে, কলমের খোঁচায় সিরিয়াসহ সাতটি দেশের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। নিষিদ্ধের তালিকায় অন্য দেশগুলো হলো ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। এই দেশগুলোর মধ্যে দুটি উল্লেখযোগ্য মিল হলো এগুলো মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এবং সেখানকার অনেকে অন্য দেশে আশ্রয়প্রত্যাশী। কেননা, তারা নিজেদের দেশে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের শিকার হচ্ছে। কেবল বিরক্তিকর ও ভয়ংকরই নয়, এই নির্বাহী আদেশ উদ্ভটও বটে।
বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে সেক্রেটারি জেনারেল সালিল শেট্টি বলেন, এটা খুবই হাস্যকর সিদ্ধান্ত। কোনো উপাত্তই প্রমাণ করতে পারেনি যে মুসলমান কিংবা অন্য শরণার্থীরা সন্ত্রাসবাদের ক্ষেত্রে দেশের নাগরিকের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ। শরণার্থী কোনো সন্ত্রাসী বা অপরাধী নয়, বরং নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে আসা মানুষ।
এই নির্বাহী আদেশ ভয়ংকর ও উদ্বেগজনক দলিল। ২ কোটি ১০ লাখের বেশি মানুষ তাদের বসতভিটা ছাড়তে বাধ্য হচ্ছে। বিশ্বের অন্যতম সমৃদ্ধ এবং শক্তিশালী দেশ তাদের পুনর্বাসনে আশা নষ্ট করে মুখ ফিরিয়ে নিচ্ছে।
এতে মুসলমানদের বিরুদ্ধে সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি ঠিকই, কিন্তু এতে মুসলিমবিদ্বেষী মনোভাবই কাজ করেছে। নির্বাহী আদেশে নিষেধাজ্ঞার কিছু ব্যত্যয় রয়েছে। কিন্তু তা ধর্মীয় পরিচয়ের দিক থেকে বৈষম্যমূলক। মুসলমানপ্রধান দেশগুলোর কেবল খ্রিষ্টান সংখ্যালঘুদের জন্য এই ব্যত্যয় রাখা হয়েছে।
এই নির্দেশ ইসলামিক স্টেটের (আইএস) জন্য আশীর্বাদ হবে। তারা আরও নতুন সদস্য সংগ্রহের জন্য এই নির্দেশের সুবিধা নেবে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে যে কজন শরণার্থী আশ্রয় নিয়েছে, তাদের ৭২ ভাই নারী ও শিশু।