মুসলমানদের রক্ষার প্রতিশ্রুতি দিলেন নিউইয়র্কের মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনোতে এক পাকিস্তানি দম্পতির রক্তক্ষয়ী আগ্নেয়াস্ত্র হামলার ঘটনার প্রতিক্রিয়ায় মুসলমানদের বিরুদ্ধে কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে সার্বিকভাবে মুসলমানদের প্রতি বিদ্বেষ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জাতিগত বৈচিত্র্যপূর্ণ মহানগর নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, এখানে যাতে মুসলমানদের প্রতি কোনো সহিংসতা না ঘটে, সে ব্যাপারে তার প্রশাসন ও পুলিশ বিভাগ সতর্ক রয়েছে। কোনো অনভিপ্রেত ঘটনা রোধ করতে নগর প্রশাসন শহরের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, সে জন্য কী করা যায়, তা নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মুসলমানদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র ডি ব্লাজিও। তিনি নিউইয়র্কের বাঙালি-অধ্যুষিত এলাকা জ্যামাইকায় বাংলাদেশিদের পরিচালিত আল-মামুর মসজিদে নামাজের সময় উপস্থিত ছিলেন। নামাজ শেষ হলে উন্মুক্ত এক আলোচনায় অংশ নেন তিনি।
কিস্তি টুপিপরিহিত মেয়র ডি ব্লাজিও বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। আমরা সব ধরনের ঘৃণাই প্রত্যাখ্যান করি। একটি ঘৃণা আরেকটি ঘৃণার জন্ম দেয়। (বিচ্ছিন্ন ঘটনার সূত্রে) সহিংস ঘটনা ঘটতে পারে। আমি জানি, মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধিরা সে রকম ঘটনার আশঙ্কা নিয়ে উদ্বিগ্ন।’
মেয়র দৃঢ়তার সঙ্গে বলেন, ‘(মুসলমান) সম্প্রদায়ের গুটিকতক সদস্য ভুল ও সহিংসতার পথ বেছে নিচ্ছেন। কিন্তু এই গুটিকতক দিয়ে অধিকাংশ মুসলমান সদস্যের দৃষ্টিভঙ্গি বিবেচনা করা ভুল হবে।’
স্যান বার্নার্দিনোর ঘটনার কারণে যুক্তরাষ্ট্রে মুসলমানদের সঙ্গে অন্য সবার দূরত্ব বাড়বে—এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে মেয়র বলেন, ‘আমরা বিভক্ত হব, এমন ধারণা আমি প্রত্যাখ্যান করি।’
মসজিদে উপস্থিত বিপুলসংখ্যক বাংলাদেশি ও অন্যান্য দেশের মুসল্লি মেয়র ডি ব্লাজিওকে উষ্ণতার সঙ্গে বরণ করেন এবং ইতিবাচক বক্তব্যের জন্য তাঁকে ধন্যবাদ জানান।
মেয়রের অফিস থেকে জানা গেছে, স্যান বার্নার্দিনোর হামলার পর মুসলমানদের ওপর প্রতিশোধমূলক হামলার শংকায় সেখানে পুলিশের উপস্থিতি ও নজরদারি বাড়ানো হয়েছে। মুসলমান-অধ্যুষিত এলাকায় পুলিশপ্রহরা মোতায়েন করা হয়েছে। মেয়রের দপ্তর থেকে পাঠানো বিশেষ প্রতিনিধিরা বিভিন্ন মসজিদের ইমামের সঙ্গে কথা বলেন এবং মুসলমান নেতাদের নিরাপত্তার ব্যাপারে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি রিপাবলিকান পার্টি-নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর ও নগর প্রশাসন সিরিয়া থেকে আসা মুসলমান শরণার্থীদের গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন। নিউইয়র্কের মেয়র ডি ব্লাজিও এ ধরনের প্রবণতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। শুক্রবার তাঁর কার্যালয় থেকে এক ঘোষণায় জানানো হয়েছে, ইতিমধ্যে সিরীয় শরণার্থীদের তিনটি পরিবার আশ্রয় পেতে নিউইয়র্কে এসে পৌঁছেছে।