মুসলিম ডে প্যারেড ২২ সেপ্টেম্বর

প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মুসলিম ডে প্যারেড উদ্যাপন করা হবে। বিভিন্ন দেশ থেকে আগত মুসলিম অভিবাসীদের নিয়ে এই মুসলিম ডে প্যারেড পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্যারেডে নিউইয়র্কসহ বিভিন্ন অঞ্চলের মসজিদের ইমামেরা উপস্থিত থাকবেন। ৫ মে নর্দার্ন ব্লুবার্ডের স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। মুসলিম ডে প্যারেড আয়োজক কমিটির প্রেসিডেন্ট মিয়া ফারিজ জানান, ২২ সেপ্টেম্বর রোববার ৩৫তম ডে প্যারেড উদ্যাপন করা হবে। ম্যানহাটনের ৩৮স্টিট অ্যান্ড মেডিসিন অ্যাভিনিউতে এ প্যারেড অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আমেরিকায় বসবাসকারী মুসলিম নারী-পুরুষের সংখ্যা প্রায় ৯০ লাখ। মুসলিমদের অধিকার সংরক্ষণে এ প্যারেড অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই প্যারেডে অংশগ্রহণের জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আইনুল হক বলেন,‘ প্যারেডে এবার ব্যাপক লোক সমাগম হবে বলে আশা করছি। প্যারেডকে যথাযথভাবে সফল করার জন্য মুসলিম কমিউনিটির সবার প্রতি আহ্বান জানান।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশি মুসলিম কমিউনিটির পক্ষে বক্তব্য রাখেন জেবিবিএর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, চট্টগ্রাম সমিতির সভাপতি কাজী আযম, বাংলাদেশ সোসাইটির শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানবিষয়ক সম্পাদক আহসান হাবীব। আরও বক্তব্য রাখেন আয়োজক কমিটির চেয়ারম্যান ফারিজ ফাইয়েজ, ডা. আলাউদ্দিন, সাইদ আকতার ও সাইদ হাসান।