মুসলিম নারীকে বের করে দিলেন ট্রাম্প-সমর্থকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে এক মুসলিম প্রতিবাদকারীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)। ওই নারী প্রতিবাদকারীকে ট্রাম্পের সমাবেশ থেকে গত শুক্রবার বের করে দেওয়া হয়েছিল। খবর বিবিসির।
সিএআইআর বলে, সাউথ ক্যারোলাইনার সমাবেশ থেকে রোজ হামিদের বিতাড়নের ঘটনা ‘আমেরিকান মুসলিমদের জন্য একটি শীতল বার্তা’।
গত শুক্রবার রক হিল শহরে ডোনাল্ড ট্রাম্পের সমাবেশ চলাকালে ট্রাম্পের বিরুদ্ধে সাহস নিয়ে দাঁড়িয়ে নীরব প্রতিবাদ জানান ৫৬ বছর বয়সী বিমানবালা রোজ হামিদ। তাঁর টি-শার্টে লেখা ছিল ‘সালাম, আই কাম ইন পিস’। হিজাব পরা এই নারী দাঁড়ানো মাত্র আশপাশের জনতা ‘ট্রাম্প! ট্রাম্প!’ বলে চেঁচাতে থাকেন। পরে এই নারী প্রতিবাদকারীকে জোর করে সমাবেশ থেকে বের করে দেওয়া হয়।
সিএআইআর বলেছে, ট্রাম্পের উচিত হবে ওই নারীর কাছে ক্ষমা প্রার্থনা করা। পাশাপাশি একটি স্পষ্ট বিবৃতি দেওয়া যে আমেরিকান মুসলিমরা দেশবাসী হিসেবে এবং জাতীয় রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী হিসেবে সাদরে গৃহীত হবেন।
যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়ে ইতিমধ্যে ব্যাপক সমালোচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।