মুসলিম পরিচয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা বৈধতা পেল

অভিবাসনবিরোধী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আগের সব প্রশাসনকে ছাড়িয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ক্ষমতায় বসেই তিনি মুসলিমপ্রধান কয়েকটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন। সম্পূর্ণ নিষিদ্ধ করেন শরণার্থী প্রবেশের বিষয়টি। চরম বৈষম্যমূলক এই নির্বাহী আদেশ নিয়ে বিস্তর আইনি লড়াইয়ের পর সাধারণ মানুষের আশার বেলুনে শেষে সুচটি ফুটিয়ে দিলেন মার্কিন সর্বোচ্চ আদালত। ২৬ জুন ওই নির্বাহী আদেশকে বৈধতা দিয়ে আদতে ট্রাম্পের একচোখা নীতির প্রতিই আইনি সমর্থন দিলেন আদালত।
আদালতের এই সিদ্ধান্তের ফলে অভিবাসীবিরোধী সিদ্ধান্ত গ্রহণে ট্রাম্প এখন আরও বেপরোয়া হয়ে উঠতে পারেন। বেশ কয়েকটি মুসলমান দেশ থেকে আমেরিকায় ভ্রমণ নিষিদ্ধ করার নির্বাহী আদেশ এখন কার্যকর। কিছুদিন আগেও আমেরিকার সমাজে অভিবাসীদের নিয়ে যে সহনশীলতা ছিল, তা আজ উবে গেছে বলা চলে। ভ্রমণ নিষেধাজ্ঞাসহ একের পর এক অভিবাসীবিরোধী পদক্ষেপ আমেরিকাকে অভিবাসীদের জন্য কঠিন এক দেশে পরিণত করেছে। ব্যাপক তল্লাশি ও ধরপাকড় অব্যাহত রয়েছে। সীমান্তে আটক ও পরিবার থেকে বিচ্ছিন্ন অভিবাসী শিশুদের সজল চোখ শুকানোর আগেই দেওয়া আদালতের এই রায় রীতিমতো চমকে দিয়েছে সবাইকে।
ফেডারেল আদালতের বেশ কয়েকটি রায়ে প্রেসিডেন্টের ভ্রমণ নিষেধাজ্ঞাসংক্রান্ত নির্বাহী আদেশ; কার্যত যেটি ঊহ্য ছিল এত দিন, সেটি আবার কার্যকরে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। ২৬ জুন সুপ্রিম কোর্টের আদেশের পর এ নিয়ে মানবাধিকার ও অভিবাসন আন্দোলনকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। নিউইয়র্কের ম্যানহাটনের ফলি স্কয়ার থেকে শুরু হওয়া প্রতিবাদে যোগ দেয় হাজার হাজার মানুষ। ‘নিষেধাজ্ঞা নয়, তল্লাশি নয়, অভিবাসীদের এখানে স্বাগত’-মুখে স্লোগান আর হাতে ব্যানার নিয়ে মানুষ রাস্তায় নেমে আসে। শুধু নিউইয়র্ক নয়, পুরো যুক্তরাষ্ট্রেই আদালতের এই সিদ্ধান্তের প্রতিবাদ হয়েছে। কিন্তু এতটুকুই। কারণ এই রায়ের মাধ্যমে আইনি পন্থায় ভ্রমণ নিষেধাজ্ঞা বন্ধের সব রাস্তা বন্ধ হয়েছে।
রায়ে ট্রাম্পের নির্বাহী আদেশের পক্ষে অবস্থান নিয়েছেন পাঁচজন বিচারপতি। আর বিপক্ষে অবস্থান নিয়েছেন চারজন। পক্ষে অবস্থান নেওয়া বিচারপতিদের মধ্যে প্রধান বিচারপতি জন রবার্টস ছাড়াও রয়েছেন অ্যান্থনি কেনেডি, নেইল গরসাচ, স্যামুয়েল অ্যালিটো ও ক্ল্যারেন্স থমাস। তাঁরা ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্প যা করেছেন, তাকে ‘আইনসম্মত’ বলে রায় দিয়েছেন। এই মতের বিপক্ষে অবস্থান নেওয়া বিচারপতিদের মধ্যে রয়েছেন রুথ ব্যাডার গিনসবার্গ, স্টিফেন ব্রেয়ার, সোনিয়া সতোমেয়ার ও ইলিনা কাগান।
রায়ে সংখ্যাগরিষ্ঠ বিচারকদের পক্ষে প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, প্রেসিডেন্ট হিসেবে অভিবাসী ইস্যুতে জাতীয় নিরাপত্তা প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণের যথেষ্ট এখতিয়ার রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এ বিষয়ে ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশ সংবিধান লঙ্ঘন করেনি বলেও মত দেন তিনি। জন রবার্টস বলেন, ‘এটা ঠিক যে, ডোনাল্ড ট্রাম্পের বহু বক্তব্যে মুসলিম নিষেধাজ্ঞার ইচ্ছা প্রকাশ পেয়েছে। কিন্তু আজ আমাদের সামনে যে বিষয়টি আছে, তার সঙ্গে ওই সব বিবৃতির পুনরোল্লেখের কোনো প্রয়োজন নেই।’ দীর্ঘ রায়ের উপসংহারে তিনি লেখেন, ‘জাতীয় নিরাপত্তা ও নিরপেক্ষতা সব দিক থেকেই আমাদের বিবেচনায় প্রেসিডেন্টের ঘোষণাটি বৈধ। এটি আইনসম্মত।’
এদিকে বিপক্ষে অবস্থান নেওয়া সুপ্রিম কোর্টের অন্যতম বিচারক সোনিয়া সোতোমেয়ারের ‘ভিন্নমত’-এ এই উদ্বেগ স্পষ্ট হয়েছে। তিনি বলেছেন, নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প একাধিকবার মুসলিমদের যুক্তরাষ্ট্রে আগমনের ওপর নিষেধাজ্ঞা দাবি করেন। সেই লোকই এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। নিজের মতামতে তিনি লিখেছেন, ‘এক মুহূর্তের জন্য ব্যাপারটি নিয়ে ভাবুন, তাহলেই এটা কতটা ক্ষতিকর, তা আপনারা বুঝতে পারবেন।’ আদালতের রায়কে তিনি বড় ধরনের ভুল হিসেবে চিহ্নিত করে বলেন, ‘এই রায় দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপানি-আমেরিকানদের অন্তরীণ করার পক্ষে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের (কোরামাতসু আদেশ) সঙ্গে তুলনীয়। সেই রায় এখনো মার্কিন বিচারব্যবস্থায় এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত।’
আদালতের এই রায় অভিবাসন প্রশ্নে ট্রাম্পের কঠোর অবস্থানকেই পাকাপোক্ত করবে। ওয়াশিংটন পোস্ট-এর ডেভিড নাকামুরা লিখেছেন, কংগ্রেসকে এড়িয়ে শুধু নির্বাহী আদেশের মাধ্যমে একের পর এক অভিবাসন-বিরোধী সিদ্ধান্ত গ্রহণে ট্রাম্প এখন আরও বেপরোয়া হয়ে উঠতে পারেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ ডিসেম্বর প্রথমবারের মতো রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধের ঘোষণা দেবেন বলে প্রতিশ্রুতি দেন। ক্যালিফোর্নিয়ার স্যান বার্নাদিনোতে এক মুসলিম সন্ত্রাসীর হামলায় ১৪ জন নিহত হলে এই ঘোষণা দেন তৎকালীন এই প্রেসিডেন্ট প্রার্থী। এরপর ‘বর্ণবাদী ও মুসলিমবিদ্বেষী’ তকমা গায়ে লাগলে ২০১৬ সালের মে মাসে ট্রাম্প জানিয়েছিলেন, ‘ওটা ছিল একটি পরামর্শ’ মাত্র। ২০১৬ সালের নির্বাচন পেরিয়ে ২০১৭ সালে জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণের প্রথম সপ্তাহেই ট্রাম্প মুসলিমপ্রধান সাতটি দেশ থেকে সব ধরনের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এরপর ওই নির্দেশে বিমানবন্দর আর ইমিগ্রেশনে জটিলতা বাড়লে সিয়াটলের একজন ফেডারেল বিচারক নির্বাহী আদেশের কার্যকারিতা স্থগিত করেন। কয়েক মাস পর দ্বিতীয় দফায় আরেকটি নির্বাহী আদেশ দেন, যেখানে গ্রিন কার্ডধারী ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রবেশের বিধান রাখা হয়। এর পর সান ফ্রান্সেসকো আদালতসহ বেশ কয়েকটি আদালত এই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দেন। ২৬ জুনের আদেশ সেই বাধাটিও সরিয়ে নিল। এখন অভিবাসী শিশুদের সঙ্গে অমানবিক আচরণের প্রশ্নে তীব্র সমালোচনার মুখে থাকা ট্রাম্প প্রশাসন যেন প্রাণ ফিরে পেল।
বিশ্লেষকেরা বলছেন, ‘ট্রাম্পের নির্বাহী আদেশটি মুসলিমবিদ্বেষী’-এই সত্য উপেক্ষা করে যে সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিলেন, তা আরও নতুন নতুন বৈষম্যমূলক সিদ্ধান্ত গ্রহণে ট্রাম্পকে উৎসাহী করবে। আদালতই তাঁকে সে দরজা খুলে দিলেন।’
এই রায়ে স্বাভাবিকভাবেই সন্তুষ্ট ডোনাল্ড ট্রাম্প। ২৬ জুন দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, সেটি ঐতিহাসিক। এটি দেশের সংবিধান সমুন্নত রাখার জন্য বড় একটি পদক্ষেপ।’
টাইম ম্যাগাজিন প্রকাশিত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আমাদের সব সাংবিধানিক কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হলো দেশকে নিরাপদ রাখা। এই রায়ের ফলে আমরা এখন আমাদের দেশে কারা আসবে, কারা আসবে না, তা নিয়ন্ত্রণ করতে পারব।’...সেই সঙ্গে আমাদের সীমান্তে দেয়াল নির্মাণ প্রক্রিয়াও অব্যাহত রাখতে হবে। সান ডিয়েগোতে কাজ চলছে। মাত্র ১৬০ কোটি ডলার বরাদ্দ পেয়েছি। আরও বরাদ্দ পাওয়া দরকার, যেন আমরা এটা দ্রুত শেষ করতে পারি।’
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সুপ্রিম কোর্টের বিভক্ত রায় প্রমাণ করে যে, এটা কার্যত একটি দলীয় বিবেচনার রায়। আরও ভয়াবহ বিষয় হচ্ছে এই দলীয় বিবেচনার রায়টি এসেছে এমন একটি বিষয়ে, যা নিয়ে বর্তমান প্রশাসন ও এর আইনপ্রণেতারা কোনো সুনির্দিষ্ট আইনি কাঠামোয় এখনো আসতে পারেননি। এখন পর্যন্ত সমন্বিত কোনো অভিবাসী আইন প্রণয়ন করতে পারেননি আইনপ্রণেতারা। ২৭ জুন রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে ন্যূনতম সমঝোতার একটি অভিবাসন বিল আনা হলেও তা পাস হয়নি। এই যখন বাস্তবতা তখন সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্থনি কেনেডির অবসরের ঘোষণা উদ্বেলিত করে তুলেছে ট্রাম্পকে। তিনি একে সর্বোচ্চ আদালতকে আরও রক্ষণশীল করে তোলার সুযোগ হিসেবে দেখছেন। আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে ক্ষমতায় বসার মাত্র এক বছরের মধ্যেই সুপ্রিম কোর্টের দুই বিচারপতির মনোনয়ন দেওয়ার এমন সুযোগ কোনো প্রেসিডেন্ট পাননি। মার্কিন সুপ্রিম কোর্ট চরম রক্ষণশীল ঘরানায় চলে যাচ্ছেন এবং দেশটির সর্বোচ্চ আদালতের এমন অবস্থান সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে চরম প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে সব কিছুর মধ্যেও আশা থাকেই। আশার ধর্মই এই। সেই আশার বাস মানুষের সম্মিলিত উদ্যোগে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে। ডেসিস রাইজিং অ্যান্ড মুভিংয়ের (ড্রাম) বাংলাদেশি বংশোদ্ভূত অভিবাসন অধিকার সংগঠক কাজী ফৌজিয়ার ভাষায়, ‘উচ্চ আদালতের রায়ে আমাদের করণীয় সীমিত হয়ে এল। তবে প্রতিবাদের বিকল্প নেই। প্রতিবাদের কারণেই সম্প্রতি পরিবার বিচ্ছিন্ন তিন হাজার শিশুকে এক মাসের মধ্যে তাদের মা-বাবার কাছে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন একটি ফেডারেল আদালত। এখন সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আবার আপিলের চেষ্টা চলছে। এই সব পদক্ষেপ অব্যাহত রাখতে হবে। এগুলো থেমে গেলে আরও সুযোগ পাবে বর্তমান প্রশাসন।’
ছবি: রওশনারা নিপা/প্রথম আলো