মুসলিমদের ওপর হামলা ঠেকাতে প্রশিক্ষণ
যুক্তরাষ্ট্রে মুসলিমদের ওপর সম্ভাব্য বিদ্বেষমূলক শারীরিক হামলা ঠেকাতে দেশটিতে আত্মরক্ষামূলক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিউইয়র্কভিত্তিক সহিংসতাবিরোধী নাগরিক সংগঠন ‘সেন্টার ফর অ্যান্টি-ভায়োলেন্স এডুকেশন’ চেহারা ও পোশাক দেখে মুসলিম হসেবে বিবেচিত হন এমন সব নারী-পুরুষের জন্য এই বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মুসলিমবিদ্বেষী ঘটনা বেড়ে যাওয়ার কারণে সংগঠনটি এই উদ্যোগ নিয়েছে।
নিউইয়র্কে সংগঠনটির কেন্দ্রের দপ্তরে ৯ জানুয়ারি আয়োজিত প্রথম কর্মসূচির নেতৃত্ব দেবেন ফিলিস্তিনি শরীরচর্চা প্রশিক্ষক রামি ইব্রাহিম। শুধু নারীদের জন্য আরেকটি প্রশিক্ষণ কর্মশালা বসবে ১৬ জানুয়ারি।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্ত হলে কোনো মুসলিম নারী বা পুরুষ যাতে আত্মরক্ষা করতে পারেন, পাশাপাশি শুধু কথা বলে তাঁরা কোনো তপ্ত অবস্থা যাতে সামাল দিতে পারেন, সেই কৌশল কর্মশালায় শেখানো হবে।
সম্প্রতি নর্থ ডাকোটার গ্র্যান্ডফর্কস এলাকায় সোমালীয় অভিবাসীদের পরিচালিত একটি মসজিদ ও কমিউনিটি সেন্টারে বোমা হামলা হয়। হিউস্টনে একটি মসজিদে আগুন লাগানোর চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।