মুসলিমদের ওপর হামলার ছক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রায়ান কোলানেরি, অ্যান্ড্রু ক্রিসেল ও ভিনসেন্ট ভেট্রোমাইল
ব্রায়ান কোলানেরি, অ্যান্ড্রু ক্রিসেল ও ভিনসেন্ট ভেট্রোমাইল

নিউইয়র্কে একটি মুসলিম কমিউনিটির ওপর হামলার পরিকল্পনার অভিযোগে এক কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিউইয়র্কের উত্তরাঞ্চলের একটি মুসলিম কমিউনিটিতে হামলার পরিকল্পনার কথা হঠাৎ করেই সামনে আসে। একটি হাইস্কুলের লাঞ্চ রুমে হওয়া একটি আলোচনার সূত্র ধরে শুরু হয় তদন্ত, যার মাধ্যমে বেরিয়ে আসে এই ভয়াবহ পরিকল্পনা ও তা বাস্তবায়নের জন্য মজুত করা অস্ত্রশস্ত্র।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রিস ওডিসি একাডেমির ১৬ বছর বয়সী এক শিক্ষার্থী ১৮ জানুয়ারি সহপাঠীদের এক ব্যক্তির ছবি দেখায়। নিউইয়র্কের গ্রিস অঞ্চলের ওই শিক্ষার্থী জানায়, ওই ব্যক্তি একজন সম্ভাব্য বন্দুক হামলাকারী। কিশোরের এই কথা তার সহপাঠীদের সচকিত করে। তারা বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায়। এরপর বিষয়টি স্থানীয় পুলিশের কাছে গেলে, তারা তদন্ত শুরু করে। আর এ তদন্তের সূত্র ধরেই বেরিয়ে আসে ভয়াবহ পরিকল্পনার কথা। ওই শিক্ষার্থী আরও তিনজনের সঙ্গে মিলে নিউইয়র্ক শহরের উত্তর-পশ্চিমে ইসলামবার্গ নামক স্থানের মুসলিম কমিউনিটির ওপর হামলার পরিকল্পনা করেছিল। তারা এ জন্য ২৩টি আগ্নেয়াস্ত্র ও তিনটি ঘরে তৈরি বোমাও মজুত করেছিল। এই পরিকল্পনায় যুক্ত অন্য তিনজন হচ্ছে ভিনসেন্ট ভেট্রোমাইল (১৯), ব্রায়ান কোলানেরি (২০) ও অ্যান্ড্রু ক্রিসেল (১৮)। তারা সবাই রোচেস্টারের বাসিন্দা। তাদের সবার বিষয়ে অবৈধ অস্ত্র রাখা ও হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে ২২ জানুয়ারি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গ্রিসের পুলিশ প্রধান প্যাট্রিক ফেলান বলেন, পরিকল্পনার সঙ্গে যুক্ত চতুর্থ ব্যক্তি প্রাপ্তবয়স্ক নয়। এ কারণে তার নাম গোপন রাখা হচ্ছে।
২৩ জানুয়ারি অভিযুক্ত চারজনকেই পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তের জন্য ১০ লাখ ডলারের জামিন নির্ধারণ করা হয়। আগামী সপ্তাহে তাকে আদালতে হাজির হতে হবে। আর প্রাপ্তবয়স্ক তিনজনকে আদালতে তোলা হবে আগামী মাসে। তাদের প্রত্যেকের জামিন ধরা হয়েছে ৫০ হাজার ডলার নগদ ও ১ লাখ ডলার জামানত। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়নি। তবে মনরো কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সান্দ্রা ডোরলি নিউইয়র্ক টাইমসকে বলেছেন, এ সম্পর্কিত তদন্তের সঙ্গে আইন মন্ত্রণালয় যুক্ত হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হতে পারে।

গ্রিসের পুলিশ প্রধান প্যাট্রিক ফেলান বলেন, এই চারজনের মধ্যে যোগাযোগটি কীভাবে হলো, তা এখনো স্পষ্ট নয়। এই দলের তিন প্রাপ্তবয়স্কই বয় স্কাউট। এর মধ্যে ভেট্রোমাইল ও ক্রিসেল ইগল স্কাউটস। এই প্রাপ্তবয়স্ক তিনজনই আবার রোচেস্টারের মনরো কমিউনিটি কলেজের শিক্ষার্থী। তারা একই সময়ে কলেজটিতে ছিল কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি কলেজটির মুখপাত্র। অভিযুক্ত চারজনই প্রায় এক মাস ধরে এই হামলার পরিকল্পনা করছিল। ভিডিও গেমারদের জন্য তৈরি করা ডিসকর্ড নামের একটি গ্রুপ চ্যাট প্ল্যাটফর্মে তারা যোগাযোগ করে। এই অ্যাপ চরম দক্ষিণপন্থীদের মধ্যে বেশ জনপ্রিয়। গ্রিস একাডেমির শিক্ষার্থীরা সচেতন না হলে এই হামলার পরিকল্পনা সম্পর্কে কিছুই জানা যেত না।

তদন্তের সময় বিভিন্ন স্থান থেকে ২৩টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। এই ২৩টি অস্ত্রের সবগুলোই বৈধ। এ ছাড়া তিনটি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। তবে এই বোমাসদৃশ বস্তুগুলো বিস্ফোরণে সক্ষম কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এগুলো এখন ভার্জিনিয়ার কোয়ান্টিকোর এফবিআই পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, এই চার অভিযুক্ত কেন গ্রিস থেকে তিন ঘণ্টা দূরত্বের ইসলামবার্গে হামলা করতে চেয়েছিল, তা সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

নিউইয়র্ক টাইমস–এর তথ্যমতে, ডেলাওয়ার কাউন্টির প্রত্যন্ত গ্রাম ইসলামবার্গ পাহাড়ঘেরা বনাঞ্চল। এই গ্রামে পাকিস্তানি ধর্মীয় নেতা মুবারক আলী শাহ গিলানির কিছু অনুসারী ১৯৮০-এর দশকে এসে বসত গড়ে। এর আগে এখানে আফ্রিকান-আমেরিকান মুসলমানদের বাস ছিল। এই গ্রামে ‘মুসলিমস অব আমেরিকা’ নামের একটি সংগঠনের মূল কার্যালয় রয়েছে। এলাকাটি শান্তিপূর্ণ হলেও কট্টর ডানপন্থী কিছু গোষ্ঠী মনে করে, এই অঞ্চল সন্ত্রাসী তৈরির কারখানা। সেখানে সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এই ধারণা থেকে গত কয়েক বছরে এলাকাটিতে বেশ কয়েকটি হামলা হয়েছে। তিন বছর আগে ‘বাইকারস ইউনাইটেড অ্যাগেইনস্ট জিহাদ’ নামের একটি সংগঠনের কিছু লোক এই মুসলিম কমিউনিটির বিরুদ্ধে প্রতিবাদী মিছিল নিয়ে যায়। যদিও তারা ছিল সংখ্যায় অনেক কম।

এর আগেও অবশ্য ইসলামবার্গে হামলার পরিকল্পনা হয়েছিল। ২০১৫ সালে টেনিসির এক ব্যক্তিকে একই ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি ইসলামবার্গে হামলার জন্য লোক নিয়োগ করেছিল এবং সেখানকার মসজিদ গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। এ ষড়যন্ত্রের দায়ে ২০১৭ সালে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।