মুসলিমবিদ্বেষী সমর্থকের জন্য নিন্দিত ট্রাম্প
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে বলা হয়েছে, প্রেসিডেন্ট ওবামা মুসলমান এবং মুসলমানেরা যুক্তরাষ্ট্রে সমস্যার কারণ। ধনকুবের ডোনাল্ড ট্রাম্প তাঁর সমর্থকের মুসলিমবিরোধী বক্তব্যের কোনো প্রতিবাদ না করায় সমালোচিত হন।
গত বৃহস্পতিবার নিউহ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন-উত্তর পর্বে এক সমর্থক বলেন, যুক্তরাষ্ট্রে মুসলমানেরা একটি সমস্যা। আর আমাদের প্রেসিডেন্টও এর মধ্যে একজন। সমর্থকটি আরও বলেন, এমনকি প্রেসিডেন্ট ওবামা নিজে একজন আমেরিকানও নন।
ডোনাল্ড ট্রাম্প সমর্থকটিকে নিবৃত না করে বলতে থাকেন, ‘অনেক লোক এমন বলাবলি করছে। আমরা এ রকম আরও অনেক কিছুর ওপর নজর দেব।’
সভা শেষে সাংবাদিকেরা ট্রাম্পকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো জবাব দেননি। পরে তাঁর প্রচারণা ব্যবস্থাপক বলেছেন, ট্রাম্প সমর্থকটির ওই বক্তব্য শুনতে পাননি।
পুরোনো বিতর্ক তুলে ডোনাল্ড ট্রাম্প ওবামার ধর্মবিশ্বাস নিয়েও এর আগে প্রশ্ন তুলেছেন। ওবামা স্পষ্ট করেই বলেছেন, তিনি মুসলমান নন।