মুসলিমবিরোধী ষড়যন্ত্র, তিন মার্কিন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কানসাসের একটি মিলিশিয়া গ্রুপের তিন সদস্যকে স্থানীয় মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে বোমা হামলা চালানোর ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এফবিআই এক ঘোষণায় জানিয়েছে, তিনজনের এই গ্রুপ সোমালিয়া থেকে আসা অভিবাসীদের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আগামী ৯ নভেম্বর, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিন, বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল।

জানা গেছে, শহরের গার্ডেন সিটিতে সোমালীয়দের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পার্কিং এলাকায় বোমাবোঝাই চারটি গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে বড় ধরনের রক্তপাতের পরিকল্পনা করেছিল এরা। এ ছাড়া সোমালি মুসলিমদের ব্যবহৃত মসজিদ ও ব্যবসাকেন্দ্র হামলার পরিকল্পনাও তাদের ছিল।

ভারপ্রাপ্ত ফেডারেল অ্যাটর্নি টম বিল সাংবাদিকদের বলেন, অভিবাসীদের প্রতি গভীর ঘৃণা থেকেই মিলিশিয়া গ্রুপটি এই পরিকল্পনা আঁটে। এফবিআই আট মাস ধরে এই গ্রুপটির কার্যকলাপ অনুসরণ করছিল। একজন ছদ্মবেশী সরকারি এজেন্টকে তারা জানায়, অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের রক্তপাত ছাড়া এই দেশকে ‘ঠিক করা যাবে না’। টম বিল বলেন, ‘আমাদের মধ্যেই যে এমন ষড়যন্ত্রকারী থাকতে পারে, তা অভাবনীয়। তারা শিশুদের পর্যন্ত হত্যার পরিকল্পনা করেছিল।’

তিনি বলেন, ‘এটি আমাদের সবার জন্য ঘুম থেকে জেগে ওঠার একটি ডাক।’