মুসলিম-প্রধান হ্যামট্রমিকে সম্প্রীতি বজায় রয়েছে

প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ কিছুটা বেড়েছে। কোনো কোনো শহরে মসজিদে হামলা বা দেয়ালে লিখনের ঘটনা ঘটেছে। তবে যুক্তরাষ্ট্রের একমাত্র মুসলমান সংখ্যাগরিষ্ঠ শহর হ্যামট্রমিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। মিশিগান অঙ্গরাজ্যের এই শহরের নগর পরিষদ বা সিটি কাউন্সিলের অধিকাংশ সদস্যও মুসলমান।
মুসলিম সংখ্যাধিক্যের কারণে হ্যামট্রমিকে প্যারিস হামলার কী প্রতিক্রিয়া হয়, সে খবর জানতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বাড়তি আগ্রহ ছিল। গত শনিবার ওয়াশিংটন পোস্ট এক বড় সচিত্র প্রতিবেদনে লিখেছে, হ্যামট্রমিকে এখন সাম্প্রদায়িক উত্তেজনা তুঙ্গে। পত্রিকাটির ভাষায়, মুসলমানদের আগমনের ফলে এই শহরের চরিত্র বদলে গেছে। আর তা নিয়ে শহরের আদি পোলিশ বাসিন্দারা উদ্বিগ্ন।
ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে মিশিগানের গভর্নর রিক স্নাইডারের দপ্তর থেকে প্রথম আলোকে বলা হয়, হ্যামট্রমিকে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো অবনতি হয়নি। গভর্নরের মুখপাত্র ডেভিড মারি বলেন, ‘জনসংখ্যাগত পরিবর্তনের ফলে হ্যামট্রমিকের সাংস্কৃতিক চরিত্র বদলাচ্ছে। এই পরিবর্তনের সময় নতুন ও পুরোনোর মধ্যে কিছু উত্তেজনা বাড়তেই পারে।... হ্যামট্রমিক নিজস্ব বৈশিষ্ট্যে উজ্জ্বল। আগামী দিনেও এই বৈশিষ্ট্য নিয়ে সে এগিয়ে যাবে।’
গভর্নর স্নাইডারের পক্ষে মুখপাত্রটি আরও জানান, মিশিগান বরাবরই অভিবাসীদের জন্য দরজা খোলা রেখেছে। হ্যামট্রমিকই এ কথার সবচেয়ে বড় প্রমাণ। পোলিশ ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের অভিবাসী মানুষ এখানে নতুন করে তাদের শিকড় গেড়েছে।
গভর্নর স্নাইডারের কথার প্রতিধ্বনি তুলে শহরের পোলিশ মেয়র ক্যারেন মাজেভস্কি জানান, হ্যামট্রমিকের উদাহরণ তুলে কোনো কোনো পত্রিকা কিছুটা বাড়াবাড়ি করছে। তিনি স্বীকার করেন, ভোরে মসজিদের আজান নিয়ে কোনো কোনো লোক অভিযোগ করেছে, তবে তেমন লোকের সংখ্যা খুবই সামান্য।
২০-৩০ বছর আগেও হ্যামট্রমিকের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল পোল্যান্ড থেকে আসা উদ্বাস্তু। সাম্প্রতিক বছরগুলোতে বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসীর আগমনের পর এই শহরের চরিত্র বহুলাংশে বদলে গেছে। এই পরিবর্তনের স্বীকৃতি হিসেবে গভর্নর রিক স্নাইডার এ মাসের গোড়ার দিকে উত্তর হ্যামট্রমিকের বাঙালি-অধ্যুষিত একটি এলাকায় এসে তাকে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা টাউন’ হিসেবে নামকরণ করে গেছেন।