মুহিন-অবন্তীর গানের মডেল রাজুব ও আয়ালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেলে রাজুব ভৌমিক ও আয়ালা বেলা স্টার্ন

মুহিন-অবন্তী সিঁথির ‘একটু কাছে এসে’ শিরোনামে ডুয়েট গানের মডেল হয়েছেন রাজুব ভৌমিক ও মার্কিন মডেল আয়ালা বেলা স্টার্ন। চলতি সপ্তাহে গানটি মুক্তি পেতে যাচ্ছে।

গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্প্রতি নিউইয়র্কের বিভিন্ন স্থানে সম্পন্ন হয়েছে। গানের মডেলিংয়ে এই প্রথমবারের মতো দেখা যাবে বাংলাদেশি রাজুব ভৌমিক ও মার্কিন মডেল আয়ালা বেলা স্টার্নকে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আলী আফরোজ।

গানের শুটিং শেষে রাজুব ভৌমিক বলেন, ‘করোনার কারণে শুটিংয়ে অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে। তারপরও আমরা সবাই টিম ওয়ার্কের মাধ্যমে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

মডেল আয়ালা বলেন, ‘এটি ছিল আমার কাছে সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা। রাজুবের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই শুটিংয়ের মাধ্যমে বাংলা সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জেনেছি। সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা।’

‘একটু কাছে এসে’ রোমান্টিক দ্বৈত গানটি লিখেছেন রাজুব ভৌমিক আর সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। গানটির সুর করেছেন অনুরূপ আইচ। গানটি প্রকাশ পাবে মিরর এক্সক্লুসিভের ব্যানারে।

মুহিন বলেন, ‘এটা আমাদের প্রথম দ্বৈত গান। ভালো একটা কাজ হয়েছে। লেখা, সুর ও সংগীত পরিচালনায় সুন্দর সমন্বয় হয়েছে। আমারও চেষ্টা করেছি, মনের মাধুরী মিশিয়ে গাইতে।’

অন্যদিকে অবন্তী বলেন, ‘মুহিন আমার প্রিয় শিল্পীদের একজন। তাঁর সঙ্গে দ্বৈত গান গাওয়ার সুযোগ করে দেওয়ায় অনুরূপ আইচ দাদাকে অনেক ধন্যবাদ জানাই।’