মুয়েলারের মৃত্যুর কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কায়লা মুয়েলার
কায়লা মুয়েলার

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক সর্বশেষ মার্কিন জিম্মি সাহায্যকর্মী কায়লা মুয়েলারের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তবে কীভাবে এবং কোন পারিপার্শ্বিক অবস্থায় মুয়েলারের মৃত্যু হয়েছে, তা জানানো হয়নি। খবর রয়টার্স ও বিবিসির।
কায়লা মুয়েলারের প্রতি শ্রদ্ধা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘মার্কিনদের মধ্যে সবচেয়ে ভালো যা রয়েছে, তারই প্রতিনিধিত্ব করতেন তিনি।’
এর আগে আইএস দাবি করেছিল, জর্ডানের বিমান হামলায় মুয়েলার নিহত হয়েছেন। তবে পেন্টাগন বলছে, আইএসই যে তাঁকে হত্যা করেছে, এতে কোনো সন্দেহ নেই। মার্কিন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল জন কারবি বলেন, মুয়েলার ঠিক কীভাবে নিহত হয়েছেন, তা কর্মকর্তারা এখনো জানেন না। তিনি বলেন, ‘এটা ভোলা ঠিক হবে না যে কার হাতে ওই নারী নিহত হয়েছেন এবং কারা শেষ পর্যন্ত এ ঘটনার জন্য দায়ী।’
আইএসের লক্ষ্যবস্তুতে জর্ডানের চালানো বিমান হামলায় মুয়েলার নিহত হয়েছেন বলে আইএসের দাবিটি জর্ডান ইতিমধ্যে অস্বীকার করেছে। কট্টর জঙ্গি সংগঠনটি জর্ডানি পাইলট মোয়াজ আল-কাসাবেকে পুড়িয়ে হত্যা করার পর ৪ ফেব্রুয়ারি থেকে তাদের ওপর বড় পরিসরে বিমান হামলা শুরু করে জর্ডান।
২৬ বছর বয়সী কায়লা মুয়েলার ২০১২ সালে সিরীয় শরণার্থীদের জন্য কাজ করতে প্রথম তুরস্ক-সিরিয়া সীমান্তে যান। ২০১৩ সালে সিরিয়ার আলেপ্পোতে অপহৃত হন তিনি।
মুয়েলারের পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘একমাত্র মেয়েকে হারিয়ে আমাদের হৃদয় ভেঙে গেছে।’
জিম্মি থাকার সময় ২০১৪ সালে বাবা-মাকে পাঠানো এক চিঠিতে কায়লা মুয়েলার তাঁর সঙ্গে ‘শ্রদ্ধা ও সহৃদয়তার’ সঙ্গে আচরণ করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছিলেন। চিঠিতে মুয়েলার উল্লেখ করেন, ‘তোমরা কান্নাজড়িত যেসব চিঠি আমাকে পাঠিয়েছ, সেগুলোর কথা চিন্তা করে আমি কেবল চিঠিই লিখতে পারি। আমি জানি, তোমরা তীব্রভাবে আমাকে ফিরে পেতে চাও। আমি সে জন্য চেষ্টা করছি।’ বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, ‘মুয়েলারকে আমাদের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে। ...যত সময় লাগুক তাঁর জিম্মি হওয়া এবং মৃত্যুর জন্য দায়ী সন্ত্রাসীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনবে যুক্তরাষ্ট্র।’
হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট ব লেন, কায়লা মুয়েলার যেহেতু আইএসের হাতে জিম্মি ছিলেন, সেহেতু আইএসই তাঁর মৃত্যুর জন্য দায়ী। কারণ, আইএসের ওপরই তাঁর নিরাপত্তা এবং ভালোমন্দের দায়ভার বর্তায়।
আইএসের হাতে আটকের পর নিহত চতুর্থ মার্কিন কায়লা মুয়েলার। এর আগে সাংবাদিক জেমস ফলি, স্টিভেন সটলফ এবং সাহায্যকর্মী পিটার কাসিগকে গলা কেটে হত্যা করে সংগঠনটি।