মূল চেতনা থেকে সরে আসছে আমেরিকা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলমান ছয়টি দেশ থেকে আমেরিকায় প্রবেশের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা আংশিক কার্যকর হয়েছে। গত ২৯ জুন থেকে কার্যকর হওয়া এ নির্বাহী আদেশে আমেরিকার অভিবাসী মহলের মধ্যে অসন্তোষ আরও বেড়েছে। বিতর্কিত এ সিদ্ধান্ত নিয়ে অভিবাসনের দেশ আমেরিকার মূল চেতনা থেকে সরে আসছে, এমন মনে করা হচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারে অভিবাসন নিয়ে কড়া কড়া সব কথা বলেছিলেন। মেক্সিকো বা দক্ষিণ আমেরিকার অভিবাসীদের নিয়ে তাঁর ভিন্ন বক্তব্য থাকলেও একসময় বলেছিলেন, মুসলমানদের আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হবে না। ইতিমধ্যে যেসব মুসলমান যুক্তরাষ্ট্রে রয়েছেন তাঁদের এ দেশ থেকে বের করে দেওয়া হবে। তাঁর এ ধরনের প্রচার, প্রতিশ্রুতি আমেরিকায় ও বহির্বিশ্বে, এমনকি তাঁর দলের ভেতরের তীব্র সমালোচনার মুখে পড়েন।
চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করেই প্রথমে সাতটি, পরে ছয়টি মুসলিম দেশের নাগরিকদের, এমনকি শরণার্থীদের আমেরিকায় প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশ প্রদান করেন।
আদেশ জারি হওয়ার পরপরই ইরাক, ইরান, সিরিয়া, সোমালিয়া, ইয়েমেন, লিবিয়া, সুদানের নাগরিকদের আমেরিকায় প্রবেশের সুযোগ বন্ধ হয়ে যায়। এমনকি এসব দেশের আমেরিকায় বৈধভাবে বসবাসকারীদের বিমানবন্দরে আটকে ফেলা হয়। এমনকি হার্ট সমস্যায় আক্রান্ত আমেরিকাগামী একটি ইরানি শিশুর পরিবারকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়।
এ পরিস্থিতিতে নির্বাহী আদেশের বৈধতা আদালতে ওঠে। ওয়াশিংটনের ফেডারেল জর্জ এক সপ্তাহের মধ্যে এ আদেশ স্থগিত করেন। সানফ্যানসিসকো-ভিত্তিক আপিল আদালত স্থগিতাদেশ বাতিল করার আবেদন প্রত্যাখ্যান করেন, যা ট্রাম্প প্রশাসনের জন্য চরম আঘাত হিসেবে বিবেচিত হয়।
বিষয়টি সুপ্রিম কোর্টে না নিয়ে সরকার আইনজীবীদের শরণাপন্ন হয়। আগের আদেশ পরিবর্তন ও সংশোধন ট্রাম্প নতুন আদেশে স্বাক্ষর করেন। এ আদেশে বৈধ অভিবাসী ও ভিসাধারীদের আমেরিকায় প্রবেশের নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়। সিরিয়ার শরণার্থীদের অনির্দিষ্টকালের জন্য আমেরিকায় প্রবেশের বাধাও দূর করা হয়। আদেশটি যে মুসলিমদের টার্গেট করেই করা হয়নি, তেমন পরিবর্তনও আনা হয়। ভাষা ও কিছু শব্দ বাদ দিয়ে সেগুলোকে আরও গ্রহণযোগ্য ও মানবিক করা হয়।
ফোর্থ ও নাইথ সার্কিটস নিম্ন আদালতের রুলিং অব্যাহত রাখেন। যদিও আপিল আদালত ভিন্নতার কারণ খুঁজে পান। প্রশাসন সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়। জুনের প্রথমভাগে ট্রাম্প নিষেধাজ্ঞা পুনঃপরীক্ষা ও পরিমার্জন করেন। ট্রাম্প স্বাক্ষর করার পাঁচ মাস পর সুপ্রিম কোর্ট আদেশটির অংশবিশেষকে কার্যকর করার আদেশ দেন। ২৯ জুলাই সুপ্রিম কোর্টের আদেশটি কার্যকর হয়, যা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বিজয়। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘সুপ্রিম কোর্টের সর্বসম্মত সিদ্ধান্ত আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সুস্পষ্ট বিজয়। তিনি বলেন, ‘আমি তাদের আমাদের দেশে আসার অনুমতি দিতে পারি না, যারা আমাদের ক্ষতি করে।’
সুপ্রিম কোর্টের রায়ে আমেরিকায় আত্মীয়স্বজন রয়েছে, এমন শরণার্থী ও ভ্রমণকারীরা আমেরিকাতে আসার যোগ্য বলে বিবেচিত হবেন। আংশিক কার্যকর হওয়া নির্বাহী আদেশের ফলে আদেশে বর্ণিত দেশের বাসিন্দারা তাদের স্বামী-স্ত্রী, বাগদত্তা-বান্ধবী-বন্ধু, পিতা-মাতা, সন্তান, ভাইবোন, সৎভাইবোন, ছেলের স্ত্রী বা মেয়ের স্বামীর সঙ্গে দেখা করতে আমেরিকায় আসতে পারবেন। তবে কাজিন, দাদা-দাদি, নানা-নানি, নাতি-নাতনি, চাচা-চাচি, মামা-মামি, ভাইজি-ভাগনি, ভাতিজা-ভাতিজি, ভাই এবং ভাইয়ের স্ত্রীর সঙ্গে দেখা করতে আমেরিকায় আসার সুযোগ পাবেন না।