মূলধারার রাজনীতিতে স্বাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণিকুল সাধারণত সমগোত্রীয় সদস্যদের সঙ্গে জোটবদ্ধভাবে চলাফেরা করে। টিভি চ্যানেলের কল্যাণে বিষয়টি সবারই প্রায় জানা। একটা হায়েনাকে কখনোই বাঘ, শিয়াল বা সিংহের পালে চলতে দেখা যায় না। বাঘকে বাঘের সঙ্গে এবং শিয়ালকে অন্য শিয়ালের সঙ্গে জোট বেঁধে চলতে দেখা যায়। এমনকি পুঁটিসহ আরও অনেক ছোট মাছও ঝাঁক বেঁধে চলে। এটাই প্রাণীর বৈশিষ্ট্য।
সমগোত্রীয় প্রাণীরা কেন জোট বেঁধে চলে? পরিবেশ বিজ্ঞানের মতে, এর মূল কারণ নিরাপত্তা। একটা জেব্রা দল বা জোটনিরপেক্ষ হয়ে হায়েনা বা বাঘের পালে ঢুকে পড়লে তার পরিণতি কী হবে, সেটা সহজেই অনুমেয়। যেমন বাঘ যতই শক্তিশালী এবং সিংহকে যতই বনের রাজা বলা হোক না কেন, একাকী চলতে গেলে তারাও হায়েনার আক্রমণের শিকার হয়। যে কারণে আসলে কোনো প্রাণীর পক্ষেই দল বা গোত্রনিরপেক্ষ হওয়ার সুযোগ নেই।
কিন্তু মানুষের ক্ষেত্রে দলানুগ হওয়ার প্রকৃতিটা একটু ভিন্ন। সে স্বগোত্রীয় খুঁজতে খুঁজতে নিজেকে বৃহত্তর মানবসমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ভিন্ন পরিবেশেও সে ‘নিজের লোক’-এর খোঁজে ব্যস্ত থাকে। অভিবাসীজীবনে হয়তো আশ্রয় ও নিরাপত্তার জন্যই এমন আচরণ, যদিও তা তাদের অনেকটাই আত্মকেন্দ্রিক করে তোলে।
কিন্তু এর ব্যতিক্রমও আছে। সংখ্যায় কম হলেও কিছু মানুষ নিজের প্রজ্ঞা দিয়ে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে বৈশ্বিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠেন। এমন তিনজন মানুষ হলেন নিউইয়র্ক সিটির তৈয়েবুর রহমান ও হেলাল শেখ এবং মিশিগানের হ্যামট্র্যামিকের মোহাম্মদ হাসান। বিষয়টির অবতারণা এ জন্য যে যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েও প্রবাসী বাংলাদেশিদের বেশির ভাগই বাংলাদেশের রাজনীতি এবং নিজ জেলা অথবা পাড়া-মহল্লার সভা-সমিতি নিয়ে ব্যস্ত থাকেন। এসব নিয়ে ব্যস্ত থাকাটা দোষের কিছু নয়। কিন্তু যে বৃহত্তর সমাজে তাঁরা বা তাঁদের পরবর্তী প্রজন্ম অঙ্গীভূত হবে, সেখানকার মূল ধারার সঙ্গে যুক্ত হওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রবাসী বাঙালিদের কেউ কেউ যুক্তরাষ্ট্রের স্থানীয় রাজনীতিতে সাফল্য পেতে শুরু করেছেন। হ্যামট্র্যামিক সিটিতে মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মোহাম্মদ হাসান জয়ী হওয়ার সম্ভাবনা তৈরি করেছেন। নিউইয়র্ক সিটিতে একই দল থেকে কাউন্সিলর পদে প্রাথমিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৈয়েবুর রহমান ও হেলাল শেখ। দুজনই জয়ের ব্যাপারে আশাবাদী। ভারত বা চীনের অভিবাসীরা অনেক আগেই মার্কিন রাজনীতিতে উচ্চ পদে আসীন হয়েছেন।
বর্তমানে ব্রিটেনের হাউস অব কমন্সে ৫১ জন সদস্য আছেন, যাঁরা নৃতাত্ত্বিকভাবে ব্রিটিশ নন। এ তালিকায় বাংলাদেশের টিউলিপ সিদ্দিক, রূপা হক, রুশনারা আলীও আছেন। এ ছাড়া ব্রিটেনে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানেও আরও বেশ কয়েকজন নির্বাচিত বাঙালি প্রতিনিধি আছেন। সুতরাং ব্রিটেনের মূলধারার রাজনীতিতে বাঙালিরা নেতৃত্ব দেওয়ার জায়গায় যেতে পারলে যুক্তরাষ্ট্রে না পারার কোনো কারণ নেই।