
আমেরিকার মূলধারার সংস্কৃতির সঙ্গে দক্ষিণ এশীয় সংস্কৃতির সেতুবন্ধ তৈরি হলো ফ্লোরিডায়। ১২ মে ফ্লোরিডার ব্রায়ারউড কাউন্টির প্রেমব্রোক পাইন সিটি সেন্টারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান—এই তিন দেশের সমন্বয়ে গঠিত কমিটির এটাই প্রথম উদ্যোগ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র ওয়েন মেসাম। অনুষ্ঠানে তিনজনকে কমিটি অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাঁরা হলেন বাংলাদেশের সালাউদ্দীন আহমেদ, ভারতের পীযূষ আগারওয়াল ও পাকিস্তানের খালিদ মির্জা। সাউথ এশিয়ান কালচারাল ফেস্টিভ্যালের উদ্দেশ্য কমিউনিটিকে ভালোবাসা, ঐক্য ও নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর আগামী প্রতিষ্ঠার লক্ষ্যে মূলধারায় নেতৃত্ব দেওয়া।
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পোশাক, অলংকার, খাদ্যসহ অন্যান্য সামগ্রীর স্টল বসে। অনুষ্ঠানে বাংলা সংস্কৃতি প্রসারের জন্য কারিগর প্রডাকশনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া ফেস্টিভ্যালের সভাপতি ফারুক সরকারকেও বিশেষ সম্মান দেওয়া হয়। সাউথ এশিয়ান ফেস্টিভ্যালে কর্মকর্তারা ছিলেন বাংলাদেশের পক্ষে চেয়ারম্যান আতিকুর রহমান, সভাপতি ফারুক সরকার, পরিচালক ওসমান চৌধুরী, ইস্কান্দার হায়দার, হাফিজুর রহমান, ভারতের পক্ষে সাতবীর সিং, বিশাল পাটেল, বাসান্ত মাদানী এবং পাকিস্তানের পক্ষে ইমতিয়াজ আহমেদ, মোশারাফ আহমেদ।
অনুষ্ঠানে ধন্যবাদ জানানো হয় আর কে প্রিন্স, আওলাদ হোসেন, বৈশাখী মেলা দল, তিতম মল্লিক ও রুমি আওলাদকে। অনুষ্ঠান পরিচালনা করেন আরশী আওলাদ ও দেবজ্যোতি। তিন দেশের শিল্পীদের পরিবেশিত নৃত্য ও গান অনুষ্ঠান আকর্ষণীয় করে তোলে। বাংলাদেশের শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন পাপ্পু রহমান, তানিয়া খান, রোজিনা করিম, সানি, মাহবুবা সোমা, আশরাফুল বারী ও জুলফিকার আহমেদ। পাকিস্তানি শিল্পীদের মধ্যে নায়লা খালিদ, ভারতীয় শিল্পী প্রিয়া ইসলামসহ ভারতের তিনটি নৃত্যদল অংশ নেয়। নৃত্য পরিবেশন করেন সাভিত্রা, দেবযানী ও তাজরী। আরশী আমতারের পরিচালনায় ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত দলীয় নৃত্য দর্শক প্রশংসা কুড়ায়। এ ছাড়া কারিগর প্রোডাকশন ও ডায়না ড্যান্সারের পরিবেশনা দর্শকদের মাতিয়ে রাখে। অনুষ্ঠানে কমিউনিটিতে অবদানের জন্য চিত্রা সুলতানা, আবু ওয়াহেদ মাহফুজ, দিনাজ খান, নওশাদ চৌধুরীকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। সব ভুলত্রুটির ঊর্ধ্বে থেকে অনুষ্ঠানটিকে আমেরিকাপ্রবাসী বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মানুষের মধ্যে সেতুবন্ধ ও সরাসরি আমেরিকার মূলধারার সংস্কৃতির সঙ্গে দক্ষিণ এশিয়ার সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন বলে অতিথিরা উল্লেখ করেন।