মূল্যবোধের চর্চা সাংবিধানিক অধিকার: মুজিব
বাংলাদেশি কমিউনিটির নেতা ও মূলধারার রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় সংগঠক x নিউইয়র্কের ডিস্ট্রিক্ট ২৪ থেকে সিটি কাউন্সিলের বিশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২ ফেব্রুয়ারি। কাউন্সিলম্যান রোরি ল্যান্সম্যানের পদত্যাগের পর এই পদ খালি হয়। সম্প্রতি নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দেওয়া এক বক্তব্যে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চাকে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন মুজিব রহমান। তিনি বলেন, ‘পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চার বিষয়টি যুক্তরাষ্ট্রের সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত। তাই যারা এর বিরুদ্ধ অবস্থানে রয়েছেন, তাদের সঙ্গে দ্বিমত পোষণের স্বাধীনতা বাকিদের রয়েছে। কমিউনিটির নেতৃস্থানীয় ও ধর্মীয় নেতাদের দায়িত্ব হচ্ছে স্বাভাবিক পারিবারিক জীবনযাপনে ধর্মীয় মূল্যবোধে একনিষ্ঠদের সমর্থন করা।’
মুজিব রহমান বলেন, ‘শুধুমাত্র ভোটের রাজনীতিতে জেতার আশায় আমাদের পবিত্র ধর্মকে জলাঞ্জলি দিয়ে এবং স্বাভাবিক পারিবারিক জীবনযাপনের প্রথাকে বিসর্জন দেওয়া কতটা সমীচীন, তা ভেবে দেখার সময় এসেছে। ডেমোক্র্যাট বা রিপাবলিকান রাজনীতি করতে হলে এসবের কোনো কিছুই বিসর্জন দেওয়ার প্রয়োজন নেই।’
মুজিব রহমান ২০১৩ সালের নির্বাচনে রোরির সঙ্গে নির্বাচনে লড়েছিলেন। এবার বাংলাদেশি অন্য প্রার্থীদের কেউই তখন তাঁকে সমর্থন দেননি। বরং কেউ কেউ মুজিবের বিরুদ্ধে অবস্থান নিয়ে রোরির পক্ষে কাজ করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে মুজিব বলেন, প্রকৃত বাংলাদেশি একজনকে সিটি কাউন্সিলে পাঠানো কমিউনিটির দায়িত্ব। তাই ২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটে প্রথমে তাঁকে চিহ্নিত করে পরে অন্য প্রার্থীদের পছন্দ করার আহ্বান জানান তিনি। ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত আগাম ভোটে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়ে মুজিব বলেন, স্বাস্থ্যবিধি মানার তাগিদে সবার উচিত আগাম ভোটে অংশ নেওয়া।