মৃত্যুবার্ষিকীতে জাহানারা ইমামকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ
২৭তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ।
গত ২৭ জুন বেলা ১১টায় জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টার।
সংগঠনের সভাপতি ফাহিম রেজা নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজি মুকুল, সংগঠনের নিউইয়র্ক চ্যাপ্টারের উপদেষ্টামণ্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুন নবী ও শহীদ জননী জাহানারা ইমামের সন্তান সাইফ ইমাম জামী।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ৩০ বছর আগে যে আন্দোলন শুরু হয়েছিল ১০১ জনকে নিয়ে, সেই আন্দোলনের সদস্য সংখ্যা আজ এক লাখ ছাড়িয়ে গেছে। যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্দোলনের এই পথ মসৃণ ছিল না। তৎকালীন খালেদা জিয়া সরকার শারীরিকভাবে অসুস্থ জাহানারা ইমামসহ আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছিলেন। কারাগারে যেতে হয়েছিল। পরবর্তীতে জাহানারা ইমামের মৃত্যুর পর, এই আন্দোলনে এক বিরাট শূন্যতা তৈরি হয়েছিল। এত বড় দায়িত্ব কারও একার পক্ষে বহন করা সম্ভব ছিল না, তাই আমরা এই আন্দোলনকে সামনে এগিয়ে নিতে যৌথ নেতৃত্ব তৈরি করেছিলাম। যদিও শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে আমরা সম্পূর্ণভাবে ফিরে যেতে পারিনি। ধর্মীয় রাজনীতিকে নিষিদ্ধ করে বঙ্গবন্ধুর দেওয়া ৭২-এর সংবিধানে ফিরে যেতে পারলেই আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব।
নুরুন নবী নিজের লেখা বই ‘জাহানারা ইমামের শেষ দিনগুলি’ থেকে শহীদ জননীর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, জাহানারা খালাম্মাকে যখন শেষবারের মতো মিশিগানের এক হাসপাতালে দেখতে যাই, তিনি কাগজে লিখে দেশের কথা জিজ্ঞেস করলেন, আন্দোলনের কথা জানতে চাইলেন। মৃত্যুর পরে তাঁর অবর্তমানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির আন্দোলন দেশবাসীর ওপর অর্পণ করার কথা জানালেন শহীদ জননী।
শহীদ জননী জাহানারা ইমামের সন্তান যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইফ ইমাম জামী বলেন, ‘‘আমি যখন আম্মাকে জিজ্ঞেস করেছিলাম, তোমার এই অসুস্থ শরীর নিয়ে আর কত করবে? তখন আম্মা আমাকে বললেন, ‘গোলাম আজমকে জামায়েতের আমির করা হয়েছে, এইটা নিয়ে আমি বেঁচে থাকতে পারি না, এর প্রতিবাদ আমাকে করতেই হবে।’ তিনি অসুস্থ শরীর নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে ছুটে গিয়েছিলেন।’’
সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, শহীদ জননীর লেখা ‘একাত্তরের দিনগুলি’ বইয়ের উল্লেখযোগ্য অংশ নবম ও দশম শ্রেণিতে সংযুক্ত করা হয়েছে এবং তিনি যখন পড়ান তখন খুব আবেগাপ্লুত হন। কারণ শহীদ জননীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ছিল।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের কারণেই তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি যে একজন শুদ্ধাচার মানুষ ছিলেন, তা তিনি রেখে গেছেন আমাদের মধ্যে।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজি মুকুল বলেন, শহীদ জননী মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন দুটি কারণে। এর একটি হলো বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যেতে বসেছিল, ঠিক সেই সময় তিনি মানুষের মনে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে পেরেছিলেন। আর অন্যটি হলো তাঁর ‘একাত্তরের দিনগুলি’ বইটি লেখার জন্য। বাংলাদেশের আমজনতাকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে শহীদ জননীকে নিয়ে আরও স্মৃতিচারণ করেন জিনাত নবী। শহীদ জননীকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন শহীদের সন্তান কবি হাসান আল আবদুল্লাহ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, প্রবাসে নির্মূল কমিটির আন্দোলনের পুরোধা প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও ফরাসৎ আলী, প্রজন্ম একাত্তরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য তৌহিদ রেজা নুর, সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, সাংবাদিক শীতাংশু গুহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধুরী, সহসভাপতি নাজনীন সিমন, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ রায়, যুক্তরাজ্য থেকে সংযুক্ত মুকিস মনসুর ও গবেষক শফিক আহমেদ।
সভায় আরও সংযুক্ত ছিলেন সংগঠনের উপদেষ্টা অর্থনীতিবিদ সফিকুল ইসলাম ও সাংবাদিক ফজলুর রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন প্রমুখ।
শেষে সংগঠনের সভাপতি ফাহিম রেজা নূর বলেন, শহীদ জননী যে মশাল জ্বালিয়েছিলেন সেই মশাল আমরা আজও বহন করে চলেছি। ধৈর্য হারা না হয়ে আমাদের পথ চলতে হবে এবং শেখ হাসিনার নেতৃত্ব যে পথ দেখাচ্ছে সেই পথ ধরেই নতুন প্রজন্ম বাংলাদেশকে অসাম্প্রদায়িক করতে পারব বলেই আমার বিশ্বাস।