মৃত্যুর ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সব অঞ্চল সমানভাবে বেড়ে ওঠেনি। কোথাও সম্পদ কম, কোথাও বেশি। এই সম্পদের কার্যকর ব্যবহারের বিচারেও রয়েছে ভিন্নতা। আবার কোথাও সম্পদ ও মানুষের অনুপাতে রয়েছে বিস্তর পার্থক্য। ফলে কোথাও অভাব সত্য হয়ে দাঁড়ায়, আবার কোথাও মানুষের জীবনমান বাকি বিশ্বকে প্রতিনিয়ত বিস্মিত করে চলে। আর্থিক সচ্ছলতা, নিরাপত্তা, স্থিতিশীলতা, মানুষের মর্যাদা ও জীবনমান বিচারে বিশ্বের দেশগুলো উন্নত, উন্নয়নশীল, অনুন্নত ইত্যাদি নানা অভিধায় বিভক্ত।
উন্নত জীবনের প্রত্যাশায় মানুষের স্থান বদল কোনো নতুন বিষয় নয়। মানুষের ইতিহাসমাত্রই অভিবাসনের ইতিহাস। উন্নত ও নিরাপদ জীবনের আকাঙ্ক্ষাই মানুষকে চালিত করেছে সব সময়। আজও এই আকাঙ্ক্ষাই মানুষকে দেশান্তরে উদ্বুদ্ধ করছে। বাংলাদেশ থেকেও বহু মানুষ প্রতিনিয়ত পাড়ি জমাচ্ছে বিশ্বের নানা দেশে। এ ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে আমেরিকার প্রতি বাড়তি আগ্রহ থাকাটাই স্বাভাবিক।
সচ্ছল ও উন্নত জীবনের আশায় প্রতিবছর বহু বাংলাদেশি আমেরিকায় পাড়ি জমায়। এতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হয় তখনই, যখন এই পাড়ি জমানোটা সোজা পথে হয় না। কারণ এই বাঁকা পথের পুরোটাজুড়েই থাকে নানা ধরনের ঝুঁকি। গত কয়েক বছরে আমেরিকায় অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের মধ্যে এ ধরনের ঝুঁকি গ্রহণের প্রবণতা অনেক বেড়ে গেছে। শুধু গত ১ অক্টোবরই আমেরিকার দক্ষিণ সীমান্ত থেকে ৭৫ জন বাংলাদেশিকে আটক করে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী। সর্বশেষ ১৯ নভেম্বর লারেডো দক্ষিণ সীমান্ত থেকে আটক করা হয় চার বাংলাদেশিকে। তারা রিও গ্র্যান্ডে নদী সাঁতরে আমেরিকায় প্রবেশের চেষ্টা করছিল। এর মধ্যে দুজন সাঁতার না জানার কারণে নদীতে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। ঠিক সময়ে টহল বাহিনী না এলে তারা হয়তো ডুবেই যেত।
এভাবে মৃত্যুর ঝুঁকি নিয়ে আমেরিকায় প্রবেশের চেষ্টা করা বাংলাদেশিদের সংখ্যা রীতিমতো পিলে চমকে দেওয়ার মতো। গত অর্থবছরেই যেমন দক্ষিণ সীমান্ত থেকে আটক হয়েছে ৬৫০ জন বাংলাদেশি। বাংলাদেশে দালালদের মাধ্যমে তারা আন্তর্জাতিক মানব পাচার চক্রের মাধ্যমে আমেরিকায় প্রবেশের চেষ্টা করে। কিন্তু বাস্তবতা হচ্ছে ২০–৩০ লাখ টাকা ব্যয় করে আসলে তারা আমেরিকা যাওয়ার নামে কিনছে মৃত্যুঝুঁকি। এরই মধ্যে কয়েকজন বাংলাদেশি তরুণের এই করুণ পরিণতি হয়েছেও।
মানুষের অভিবাসনের ইতিহাস অনেক এগিয়েছে। বিশ্বগ্রামে অভিবাসনপ্রক্রিয়া কোনো কোনো ক্ষেত্রে জটিল হলেও অনিরাপদ নয়। অভিবাসনপ্রত্যাশী মানুষ ও গন্তব্য দেশের নিরাপত্তায় নানা ব্যবস্থা বিশ্বব্যাপী অনুসৃত। কিন্তু এসব পাশ কাটিয়ে দালালের আশ্বাসে চোরাপথে অভিবাসী হতে গেলে মৃত্যুই চোখ রাঙায়। বাংলাদেশের অনেক তরুণ এই বাস্তবতা প্রত্যক্ষ করেছে। বারবার দালালদের তৎপরতা রুখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হলেও প্রশাসন নড়েনি। এদিকে আমেরিকায় দক্ষিণ সীমান্তে আটক বাংলাদেশিদের সংখ্যা বেড়েই চলেছে, যা বাংলাদেশের ভাবমূর্তির জন্যও ভীষণ ক্ষতিকর। এই অবস্থায় প্রশাসনের সক্রিয় উদ্যোগ গ্রহণ খুবই জরুরি। এই উদ্যোগ হতে হবে মানব পাচার চক্র নির্মূল ও এ–সম্পর্কিত সচেতনতা তৈরি—দুই পথেই।