মেক্সিকো সীমান্তে ভিড়
ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে প্রবেশের জন্য মেক্সিকো সীমান্তপথে অনেকে চেষ্টা চালাচ্ছেন। বৈরী মরুভূমি এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর উড়ন্ত যান বা ড্রোন, বিষধর সাপ ও মানব পাচারকারীদের মতো বিপদ উপেক্ষা করে সেখানে জড়ো হচ্ছেন তাঁরা।
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের হুমকি দিয়েছেন। তা বাস্তবায়িত হলে মেক্সিকোর অভিবাসীদের জন্য প্রতিবেশী ধনী দেশটিতে স্থলপথে অবৈধভাবে প্রবেশের পথ একেবারে বন্ধ হয়ে যেতে পারে।
বুধবার মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছাকাছি কাবোরকা শহরে হন্ডুরাসের একদল মানুষ অপেক্ষা করছিলেন। তাঁদের মতো আরও অনেক বিদেশিই ওই পথে যুক্তরাষ্ট্রে ঢুকতে চাইছেন। মেক্সিকোর কর্তৃপক্ষ এ রকম কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করেছে। তাঁদের অনেকের কাছেই ভ্রমণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নেই। পরিস্থিতি মোকাবিলায় মেক্সিকোর উত্তরাঞ্চলীয় কয়েকটি রাজ্যের গভর্নরেরা নিরাপত্তা জোরদার করেছেন।